১১:২৮ এম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জনের প্রেক্ষাপটে, তার সুস্থতার প্রমাণ হিসাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে একটি অডিও প্রকাশ করা হয়েছে। তবে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান দাবি করেছেন যে, অডিওটি নতুন নয়, বরং অন্তত এক বছর আগের।
শুক্রবার (২৭ নভেম্বর) তিনি নিজের ফেসবুক পেজে দ্য ডিসেন্টের একটি ফ্যাক্টচেক প্রতিবেদন শেয়ার করে এই মন্তব্য করেন। পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা ...’
এদিকে, দ্য ডিসেন্টের ফ্যাক্টচেক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা সম্পর্কে নানা দাবি ছড়িয়ে পড়েছে। তবে, শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সংবাদমাধ্যমটি।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫০ জন গ্রেফতার, ৩৫ মামলা দায়ের
প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসাবে প্রচারিত অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।
এর আগে, বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করে জানায় যে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের উড়োজাহাজে করে শেখ হাসিনা দেশে ফিরতে চান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারের কাছে শেখ হাসিনা দিল্লি থেকে দেশে ফেরার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছেন, যা রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে হবে।
তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশি একটি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন। এ কারণে, তিনি এবারও দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে ১০০ টাকায় ম্যাকাও পাখির দেখা
তবে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান ভিন্ন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে ভারত থেকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা সম্ভব।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছর বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে বলেন, ‘হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী, একজন পলাতক সন্ত্রাসী। তিনি কেবল প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরতে পারেন, হাতে হাতকড়া পরা অবস্থায় এবং কঠোর নজরদারির অধীনে।’
আরও পড়ুন: লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা-প্রাণহানি বাড়ছে, সাইনবোর্ড টাঙিয়ে দায় সারছে রেলওয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন