ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং
জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

জাপানে বিদ্যুৎহীন ৪৮ হাজার পরিবার, স্থগিত ট্রেন-বিমান!


জাপানে বিদ্যুৎহীন ৪৮ হাজার পরিবার, স্থগিত ট্রেন-বিমান!

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো প্রশাসনিক অঞ্চলে মঙ্গলবার স্থানীয় সময় ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই ঘটে ঘটে একটি বড় শপিং মলে বিস্ফোরণ ও আংশিক ধসের ঘটনা। এতে অন্তত ২০ থেকে ৩০ জন কর্মী নিখোঁজ রয়েছেন। পাশাপাশি একটি কারখানার চিমনি ধসের কারণে একাধিক কর্মী নিখোঁজ হয়েছেন। বিভিন্ন এলাকায় সড়ক দ্বিখণ্ডিত হয়ে পড়েছে এবং প্রায় ৪৮ হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ভূমিকম্পের পর কুমামোতোর সবচেয়ে বড় শপিং মল, যেটি হলো ইয়ন, সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। প্রায় ২০০টি দোকান থাকা মলটির এক দিক ধসে পড়েছে। স্টিলের বিম ও ধ্বংসাবশেষ পার্কিং লটে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ কর্মীদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। আশপাশের বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী বিস্ফোরণের পর বিশাল ধোঁয়া ও ছাই চারদিকে ছড়িয়ে পড়েছে।

ভূমিকম্পের আঘাতে নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কারখানার চিমনি ধসে পড়ে। এর কারণে একাধিক কর্মী নিখোঁজ হন। দুটি স্থানীয় হাসপাতালে শতাধিক আহতকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: এবার বিআরটি ভাঙতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা

কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে প্রায় ৪৮ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে বিমান চলাচল ও শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে অঞ্চলের পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাাইচি জরুরি বার্তায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজে সেনাবাহিনীর শত শত সদস্য মোতায়েন করা হয়েছে।

ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। উল্লেখ্য, ২০১৬ সালে একই কুমামোতো অঞ্চলে প্রাণঘাতী ভূমিকম্পে ২৭৫ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: স্পিকার: আওয়ামী লীগের নেতারা মদ খায়, কর্মীরাও খায়, সব বাটপারের কারখানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:৫২ এম


টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ জন

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রেক্ষিতে ১২ জনকে শনাক্ত করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য জানিয়েছে। সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মনোহর আলী। গ্রেপ্তারকৃত ৫ জন হলেন টঙ্গী পূর্ব থানার শালিকচূড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আজিজুল ইসলাম (৪৩), মাছিমপুরের নুরুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (৩২), পূবাইলের রবীন্দ্র কুমার দাসের ছেলে জীবন কুমার দাস (৩৫), বড় দেওড়ার সামসুদ্দিনের ছেলে খলিলুর রহমান (৫০) ও সাতাইশ এলাকার হাকিম আলীর ছেলে নিয়ামুল হাসান নাহিদ (১৮)।

মামলার আসামিদের মধ্যে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৩৪ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. আলাউদ্দিন সিপাই (৩৫), ছাত্রলীগসহ বিভিন্ন শাখা সংগঠনের নেতা পঙ্কজ, নাজমুল, নামিম বাবু, নিয়ামুল হাসান নাহিদ, আশরাফুল ইসলাম, শ্রাবন বেপারী, তানজীম আহমেদ তামিম, সাইফুল ইসলাম সজিব, শিশির আহমেদ অনিক, জীবন কুমার লালসহ অজ্ঞাতপরিচয়ের আরও ৩০ থেকে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৬ জুলাই ভোর ৫টা ৪০ মিনিটে টহল ডিউটি করার সময় টঙ্গীর সাতাইশ বাগান বাড়ি রোডে মায়ের দোয়া রিয়েল এস্টেট সংলগ্ন হযরত শাহজালাল রোডের মাথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সরকারি বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। গাছা থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ গাজীপুর মহানগর শাখার ব্যানারে অনুষ্ঠিত মিছিলে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-এর মতো বিভিন্ন ধরণের স্লোগান দেওয়া হয়।

এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে ভেজাল সরিষার তেলের কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:৫৩ এম


জামালপুরে ভেজাল সরিষার তেলের কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকার জরিমানা

জামালপুরের মেলান্দহ উপজেলা শাহজাতপুর গ্রামে ভেজাল সরিষার তেল উৎপাদনকারী একটি কারখানায় যৌথ অভিযান চালিয়ে মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযান চলাকালীন, কারখানায় মজুত থাকা প্রায় ১ হাজার ৮০০ লিটার ভেজাল তেল ধ্বংস করা হয়। পাশাপাশি, কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।

অভিযানে কারখানার মালিক মো. আলিম উদ্দিনকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে, কারখানায় মজুত থাকা প্রায় ১ হাজার ৮০০ লিটার ভেজাল তেল মাটিতে ফেলে ধ্বংস করা হয়। ভবিষ্যতে যাতে কারখানাটি পুনরায় চালু করতে না পারে, সে জন্য বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল তেল তৈরি করে যেটি ‘জোড়া ষাঁড় মার্কা খাঁটি সরিষার তেল’ নামে বাজারজাত করা হচ্ছিল। অভিযানের সময় নমুনা পরীক্ষায় কথিত সরিষার তেলে সরিষার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনোভাবেই ভেজাল খাদ্য উৎপাদনকারীদের ছাড় দেওয়া হবে না।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার সাংবাদিকদের কল্যাণে সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:৫৫ এম


সরকার সাংবাদিকদের কল্যাণে সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বরিশালে বলেছেন, সাংবাদিকতা পেশা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। তিনি উল্লেখ করেন, তথ্যের অবাধ প্রবাহের এই সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ খুঁজে বের করে জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজকে প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড় করায় গণমাধ্যম। এ কারণে দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব।

সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, সাংবাদিকদের পৃষ্ঠপোষকতার জন্য এখনো শক্তিশালী কোনো কাঠামো গড়ে ওঠেনি। অথচ, এ পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ কল্পনা করা যায় না। বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা অনেক বেশি চাপমুক্ত পরিবেশে কাজ করতে পারছেন এবং এজন্য সাংবাদিক নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। গণমাধ্যমের কল্যাণ মানেই দেশের কল্যাণ। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খোন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির।

এছাড়া বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি নাছিম উল আলম, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি আক্কাস শিকদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৈনিক বর্তমান-এর ব্যুরো চিফ মো. মামুন-অর-রশিদ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা।

মতবিনিময় সভায় বরিশাল বিভাগের সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান, দক্ষতা উন্নয়নসহ সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব পরামর্শ বাস্তবায়নযোগ্য উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। এরপর বরিশাল, ঝালকাঠী ও পটুয়াখালী জেলার ৪৯ জন সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপন সংবাদে পুলিশের অভিযান: কাউনিয়ায় ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:৫৮ এম


গোপন সংবাদে পুলিশের অভিযান: কাউনিয়ায় ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৬টার সময় বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের রোকেয়া আজিম সড়ক এলাকার মো. সেলিম শরীফের মুদি দোকানের সামনের পাকা রাস্তার ওপর পুলিশের অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নগরীর গাউয়াসার এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে মো. রুম্মান হাওলাদার (২২) এবং ভাটিখানা এলাকার মো. মনু হাওলাদারের ছেলে মো. নিশাত হাওলাদার (৩৪)।

পুলিশ জানায়, কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন ও এসআই জ্যোতির্ময় হালদারের নেতৃত্বে একটি পুলিশদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে অবৈধ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাউনিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%