০৬:৫০ পি.এম
জার্মানি যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেছে যে, এটি ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে গুরুত্বপূর্ণ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল বলেছেন, তিনি আশাবাদী যে ইউক্রেনের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে।
শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়াডেফুল এ কথা জানান। আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় আরো কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ওয়াডেফুল জানান, যুক্তরাষ্ট্রের ইউক্রেনের সঙ্গে আলোচনায় সক্রিয় ভূমিকা পালনে ইচ্ছুক থাকার ব্যাপারে তিনি আস্থা রাখছেন।
আরও পড়ুন: প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান মারা গেছেন
জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ) ওয়াডেফুলের বরাত দিয়ে জানিয়েছে, ইউরোপীয় দেশগুলোর সমন্বিত উদ্যোগ ইউক্রেন ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, চলতি বছরের প্রথমার্ধে ই৩ কাঠামোর আওতায় ইউরোপীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল।
ই৩ বলতে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের সমন্বিত কূটনৈতিক উদ্যোগকে বোঝানো হয়। তিনি জানান, ইউক্রেন ইস্যুতে এই তিন দেশ কাজ করে যাবে।
ওয়াডেফুল বলেন, আমাদের প্রচলিত ধারার বাইরের পন্থা অবলম্বন করতে হবে। আলোচনা শুরু করার জন্য সম্ভাব্য সব পথ চেষ্টা করার প্রয়োজন। তবে, এই মুহূর্তে মস্কো তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে।
প্রতিরক্ষা সহযোগিতা ও আসন্ন শীত মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা করার জন্য শনিবার কিয়েভে পৌঁছান ওয়াডেফুল। তার এই সফর আসে ইউক্রেনের স্বাধীনতার ৩৫তম বার্ষিকী উপলক্ষে। আগামী ২৪ আগস্ট ইউক্রেন স্বাধীনতা দিবস পালন করবে।
আরও পড়ুন: আইআইটি থেকে ডিজিটাল স্বাস্থ্যসেবায় ভারত-ইউএনডিপির সাত দশক
জার্মানির ফেডারেল ফরেন অফিস জানিয়েছে, সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইউক্রেনকে আসন্ন শীত মোকাবিলায় সহায়তা করা। এই সহায়তার অংশ হিসেবে জেনারেটর ও অন্যান্য জ্বালানি সরঞ্জাম সরবরাহ, দেশটির জ্বালানি খাতে সহায়তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হতে চলেছে।
জার্মানি ইউক্রেনকে একটি ‘গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার’ হিসেবে মনে করে এবং বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে, হাইব্রিড হুমকি, আধুনিক যুদ্ধ এবং রাষ্ট্র ও সামাজিক কাঠামোর স্থিতিস্থাপকতা মোকাবিলায় ইউক্রেনের অভিজ্ঞতা থেকে জার্মানি শিক্ষা নিতে পারে। সূত্র: আনাদোলু এজেন্সি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন