১১:৪৪ এম
দেশের অসচ্ছল ও দুস্থ নারীদের প্রতি মাসে বিনা মূল্যে ৩০ কেজি করে পুষ্টিসমৃদ্ধ চাল প্রদান করবে সরকার। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত নারীরা এই খাদ্য সহায়তা লাভ করবেন।
সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৭-২০২৯ চক্রের নতুন উপকারভোগী নির্বাচনের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নতুন চক্রের মেয়াদ ২১ মাস নির্ধারণ করা হয়েছে। আগামী ১ জুলাই ২০২৭ থেকে এই কার্যক্রম শুরু হয়ে ৩১ মার্চ ২০২৯ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে নির্বাচিত উপকারভোগীরা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।
সরকারের অর্থবছর পরিবর্তনের কারণে ভিডব্লিউবি কর্মসূচির নতুন চক্রের মেয়াদ পূর্বের ২৪ মাসের পরিবর্তে ২১ মাস নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২০২৭-২৮ অর্থবছরের প্রথম ৯ মাস (১ জুলাই ২০২৭ থেকে ৩১ মার্চ ২০২৮) এবং ২০২৮-২৯ অর্থবছরের পরবর্তী ১২ মাস (১ এপ্রিল ২০২৮ থেকে ৩১ মার্চ ২০২৯) কার্যক্রম চলবে। গত ২৬ নভেম্বর ভিডব্লিউবি সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
আরও পড়ুন: লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা-প্রাণহানি বাড়ছে, সাইনবোর্ড টাঙিয়ে দায় সারছে রেলওয়ে
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়িত এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গ্রামীণ দরিদ্র ও অসচ্ছল নারীদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা। উপকারভোগী নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করার জন্য ইতোমধ্যে ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপ এবং ডিজিটাল আবেদনব্যবস্থা চালু করা হয়েছে।
কর্মসূচির আওতায় আবেদন করতে হলে নারীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং কর্মক্ষম হতে হবে। আবেদনকারীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। জাতীয় পরিচয়পত্র থাকা আবশ্যক। এছাড়া পরিবারের স্থায়ী বা নিয়মিত আয়ের উৎস না থাকা এবং পরিবারে উপার্জনক্ষম সদস্য না থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
আগ্রহী নারীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট এবং ভিডব্লিউবি মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাদের সহায়তায় আবেদন জমা দেওয়া যাবে।
নির্দেশনা অনুযায়ী, একটি মোবাইল নম্বর ব্যবহার করে সর্বাধিক ১৫টি আবেদন করা যাবে। নেটওয়ার্ক সমস্যার কারণে অনলাইনে আবেদন করা সম্ভব না হলে মোবাইল অ্যাপের মাধ্যমে অফলাইনে আবেদন গ্রহণের সুযোগ থাকবে। তবে পরবর্তী সময়ে এসব আবেদন অবশ্যই অনলাইনে এন্ট্রি করতে হবে। অনলাইনে এন্ট্রি করা হয়নি—এমন আবেদন গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুন: শান্তিপূর্ণ পরিবেশে সাভার-আশুলিয়ার কাজে ফিরেছেন শ্রমিকরা
আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই শেষে ইউনিয়ন কমিটি প্রাথমিকভাবে উপকারভোগী নির্বাচন করবে। পরে উপজেলা কমিটির মাধ্যমে চূড়ান্ত তালিকা অনুমোদন করা হবে।
নতুন চক্রের উপকারভোগী নির্বাচন ও আবেদন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গত ২৬ নভেম্বর দেশের সব উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জুম প্ল্যাটফর্মে প্রচার ও অবহিতকরণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আবেদন গ্রহণ, অনলাইন তথ্য এন্ট্রি, উপকারভোগী নির্বাচন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন