০৮:৫৪ এম
কক্সবাজারের ইনানীতে নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর গ্যাসের উৎস এবং সম্ভাব্য মজুত অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) ইতোমধ্যে ভূগর্ভ থেকে গ্যাসের নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি ৬৭৫ বর্গকিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
২৭ অক্টোবর (মঙ্গলবার) ইনানীতে নলকূপ খননের সময় হঠাৎ করে গ্যাসের উদ্গিরণ শুরু হয়। এরপর টানা ৩১ দিন ধরে আগুন জ্বলতে থাকে। শুক্রবার (২৭ নভেম্বর) বাপেক্সের ড্রিলিং দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের আতঙ্ক দূর হয়ে স্বস্তি ফিরে এসেছে।
প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, বোকাবিল ফরমেশনের মধ্যবর্তী থেকে ওপরের কোনো স্তর থেকে গ্যাস বের হচ্ছে। তবে গ্যাসের পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য নেই। নমুনা পরীক্ষার ফলাফল, ভূতাত্ত্বিক জরিপ এবং দ্বিমাত্রিক (টু-ডি) ও ত্রিমাত্রিক (থ্রি-ডি) সিসমিক জরিপের তথ্য বিশ্লেষণের পর গ্যাসের পরিমাণ সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।
আরও পড়ুন: টেকনাফ থেকে ঢাকায় পাহাড়ের শিশুদের জন্য ১২ জনের পদযাত্রা
সংগ্রহ করা হয়েছে গ্যাসের নমুনা
আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই গ্যাসের নমুনা সংগ্রহের উদ্যোগ নেয় বাপেক্স। ওয়াটার রিপ্লেসমেন্ট পদ্ধতিতে দুটি বোতলে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষাগারে এসব নমুনা বিশ্লেষণ করে গ্যাসের রাসায়নিক গঠন, বিভিন্ন উপাদানের উপস্থিতি ও পরিমাণ এবং উচ্চতর হাইড্রোকার্বনের উপস্থিতি সম্পর্কে জানা যাবে।
বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের দলনেতা এস এম নাফিকুন আরহাম জানান, ২৭ অক্টোবর গ্যাসের উদ্গিরণ শুরু হয়েছিল। প্রায় এক মাস পর শুক্রবার নিরাপদে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, আগের কয়েকবার চেষ্টা করেও নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। আগুনের তীব্র তাপ ও তাপীয় বিকিরণের কারণে গ্যাস নির্গমনের স্থানের কাছে যাওয়া ঝুঁকিপূর্ণ ছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনার পর ডাইভার্টারের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে দেয়া হয়, যা নিরাপদে নমুনা সংগ্রহের সুযোগ তৈরি করে।
আরও পড়ুন: গোপনীয় তথ্য বিক্রয় চক্রের সদস্য রবিউল ইসলাম গ্রেপ্তার
নাফিকুন আরহাম আরও বলেন, ওয়াটার রিপ্লেসমেন্ট পদ্ধতিতে নমুনা সংগ্রহের সময় বাইরের বাতাস যাতে বোতলে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করা হয়েছে। ফলে ভূগর্ভস্থ স্তর থেকে উঠে আসা গ্যাসের প্রকৃত নমুনা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সংগৃহীত নমুনা বাপেক্সের পরীক্ষাগারে বিশ্লেষণ করা হবে। নমুনা ঢাকায় পাঠানোর পর সাধারণত পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যে পরীক্ষার প্রতিবেদন পাওয়া সম্ভব বলে জানান তিনি।
৬৭৫ বর্গকিলোমিটার এলাকায় জরিপ
গ্যাসের নমুনা পরীক্ষার পাশাপাশি এর সম্ভাব্য মজুত নির্ধারণে ভূতাত্ত্বিক অনুসন্ধান শুরু করেছে বাপেক্স। আগামী ছয় মাসে প্রায় ৬৭৫ বর্গকিলোমিটার এলাকায় ১২০ লাইন কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ জন্য চার সদস্যের একটি দল ইতোমধ্যে ইনানীতে কাজ শুরু করেছে।
আরও পড়ুন: হজের টিকিটের নামে ২ কোটি টাকা আত্মসাৎ, রবিউল হোসেন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন