১১:৩৬ এম
রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর মেলায় দর্শকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে একটি ম্যাকাও পাখি। প্রধানমন্ত্রীর সঙ্গে পাখিটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এটি নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বর্তমানে মাত্র ১০০ টাকা খরচ করে মেলায় আসা দর্শনার্থীরা পাখিটির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন পশুপাখির সঙ্গে সময় কাটান। প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ম্যাকাও পাখির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পাখিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বৃদ্ধি পায়।
শুক্রবার (২৭ নভেম্বর) মেলা প্রাঙ্গণে পাখিটির সঙ্গে ছবি তুলতে আগ্রহী দর্শকদের ভিড় দেখা যায়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা লাইনে দাঁড়িয়ে ছবি তোলার অপেক্ষায় ছিলেন। কেউ পাখিটির সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ সেই মুহূর্তটি ভিডিও করে রাখছেন।
আরও পড়ুন: প্রবাসীর বাড়িতে হামলা, যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবি করার অভিযোগ
ম্যাকাও পাখিটির প্রদর্শনীর আয়োজন করেছে ‘বার্ড মেনিয়া’ নামের একটি শপ। আয়োজকদের মতে, প্রদর্শনীতে ম্যাকাওসহ বিভিন্ন জাতের পাখি রাখা হয়েছে। অন্যান্য প্রদর্শনীর মতো এখানেও পাখির সঙ্গে ছবি তোলার জন্য নির্ধারিত টোকেন মূল্য নেওয়া হচ্ছে। ১০০ টাকা পরিশোধ করেই দর্শনার্থীরা পাখির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন।
এ তিন দিনব্যাপী মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শন করা হচ্ছে। বিশাল আকৃতির ষাঁড়, দুম্বা, ভেড়া, বিদেশি কুকুর-বিড়ালসহ নানা প্রজাতির পাখি রয়েছে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা ম্যাকাও পাখিটির প্রতি দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি। ফলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মেলায় পাখিটির স্টল অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন