ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা, বড় দুর্ঘটনার আশঙ্কা


ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা, বড় দুর্ঘটনার আশঙ্কা

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি বর্তমানে বড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করেছে। ১৯৮৯ সালে নির্মিত এই সেতুর দৈর্ঘ্য প্রায় ৩৯৪ ফুট এবং প্রস্থ ২৫ ফুট। সেতুর নির্ধারিত আয়ুষ্কাল ইতোমধ্যে শেষ হয়ে গেছে। দীর্ঘ ব্যবহারের ফলে সেতুর স্টিলের পাটাতনে ফাটল দেখা দিয়েছে, কোথাও জোড়াতালি দেওয়া হয়েছে, আবার কোথাও নাট-বল্টু খুলে পড়েছে। যানবাহন উঠলেই পুরো সেতু দুলে ওঠে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও প্রতিদিন ভারী যানবাহনসহ অসংখ্য গাড়ি এ সেতু দিয়ে চলাচল করছে; স্থানীয়রা যেকোনো সময় সেতুটি ভেঙে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন।

ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের সড়ক যোগাযোগের জন্য এই সেতু একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কৃষিপণ্য, মাছ, শিল্পপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে সেতুটির ভূমিকা অপরিসীম। এটি ভেঙে পড়লে ঝালকাঠির সঙ্গে এসব অঞ্চলের সড়ক যোগাযোগে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে; পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হতে পারে। স্থানীয়দের মধ্যে বিকল্প যোগাযোগব্যবস্থা নিয়ে উদ্বেগও রয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্য অনুযায়ী, সেতুটি দিয়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ ভারী যানবাহন চলাচল করে। অতিরিক্ত যানবাহনের চাপ ও দীর্ঘ ব্যবহারের ফলে সেতুর স্টিলের পাটাতন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু পাটাতনে ফাটল দেখা দিয়েছে, আবার কিছু পাটাতন স্থানচ্যুত হয়ে পড়েছে; কোথাও কোথাও নাট-বল্টু খুলে পড়েছে। ফলে সেতুটি সচল রাখতে সওজের নিজস্ব ব্যবস্থাপনায় মজুত থাকা স্পেয়ার পার্টস ব্যবহার করে নিয়মিত মেরামত করতে হচ্ছে। তবে বারবার মেরামত করেও ঝুঁকি পুরোপুরি কাটানো যাচ্ছে না; মেরামতের কয়েক দিনের মধ্যেই আবার সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

আরও পড়ুন: নাটোরে জুলাই স্মৃতি স্তম্ভে গভীর রাতে অগ্নিকাণ্ড

সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে ২০১৬ সালেই সওজের ঝালকাঠি কার্যালয় এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। সেতুর দুই প্রান্তে সতর্কতামূলক সাইনবোর্ডও রয়েছে, তবে এসব সতর্কতা উপেক্ষা করেই প্রতিদিন চলাচল করছে যানবাহন। সরেজমিনে দেখা গেছে, সেতুর বিভিন্ন স্থানে স্টিলের প্লেট ক্ষতিগ্রস্ত হয়েছে; কোথাও ফাটল, কোথাও জোড়াতালি দিয়ে কোনোমতে সচল রাখা হয়েছে চলাচল। খুলে পড়েছে বেশ কিছু নাট-বল্টু। যানবাহন পারাপারের সময় সেতুটি কেঁপে ও দুলে ওঠে, এতে চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ট্রাকচালক মো. খোকন সিকদার জানান, ‘প্রতিবারই লাখ লাখ টাকা ব্যয় করে সাময়িক সংস্কার করা হচ্ছে। অথচ স্থায়ী সমাধানের জন্য নতুন সেতু নির্মাণের উদ্যোগ বছরের পর বছর কাগজেই সীমাবদ্ধ। যেকোনো সময় যানবাহনসহ সেতুটি বাসন্ডা নদীতে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত স্থায়ী সমাধান করা জরুরি।’

যাত্রীবাহী বাসচালক আব্দুর রহমান বলেন, ‘প্রতিদিন যাত্রী নিয়ে এই সেতু পার হতে হয়। গাড়ি উঠলেই সেতু কাঁপতে থাকে। দুর্ঘটনার ভয় নিয়েই চলতে হয়। জোড়াতালির পেছনে লাখ লাখ টাকা ব্যয় না করে দ্রুত নতুন সেতু নির্মাণ করা উচিত।’

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, ‘সেতুটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় সেতুতে বেশি কম্পন অনুভূত হয়। প্রাণহানির ঘটনা ঘটার আগেই সেতুটি সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা প্রয়োজন। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন সেতু নির্মাণের আশ্বাস দিলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। আমরা দ্রুত নতুন সেতু চাই।’

আরও পড়ুন: বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের সড়ক উপবিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান জানান, ১৯৮৯ সালে বাসন্ডা বেইলি সেতুটি নির্মাণ করা হয় এবং ইতোমধ্যে সেতুটির নির্ধারিত আয়ুষ্কাল শেষ হয়েছে। বর্তমানে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর ওপর দিয়ে ৭ টনের বেশি ওজনের যানবাহন চলাচল না করার জন্য সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়া হয়েছে। তবে সেতুর বিভিন্ন স্থানে প্লেট ভেঙে যাওয়া, ফাটল এবং নাট-বল্টু খুলে পড়ার মতো সমস্যা দেখা দিয়েছে। সড়ক বিভাগের পক্ষ থেকে নিয়মিত মেরামতের মাধ্যমে সেতুটি সচল রাখা হচ্ছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দারের প্রচেষ্টায় নতুন সেতু নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং বর্তমানে সংশ্লিষ্ট বিভাগ থেকে বরাদ্দের অপেক্ষায় আছে। প্রস্তাব অনুমোদনের পর দরপত্র আহ্বানের মাধ্যমে নতুন সেতু নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সাময়িক মেরামতের ওপর নির্ভরশীল এই সেতু যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। আর বিলম্ব না করে নতুন সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, গুলিবর্ষণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭৩ লাখ ছাত্রীকে উপবৃত্তি, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


৭৩ লাখ ছাত্রীকে উপবৃত্তি, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

॥ নাজিউর রহমান সোহেল ॥

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : সরকার দেশের স্কুল, কলেজ এবং মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় নিয়ে আসছে। একইসঙ্গে, তারা বিনাবেতনে পড়ার সুযোগও পাবে। দেশের অনগ্রসর ১২টি নতুন উপজেলাকে শতভাগ উপবৃত্তির কার্যক্রমে যুক্ত করা হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুসারে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির মোট ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী এই সুবিধা পাবে, যা দেশের সকল ছাত্রীকে অন্তর্ভুক্ত করে। এর ফলে উপবৃত্তির সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা ৯৯ লাখ ৩৪ হাজারে পৌঁছাবে (প্রায় এক কোটি)। পাশাপাশি, দারিদ্র্য-ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্ররাও এই সুবিধা পাবে। সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।

বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ (হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম) সম্প্রসারণের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো— দেশে নারী শিক্ষার প্রসার, ঝরে পড়ার হার কমানো, বাল্যবিবাহ রোধ এবং সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা জোরদার করা। নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অনুযায়ী সবার জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বাসসকে বলেন, ‘দেশের আর্থ-সামাজিক রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন এবং নারী শিক্ষার জাগরণের ইতিহাসে ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত উপবৃত্তি কর্মসূচি একটি যুগান্তকারী মাইলফলক।

এই ঐতিহাসিক কর্মসূচির আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বত্র ছাত্রীদের যে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হতো, তার ফলে মেয়েদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছিল। শিক্ষাক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণের ধারাবাহিক অগ্রগতি আজও অব্যাহত রয়েছে। নারীর শিক্ষার প্রসারে তাঁর এই দূরদর্শী অবদান ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পূর্বের সফল ধারাবাহিকতায় সারা দেশে শতভাগ ছাত্রী উপবৃত্তি কর্মসূচি আবার চালু হতে যাচ্ছে।

শিক্ষা খাতের আধুনিকায়নে প্রধানমন্ত্রীর আরও বেশ কিছু দূরদর্শী ও সফল উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে; বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করে গড়ে তোলার পদক্ষেপগুলো নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাধীন ‘ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ স্কিমের চতুর্থ সংশোধনীতে ব্যয় বাড়িয়ে এর পরিধি সম্প্রসারণ করা হয়েছে।

গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর ডকুমেন্টের অনুমোদন দেয় অর্থ বিভাগ এবং ১২ নভেম্বর প্রশাসনিক অনুমোদন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

ব্যয় হবে সাড়ে ৪ হাজার কোটি টাকা।

সংশোধিত ডকুমেন্ট অনুযায়ী, মূল মেয়াদ ১ জুলাই ২০১৮ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত অপরিবর্তিত রেখে স্কিমের মোট ব্যয় ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা বাড়ানো হয়েছে। তৃতীয় সংশোধনীতে অনুমোদিত ১৮ হাজার ৮০ কোটি ২৫ লাখ টাকার পরিবর্তে চতুর্থ সংশোধনীতে মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৮ হাজার ৪৬৯ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে জুন ২০২৬ পর্যন্ত প্রকৃত ব্যয় হয়েছে ১৩ হাজার ৭৬২ কোটি ৩৫ লাখ টাকা, যা আর্থিক অগ্রগতি হিসেবে ৭৪ শতাংশ।

২০২৬-২৭ অর্থবছরে এই স্কিমের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭০৬ কোটি ৭৮ লাখ টাকা, এর মধ্যে শুধু উপবৃত্তি খাতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কর্মসূচির আওতায় উপকারভোগী ছিলেন ৬৫ লাখ ২৫ হাজার শিক্ষার্থী; যার মধ্যে ছাত্রী ৩৯ লাখ ১৬ হাজার এবং ছাত্র ২৬ লাখ ৯ হাজার জন। চতুর্থ সংশোধনীতে ২০২৬-২৭ অর্থবছরে ছাত্রী ৭৩ লাখ ২২ হাজার এবং ছাত্র ২৬ লাখ ১২ হাজার জনসহ মোট ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার প্রাক্কলন করা হয়েছে।

এসইডিপির ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রফেসর সাদেক আহমেদ খান বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার চূড়ান্ত অনুমোদন ও অর্থ ছাড় হয়েছে।’

উপবৃত্তি কর্মসূচি কাঠামোর তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে ‘ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’সহ চারটি পৃথক প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক স্তরে সকল ছাত্রীদের উপবৃত্তি চালু হয়।

পরবর্তীতে ২০০২ সালে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি চালুর ধারাবাহিকতায় সেকায়েপ, সেসিপ, এসইএসপি ও এইচএসএসপি একীভূত হয়ে বর্তমান সমন্বিত উপবৃত্তি কর্মসূচি গড়ে ওঠে।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন আরও বলেন, ‘বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে শতভাগ উপবৃত্তি চালুর এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রান্তিক ও দরিদ্র পরিবারগুলোর ওপর থেকে মেয়েদের পড়াশোনার ব্যয়জনিত আর্থিক চাপ লাঘব হবে। পাশাপাশি সমাজে বাল্যবিবাহ রোধ, নারীর আর্থ-সামাজিক ক্ষমতায়ন নিশ্চিতকরণ এবং এসডিজি-৪ অর্জন আরও বেগবান ও ত্বরান্বিত হবে।’

অগ্রাধিকার পাবে যারা

নতুন কাঠামোয় সব ছাত্রী উপবৃত্তি ও টিউশন ফি’র আওতায় এলেও প্রক্সি-মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করা হবে। তবে দারিদ্র্য যাচাইয়ে ছাত্রীরা বাদ পড়বেন না; তথ্যভান্ডার ও গবেষণার জন্য এ তথ্য নেওয়া হবে।

অসচ্ছল পরিবারের ছেলেদের ক্ষেত্রে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০২২ অনুযায়ী ৩০টি প্রশ্নের ভিত্তিতে ওয়েইটেজ ও কাট-অফ মার্কসে নির্বাচন বহাল থাকবে। বিশেষ অগ্রাধিকার ও শতভাগ উপবৃত্তি পাবেন প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাক্তন ছিটমহলবাসী এবং জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা।

শতভাগ উপবৃত্তি পাবে ২২ উপজেলায়

তথ্য অনুযায়ী, দেশের অনগ্রসর ১০টি উপজেলার সঙ্গে নতুন আরও ১২টিসহ মোট ২২টি উপজেলার আবেদনের যোগ্য সব ছাত্র-ছাত্রী শতভাগ উপবৃত্তির সুবিধা পাবেন। উপজেলাগুলো হলো— নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা উপজেলা।

স্কিম অনুযায়ী, উপবৃত্তি ধরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি, বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর অর্জন, শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবিবাহিত থাকা বাধ্যতামূলক।

জিটুপি পদ্ধতিতে যাবে অর্থ

স্কিম জানিয়েছে, জন্ম নিবন্ধন, এনআইডি ও বায়োমেট্রিক নিবন্ধিত সিম যাচাই শেষে আইবাস++-এর মাধ্যমে জিটুপি (সরকার টু ব্যক্তি) পদ্ধতিতে সরাসরি উপকারভোগী বা অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে অর্থ যাবে। পুরনো ছাত্রীদের নতুন হিসাব লাগবে না; নতুনদের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকের এনআইডি ও নিবন্ধিত সিম দিয়ে কেওয়াইসি অথবা যৌথ স্কুল ব্যাংকিং হিসাব খুলে ১৮ বছর বয়সে হালনাগাদ করতে হবে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক বাসসকে বলেন, ‘জিটুপি পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের হিসাবে উপবৃত্তি, টিউশন ফি, পাবলিক পরীক্ষার ফি ও বই কেনার অর্থ পাঠানো হবে। আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধনের কথা রয়েছে; সে অনুযায়ী প্রস্তুতি চলছে।’ তিনি জানান, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে সফটওয়্যার ও তথ্য জটিলতায় উপবৃত্তি থেকে বঞ্চিত প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

আছে বেশকিছু চ্যালেঞ্জও

স্কিম সংশ্লিষ্টরা জানান, সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শতভাগ ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার পাশাপাশি বিনাবেতনে পড়ার সুযোগ দিতে টিউশন ফি সুবিধা চালু করছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর কিস্তির উপবৃত্তি, টিউশন ফি, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি এবং একাদশ শ্রেণির বই ক্রয়ের অর্থ প্রদানে ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। রাজধানী ঢাকাসহ সব বিভাগীয়, জেলা, উপজেলা ও মফস্বল পর্যায়ের শতভাগ ছাত্রী এবং দরিদ্র ও মেধার ভিত্তিতে বাছাইকৃত ছাত্ররা এসব সুবিধা পাবে।

তবে রাজধানী ঢাকার নামীদামী ও বিভাগীয় শহরের বড় শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত হারের চেয়ে বেশি টিউশন ফি নেওয়ার প্রবণতা থাকায় তালিকাভুক্তি ও তথ্য এন্ট্রিতে অনীহা রয়েছে, এতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

এ বিষয়ে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপপরিচালক প্রফেসর সাইফুল আলম বাসসকে বলেন, ‘ছাত্রীদের শতভাগ উপবৃত্তি বাস্তবায়নে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে দ্রুতগতিতে তথ্য সংগ্রহের কাজ চলছে। তবে এ কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো— যেসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বেশি বেতন নেয়, তারা অনেক সময় উপবৃত্তির আওতায় আসতে চায় না। এতে ওইসব প্রতিষ্ঠানে থাকা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।’ বিষয়টি কার্যকর করতে একটি বাধ্যতামূলক নির্দেশনা থাকা জরুরি বলে মনে করেন তিনি।

অর্থ বিভাগ নির্ধারিত হার অনুযায়ী, এ কর্মসূচিতে শ্রেণিভেদে মাসিক উপবৃত্তি ২০০ থেকে ৪০০ টাকা এবং টিউশন ফি ৩৫ থেকে ৮০ টাকা নির্ধারিত রয়েছে। এ ছাড়া দশম থেকে দ্বাদশ শ্রেণিতে পরীক্ষার ফি ও বই ক্রয় বাবদ ১ হাজার থেকে দেড় হাজার টাকা এবং শিক্ষার্থীপ্রতি বাৎসরিক ব্যয় ২ হাজার ৮২০ থেকে ৭ হাজার ২৬০ টাকা ধরা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার জন্য জরুরি নির্দেশনা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার জন্য জরুরি নির্দেশনা প্রকাশ

৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা কেন্দ্রের ২৫টি পরীক্ষার হল ও শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আয়োজনের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে।

পিএসসির যুগ্ম সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরীক্ষার হলে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, চাবি, মানিব্যাগ, গয়না, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রী সঙ্গে থাকলে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার দিন হলের প্রবেশপথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই করা হবে। এ ছাড়া, মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রীর উপস্থিতি তল্লাশি করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার পরই পরীক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার বিষয়ে পরীক্ষার্থীদের সতর্ক করার জন্য তাদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। পরীক্ষার্থীদের ওই এসএমএসের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। পরীক্ষার সময় কান খোলা রাখতে হবে এবং কানের ওপর কোনো ধরনের আবরণ রাখা যাবে না। যদি কোনো পরীক্ষার্থীর হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হয়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন নিতে হবে।

পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। ভবিষ্যতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আয়োজিত সব নিয়োগ পরীক্ষায় তাকে অযোগ্য ঘোষণা করা হবে।

এ ছাড়া, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩-এর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারার অধীন কোনো অপরাধ সংঘটন বা অপরাধ সংঘটনে সহায়তা করলে সংশ্লিষ্ট ধারায় বর্ণিত দণ্ডে দণ্ডিত হতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরই সত্য, প্রশ্ন তুললেন হানিফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরই সত্য, প্রশ্ন তুললেন হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ প্রশ্ন তুলেছেন, "তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?"।

শনিবার (২৮ নভেম্বর) সকালে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই প্রশ্নটি উত্থাপন করেন।

আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যে শেখ হাসিনা নাকি মারা গেছেন। এমনকি তার মরদেহের ছবি দাবিতে কিছু ছবি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে।

তিনি বলেন, এই গুঞ্জন আরও জোরালো হওয়ার অন্যতম কারণ হলো, শেখ হাসিনার দীর্ঘদিনের প্রকাশ্যে অনুপস্থিতি। তিনি দীর্ঘ আড়াই বছর ধরে ভারতে আশ্রয়ে আছেন। অনেকের মনে প্রশ্ন উঠছে, যদি শেখ হাসিনা জীবিত থাকেন, তবে কেন তিনি প্রকাশ্যে আসছেন না? প্রকাশ্যে আসার ক্ষেত্রে তো তার কোনো বাঁধা নেই।

গণঅধিকার পরিষদের এই মুখপাত্র আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে ছড়িয়ে পড়া শেখ হাসিনার কথিত অডিও বার্তাগুলোকে অনেকে এআই দ্বারা তৈরি বলে দাবি করছেন। মূলত তার প্রকাশ্যে না আসা, কথিত অডিওর সত্যতা নিয়ে বিতর্ক এবং মৃত্যুর দাবিতে ছড়িয়ে পড়া ছবিগুলোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বেঁচে থাকার প্রমাণ দিতে আওয়ামী লীগের পেজ থেকে এক বছর আগে একটি অডিও পোস্ট করা হয়েছে, যা কার্যক্রম নিষিদ্ধ। এই পরিস্থিতিতে জনমনে আরও বেশি সন্দেহ তৈরি হয়েছে, কারণ মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরও শেখ হাসিনা প্রকাশ্যে আসছেন না। তাই প্রশ্ন উঠছে, "তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের গুপ্তহত্যাচেষ্টা থেকে বাঁচলেন হামাস প্রধানের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


ইসরাইলের গুপ্তহত্যাচেষ্টা থেকে বাঁচলেন হামাস প্রধানের ছেলে

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান খলিল আল-হাইয়ার ছেলে ইজ্জেলদিন আল-হাইয়াকে লক্ষ্য করে ইসরাইলি সামরিক বাহিনীর গুপ্তহত্যাচেষ্টা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম।

বাসেম নাইম রয়টার্সকে জানান, শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে গাজায় বিমান হামলা চালিয়ে ইসরাইলি বাহিনী ইজ্জেলদিন আল-হাইয়াকে হত্যার চেষ্টা করে। তবে হামলার সময় ইজ্জেলদিন এবং তার পরিবারের সদস্যরা নিরাপদে ছিলেন।

হামাসের অন্য একটি সূত্র জানায়, এই হামলায় কেউ নিহত হয়নি। তবে খলিল আল-হাইয়ার পুত্রবধূসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাসেম নাইমের তথ্যমতে, ১৯৯৭ সালে জন্ম নেয়া ইজ্জেলদিন আল-হাইয়া হামাসপ্রধানের জীবিত থাকা শেষ ছেলে। ইসরাইলি বাহিনীর হামলায় তার অন্য চার ভাই এর আগে নিহত হয়েছেন।

হামাস এক বিবৃতিতে জানায়, ইসরাইলি বাহিনী একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলা চালিয়েছে। হামাসপ্রধান খলিল আল-হাইয়াকে লক্ষ্য করে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দেয়া হুমকির সঙ্গে এই হামলার সম্পর্ক রয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।

হামাসের অভিযোগ, ২০২৫ সালের গাজা যুদ্ধবিরতি চুক্তি দুর্বল করে দিতে ইসরাইল এ ধরনের হামলা চালাচ্ছে। সংগঠনটি জানিয়েছে, অব্যাহত হামলার পরিণতির জন্য ইসরাইলকেই সম্পূর্ণ দায় নিতে হবে।

নাইমের ভাষ্য অনুযায়ী, ইজ্জেলদিন আল-হাইয়া ২০২৫ সালে ইসরাইলি বিমান হামলায় নিহত হামাম খলিল আল-হাইয়ার যমজ ভাই।

গত শুক্রবার গাজায় ইসরাইলি বাহিনীর পৃথক দুটি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রথম হামলাটি রাফাহ শহরে চালানো হয়, যেখানে তিন ফিলিস্তিনি নিহত এবং দুজন আহত হন।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, তারা তিনজন সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দ্বিতীয় হামলায় গাজা সিটিতে মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) একটি কার্যালয়ে কর্মরত দুই নিরাপত্তাকর্মী নিহত হন বলে ফিলিস্তিনি চিকিৎসা সূত্র জানিয়েছে।

এমএসএফও নিশ্চিত করেছে, নিহত দুজন তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। হামলার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ নিয়ে গাজায় তাদের নিহত কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করেছে, নিহত দুজন এমএসএফের হয়ে কাজ করতেন। তবে তাদের দাবি, ওই ব্যক্তিরা মানবিক সহায়তাকর্মীর ছদ্মবেশে থাকা হামাসের সদস্য ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%