প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের মেলান্দহ উপজেলা শাহজাতপুর গ্রামে ভেজাল সরিষার তেল উৎপাদনকারী একটি কারখানায় যৌথ অভিযান চালিয়ে মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযান চলাকালীন, কারখানায় মজুত থাকা প্রায় ১ হাজার ৮০০ লিটার ভেজাল তেল ধ্বংস করা হয়। পাশাপাশি, কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।
অভিযানে কারখানার মালিক মো. আলিম উদ্দিনকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে, কারখানায় মজুত থাকা প্রায় ১ হাজার ৮০০ লিটার ভেজাল তেল মাটিতে ফেলে ধ্বংস করা হয়। ভবিষ্যতে যাতে কারখানাটি পুনরায় চালু করতে না পারে, সে জন্য বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল তেল তৈরি করে যেটি ‘জোড়া ষাঁড় মার্কা খাঁটি সরিষার তেল’ নামে বাজারজাত করা হচ্ছিল। অভিযানের সময় নমুনা পরীক্ষায় কথিত সরিষার তেলে সরিষার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনোভাবেই ভেজাল খাদ্য উৎপাদনকারীদের ছাড় দেওয়া হবে না।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন