০৬:৫৩ পি.এম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার (২২ আগষ্ট) দুপুরে বসিলায় ফিরোজা বাশার আইডিয়াল কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য জানিয়েছেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরকে ঢাকার শিক্ষা কেন্দ্রবিন্দু হিসেবে আরও উন্নত করতে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে বসিলা এলাকায় নতুন একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি
তিনি বলেন, আমরা আধুনিক প্রযুক্তির এক নতুন যুগের মুখোমুখি দাঁড়িয়ে আছি। নতুন এআই প্রযুক্তি ও বিভিন্ন প্রযুক্তির কারণে অনেক পুরোনো পেশা বিলুপ্ত হয়ে যাবে এবং নতুন অনেক পেশা ও সুযোগ সৃষ্টি হবে। সকল কিছুই মোটামুটি প্রযুক্তিনির্ভর হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে প্রস্তাবিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি উল্লেখ করেন, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গভর্ন্যান্সবিষয়ক একটি প্রতিযোগিতার ঘোষণাও দেন ববি হাজ্জাজ। তিনি বলেন, ক্লাস ৮ থেকে ১২-এর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার এক লাখ টাকার বেশি এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারও রাখা হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট
এছাড়া, বিজয়ীদের এক দিনের জন্য ‘শ্যাডো মিনিস্টার’ ও ‘শ্যাডো এমপি’ হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। তার আশাবাদ, ভবিষ্যতে এসব শিক্ষার্থী প্রকৃত সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে।
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ফিরোজা বাশার আইডিয়াল কলেজ থেকে ২৬৬ জন এসএসসি পাস করেছেন। মোহাম্মদপুর-এর মধ্যে শতভাগ পাশের হারের দিক থেকে তাদের অবস্থান দ্বিতীয়।
অনুষ্ঠানের শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফিরোজা বাশার আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ফিরোজ মুকুল।
আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের দাবি জানালো নিসচার
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, মোহাম্মদপুর থানার প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা, মোহাম্মদপুর থানার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাজু আহমেদসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন