ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিনোদনের নামে অশ্লীলতার প্রসারের ভয়াবহতা


বিনোদনের নামে অশ্লীলতার প্রসারের ভয়াবহতা

হাসিঠাট্টা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। মানুষ আনন্দ পেতে চায় এবং অন্যকে আনন্দ দিতে চায়। ইসলামও বৈধ বিনোদন ও পরিমিত হাসি-আনন্দকে নিষিদ্ধ করেনি। কিন্তু আনন্দের নামে অশ্লীলতা, অশালীন অঙ্গভঙ্গি, দ্ব্যর্থবোধক সংলাপ কিংবা অসৌজন্যমূলক আচরণ ছড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা ও অর্থ উপার্জনের প্রতিযোগিতায় যখন শালীনতার সীমা অতিক্রম করা হয়, তখন বিষয়টি নিছক বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি গুনাহের প্রচার ও সামাজিক অবক্ষয়ের মাধ্যম হয়ে ওঠে।

ইসলামের দৃষ্টিতে এ ধরনের কর্মকাণ্ডের ভয়াবহতা শুধুমাত্র নিজের গুনাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং অন্যকে গুনাহের পথে প্রভাবিত করার দায়ও এর সঙ্গে যুক্ত হতে পারে।

অশ্লীলতা ছড়ানোর ভয়াবহতা : পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আজাব। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না।’ (সুরা নুর, আয়াত : ১৯)

আরও পড়ুন: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ২৮ নভেম্বর ২০২৬ এর নামাজের সময়সূচি

আয়াতটি অশ্লীলতার প্রসারকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। যদিও আয়াতটির অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট ছিল অপবাদ ও অপপ্রচারের ঘটনা, এর শিক্ষা অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার নিন্দার ক্ষেত্রেও প্রাসঙ্গিক। অতএব, যে ব্যক্তি পরিকল্পিতভাবে অশালীন কনটেন্ট তৈরি করে মানুষের মধ্যে তা ছড়িয়ে দেয়, তার উচিত এই সতর্কবাণীকে গভীরভাবে অনুধাবন করা।

হাসির নামে সবকিছু বৈধ নয় : ইসলাম মানুষকে হাসতে নিষেধ করেনি। আমাদের প্রিয় নবী (সা.) মাঝে মাঝে তাঁর সাহাবিদের সঙ্গে হাসতেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, সাহাবিরা বলেন, হে আল্লাহর রাসুল (সা.)! আপনি তো আমাদের সঙ্গে কৌতুকও করে থাকেন। তিনি বললেন, আমি শুধু সত্য কথাই বলে থাকি (এমনকি কৌতুকেও)। (তিরমিজি, হাদিস : ১৯৯০)

অর্থাৎ রসিকতারও নৈতিক সীমারেখা রয়েছে। কাউকে অপমান করা, নারী-পুরুষের শালীনতা নষ্ট করা, অশ্লীল ইঙ্গিত দেওয়া কিংবা যৌন আবেদনপূর্ণ অঙ্গভঙ্গিকে হাসির উপকরণ বানানো বৈধ বিনোদনের অন্তর্ভুক্ত নয়। তবে মানুষ হাসাতে মিথ্যা বলা ধংসাত্মক। (তিরমিজি, হাদিস : ২৩১৫)

প্রত্যেক দর্শক ও শেয়ারের দায় : সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশের পর তা কত মানুষের কাছে পৌঁছাবে, তা নির্মাতার নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু নিজের তৈরি কনটেন্টের মাধ্যমে মানুষকে অন্যায়ের দিকে আহবান করার দায় থেকে তিনি মুক্ত নন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ...আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে, তার ওপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে। এতে তাদের পাপরাশি সামান্য হালকা হবে না। (মুসলিম, হাদিস : ৬৬৯৭)

আরও পড়ুন: শীতকালে ইবাদত পালনে কিছু ভুল এড়িয়ে চলার পরামর্শ

এর দ্বারা বোঝা যায়, অশ্লীলতা মিশ্রিত ভিডিও বা কনটেন্ট যত বেশি ছড়াবে, নির্মাতার পাপের বোঝা তত বাড়বে। যারা এতে সম্পৃক্ত হবে, তারাও প্রত্যেকে গুনাহগার হবে। সুতরাং সামান্য জনপ্রিয়তা কিংবা কিছু অর্থ উপার্জনের আশায় এমন কনটেন্ট তৈরি করা বুদ্ধিমানের কাজ নয়, যার মাধ্যমে নিজের ও অন্যের গুনাহের পথ প্রশস্ত হয়। নিষিদ্ধ বিষয়বস্তু তৈরির বিনিময়ে পাওয়া উপার্জনও শরিয়তের দৃষ্টিতে বৈধ হতে পারে না।

জনপ্রিয়তার চেয়ে আল্লাহর সন্তুষ্টি বড় : মনে রাখতে হবে, রিজিকের মালিক আল্লাহ। ভাইরাল হওয়া, লাখো অনুসারী কিংবা বিপুল অর্থ উপার্জনই সফলতার মাপকাঠি নয়। একজন মুমিনের কাছে সফলতা হলো হালাল উপার্জন, সুন্দর চরিত্র এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। যার ওপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, দুনিয়ার দৃষ্টিতে তার কিছু না থাকলেও সেই প্রকৃত সফল। আর যে আল্লাহর ক্রোধের শিকার হয়, সে সারা দুনিয়ার মানুষের বাহবা পেলে কিংবা সব সম্পদের মালিক হয়ে গেলেও তার চেয়ে ব্যর্থ কেউ নেই।

তাই যাঁরা এরই মধ্যে অশ্লীল কনটেন্ট তৈরি করেছেন, তাঁদের উচিত অনুতপ্ত হয়ে তাওবা করা, সম্ভব হলে ক্ষতিকর কনটেন্ট সরিয়ে ফেলা এবং ভবিষ্যতে শালীনতার পথে ফিরে আসা। কারণ মৃত্যুর পরও মানুষের কাছে ছড়িয়ে থাকা ক্ষতিকর প্রচারণার প্রভাব থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। নাউজুবিল্লাহ!

অতএব, সাময়িক হাসির বিনিময়ে স্থায়ী ক্ষতির পথ বেছে নেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। মানুষের হাসির পাত্র হওয়ার চেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন অনেক বেশি মূল্যবান।

আরও পড়ুন: সংবাদ প্রচারে যাচাইয়ের আহ্বান, সাংবাদিকদের সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়, আব্দুল ওহাব সাধারণ সম্পাদক নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৭ এম


বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়, আব্দুল ওহাব সাধারণ সম্পাদক নির্বাচিত

বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে ২০২৭ সালের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি) মনোনীত প্যানেল নিরঙ্কুশ জয় অর্জন করেছে। সভাপতি পদে অ্যাডভোকেট মো. আতাউর রহমান ৬৭৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব ৬৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়ার গওহর আলী বার ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, যা বিরতিহীনভাবে চলছিল। মোট ভোটারের মধ্যে ৮৮৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের অন্যান্য বিজয়ী প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে মো. রেজাউল বারী ৬৪৪ ভোট ও মো. রহমতুল বারী তালুকদার ৬১২ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো. ফারুক আহমেদ ৫৮৪ ভোট এবং আ. ন. ম. বজলুর রশীদ (শাহীদ) ৫৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্য সম্পাদকীয় পদে লাইব্রেরি সম্পাদক হিসেবে মো. আশাবুদজামান আশিব ৫৯৫ ভোট, ক্রীড়া সম্পাদক পদে এ. কে. এম আকিল আহাম্মেদ মোমিন ৪২৫ ভোট, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আব্দুল্লাহহেল কাফী (২) ৫৯০ ভোট এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আল-আমিন (রাসেল) ৬৫০ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

কার্যনির্বাহী সদস্য পদে এনামুল হক (১) ৫৭৯ ভোট, মো. খায়রুল আলম ৫৯১ ভোট, অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন ৫০৮ ভোট, অ্যাডভোকেট সুলতানা খাতুন ৫৮৫ ভোট এবং মো. সেলিম রানা ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের প্রার্থীদের মধ্যে সভাপতি পদে মো. রিয়াজ উদ্দিন ১৫৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মো. সিরাজুল হক ১৫০ ভোট পেয়েছেন। এই প্যানেলের লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আতাউর রহমান সবুজ ২০০ ভোট, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট মো. বাবুল রহমান ৩৮৮ ভোট, সমাজকল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ওমর ফারুক (ফারুক) ২১৮ ভোট এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম সরকার ১৬০ ভোট পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে ল’ইয়ার্স কাউন্সিল প্যানেলের অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম ১৪১ ভোট, অ্যাডভোকেট মো. মঞ্জু মিয়া ২৩৬ ভোট, অ্যাডভোকেট মো. আব্দুর রহিম ২৩৬ ভোট, অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন লিটন ১৯৯ ভোট এবং অ্যাডভোকেট দলিলুর রহমান ২২৬ ভোট পেয়েছেন।

নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, "আমরা সবাই একটা পরিবার হিসেবে যেন চলতে পারি, এ জন্য একে অপরের মধ্যে সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং সহমর্মিতা রেখে আমাদের পেশা পরিচালনা করব।" ২০২৭ সালকে বগুড়া বারের উন্নয়নের বছর হিসেবে দেখতে চেয়ে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে রাতেই বিজয়ী বিএনপি প্যানেলকে ফুলেল শুভেচ্ছা জানাতে ছুটে আসেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন এমপি, বগুড়া সিটি প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, মহানগর বিএনপির সভাপতি অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জজকোর্টের পিপি অ্যাড. বাছেদ প্রমুখ।

অপরদিকে, পূর্ণ প্যানেলে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় তার প্রেস সেক্রেটারি আতিকুর রহমান জানান, প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিরঙ্কুশ জয়ে অভিনন্দন বার্তা দিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "এই বিজয় নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আইনজীবী সমাজের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন।" বগুড়ার আইন অঙ্গনের ঐতিহ্য, পেশাগত মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রেখে নবনির্বাচিত কমিটি ঐক্য, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ভোটার ও নির্বাচন পরিচালনা কমিটির প্রতিও কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রেণি পাঠে ভরসা নেই, প্রাথমিকেই কোচিংয়ের চাপে শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ এম


শ্রেণি পাঠে ভরসা নেই, প্রাথমিকেই কোচিংয়ের চাপে শিশুরা

শ্রেণিকক্ষে পাঠের প্রতি আস্থার অভাব, ভালো ফলের জন্য প্রতিযোগিতা এবং সামাজিক চাপের কারণে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা কোচিং ও প্রাইভেট শিক্ষকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। নিয়মিত বিদ্যালয়ে ক্লাস করার পরও অনেক শিশুকে কোচিংয়ে যেতে হচ্ছে এবং গৃহশিক্ষকের সাহায্য নিতে হচ্ছে। এর ফলে পরিবারের শিক্ষা ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং শিশুদের খেলাধুলা, বিনোদন ও স্বাভাবিক বিকাশের সুযোগ হ্রাস পাচ্ছে।

সকালে বিদ্যালয়ে যাওয়া, নির্ধারিত সময়ে ক্লাস করা এবং শিক্ষকদের কাছ থেকে পাঠ গ্রহণ করা—একজন শিক্ষার্থীর নিয়মিত শিক্ষাজীবনের অংশ। কিন্তু বিদ্যালয় থেকে ফিরে আসার পরও অনেক শিশুর পড়াশোনা শেষ হয় না। ক্লাসের পর কোচিং, সন্ধ্যায় গৃহশিক্ষক, এরপর বাড়ির কাজ ও পরীক্ষার প্রস্তুতি। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন এখন এমন ব্যস্ত রুটিনে আটকে গেছে।

মালিহা তাবাসসুম, নরসিংদীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী, ক্লাস শেষে কোচিংয়ে যায় এবং সন্ধ্যায় গৃহশিক্ষকের কাছে পড়তে হয়। তার বাবা, মাইদুল ইসলাম, আমার দেশকে জানান, বিদ্যালয়ের পড়াশোনার ওপর আস্থা তিনি পান না। আশপাশের প্রায় সব শিক্ষার্থী যখন প্রাইভেট বা কোচিং করছে, তখন নিজের সন্তানকে এসবের বাইরে রাখলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই মালিহার স্কুলে ভর্তির পর থেকেই তিনি গৃহশিক্ষক রেখেছেন।

মালিহার মতো অনেক শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ের শিক্ষা এখন আর একমাত্র ভরসা নয়। বরং শ্রেণিকক্ষের বাইরের পড়াশোনা যেন শিক্ষাজীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), ইউনিসেফ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ‘স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (এসএলআইপি)’ মূল্যায়ন প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮.১ শতাংশ শিক্ষার্থী নিয়মিত প্রাইভেট টিউশন নেয়। তাদের মধ্যে ৪৪ শতাংশ সব বিষয়ে গৃহশিক্ষকের সহায়তা নেয়। একক বিষয়ের মধ্যে গণিতে ২৭ শতাংশ, ইংরেজিতে ১৭.৯ শতাংশ এবং বাংলায় ৬.২ শতাংশ শিক্ষার্থী প্রাইভেট পড়ে।

ভালো ফলের চাপই বড় কারণ

অভিভাবকদের কোচিং ও প্রাইভেটমুখী হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো ভালো ফলের প্রত্যাশা। এসএলআইপি মূল্যায়ন প্রতিবেদনে দেখা যায়, ৩৯.৫ শতাংশ অভিভাবক সন্তানকে ভালো রেজাল্টের জন্য টিউশনে দেন। একাডেমিক দক্ষতা বাড়াতে টিউশন করান ৩৩.৮ শতাংশ। শ্রেণিকক্ষে পাঠদান পর্যাপ্ত নয় বলে মনে করেন ১৩.৩ শতাংশ অভিভাবক। আর অন্যদের দেখাদেখি বা সামাজিক প্রভাবের কারণে সন্তানকে টিউশনে দেন ৯ শতাংশ।

অর্থাৎ, বিদ্যালয়ের পাঠদানের ঘাটতি এবং ভালো ফলের প্রতিযোগিতা উভয়ই এ নির্ভরতা বাড়াচ্ছে। অনেক অভিভাবকের কাছে প্রাইভেট টিউশন এখন সন্তানের জন্য বাড়তি সহায়তা নয়, বরং ভালো ফলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে।

চাপে হারিয়ে যাচ্ছে শৈশব

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের বাইরের পড়াশোনা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে খেলাধুলা, বিনোদন ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডের সুযোগ। বিদ্যালয়ের ক্লাসের পর কোচিং এবং গৃহশিক্ষকের পেছনে দিনের বড় অংশ ব্যয় হওয়ায় শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাছুমেরও হাউস টিউটর আছে। তার বাবা, ক্ষুদ্র ব্যবসায়ী রহমত আলী, আমার দেশকে বলেন, সামর্থ্য রয়েছে এমন প্রায় সব অভিভাবকই এখন সন্তানকে প্রাইভেট পড়াচ্ছেন। বিশেষ করে ঢাকার নামিদামি স্কুলে ভর্তির প্রস্তুতিকে কেন্দ্র করে অনেক শিশুর কোচিং শুরু হয় প্রাথমিকের প্রথম দিকে। এরপর যত ওপরে ওঠে, কোচিংনির্ভরতাও তত বাড়ে। এটি শুধু ঢাকা নয়, সারা দেশের চিত্র।

অভিভাবকদের অনেকেই এ ব্যবস্থাকে ইতিবাচকভাবে না দেখলেও নিজের সন্তানের পিছিয়ে যাওয়ার ভয় থেকে এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। ব্যক্তিগত পছন্দের চেয়ে সামাজিক প্রতিযোগিতাই অনেক ক্ষেত্রে অভিভাবকদের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করছে।

শিখন ঘাটতি বাড়াচ্ছে বৈষম্য

শ্রেণিকক্ষে পাঠদানের দুর্বলতার চিত্র বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মূল্যায়নেও উঠে এসেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে পঞ্চম শ্রেণির ৫০ শতাংশ শিক্ষার্থী পড়ার ক্ষেত্রে ন্যূনতম দক্ষতার স্তর অর্জন করতে পারে না। এ পরিস্থিতিতে অনেক অভিভাবক বিদ্যালয়ের পাঠের পাশাপাশি বাড়তি পড়াশোনার ব্যবস্থা করছেন। যেসব পরিবারের আর্থিক সামর্থ্য আছে, তারা কোচিং বা গৃহশিক্ষকের সহায়তা নিতে পারছে। কিন্তু দরিদ্র পরিবারের শিশুদের পক্ষে একই সুযোগ নেওয়া কঠিন। ফলে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি করছে।

আবার শিক্ষার্থীদের এ বাড়তি পড়াশোনার আর্থিক চাপও কম নয়। এসএলআইপি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রাথমিক শিক্ষার্থীর শিক্ষাবাবদ পরিবারকে মাসে গড়ে অন্তত ১,৫৫০ টাকা ব্যয় করতে হয়। এর উল্লেখযোগ্য অংশ চলে যায় প্রাইভেট টিউশন ও গৃহশিক্ষকের পেছনে। বিদ্যালয়ে পড়ার পরও বাড়তি অর্থ ব্যয় করে শিক্ষা গ্রহণের এ প্রবণতা নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের ওপর চাপ তৈরি করছে।

অন্যদিকে, এ চাহিদাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বড় একটি কোচিং অর্থনীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৪’ অনুযায়ী, দেশে নিবন্ধিত কোচিং সেন্টারের সংখ্যা ৬,৫৮৭টি। এর মধ্যে ৬,৩১২টি বা ৯৫.৮২ শতাংশ একাডেমিক কোচিং সেন্টার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরির প্রস্তুতিমূলক কোচিং সেন্টার রয়েছে ২৭৫টি।

ক্লাসরুমেই শিখন নিশ্চিতের তাগিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর মনে করেন, কোচিং করানো বা প্রাইভেট পড়ানো শতভাগ নিষিদ্ধ করা উচিত। এ বিষয়ে কঠোর ঘোষণা প্রয়োজন। তবে তার মতে, সমস্যার শিকড় রয়েছে শিক্ষাক্রম ও পরীক্ষা পদ্ধতির মধ্যেও। শিক্ষাক্রমে শ্রেণি ও বিষয় অনুযায়ী শিক্ষার্থীদের অর্জনযোগ্য যোগ্যতা সুস্পষ্ট নয়। পরীক্ষার উদ্দেশ্যও শিক্ষক ও অভিভাবকদের কাছে যথাযথভাবে স্পষ্ট করা সম্ভব হয়নি।

তিনি বলেন, পরীক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীর শিখন অবস্থা যাচাই করা। এর মাধ্যমে তার শিখন ঘাটতি বা দুর্বলতা শনাক্ত করে তা দূর করার পদক্ষেপ নেওয়া উচিত। এ জন্য বিষয়ভিত্তিক যোগ্যতা বিবেচনায় রেখে প্রশ্নপত্র তৈরি করতে হবে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশ্ন তৈরির সময় নির্ধারিত যোগ্যতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। গতানুগতিক ধারায় প্রশ্ন করা হয় বলে মুখস্থনির্ভরতা বাড়ে। এ কারণে শিক্ষক বা কোচিংয়ের দেওয়া নোট শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তারিক মনজুর আরো বলেন, ধারাবাহিক বা নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর দুর্বলতা শনাক্ত করে তা পূরণের ব্যবস্থা নিতে হবে। প্রশ্নপত্র যেন সংশ্লিষ্ট বিষয়ের নির্ধারিত যোগ্যতা যাচাই করতে পারে, সে জন্য শিক্ষাক্রমেও যোগ্যতা সুনির্দিষ্ট করতে হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আমার দেশকে বলেন, কোচিংয়ের ওপর শিক্ষার্থীদের নির্ভরশীলতার অন্যতম কারণ হলো বিদ্যালয়ে পাঠদান শেষে অনেক শিক্ষার্থীর শিখন ঘাটতি থেকে যাওয়া। এর সঙ্গে অভিভাবকদের ভালো ফলের প্রত্যাশা এবং পরীক্ষাকেন্দ্রিক প্রস্তুতির প্রবণতাও যুক্ত হয়েছে। এ সমস্যা সমাধানে প্রাথমিক শিক্ষায় কার্যকর মনিটরিং ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছি।

প্রতিমন্ত্রী বলেন, এখন শুধু শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত আছেন কি না, তা নয়; শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কী শিখছে, বাংলা, ইংরেজি ও গণিতে তাদের দক্ষতা কতটুকু, সেটিও সরাসরি যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে বিদ্যালয়েই অতিরিক্ত শিখন সহায়তা, শিক্ষকদের প্রশিক্ষণ ও পাঠদান পদ্ধতির উন্নয়নে কাজ চলছে।

তিনি বলেন, লক্ষ্য হলো শ্রেণিকক্ষে প্রতিটি শিক্ষার্থীর শিখন নিশ্চিত করা, যাতে কোচিং বা প্রাইভেট টিউশনের ওপর নির্ভরশীলতা কমে আসে। একটি শিশুর শেখার দায়িত্ব বিদ্যালয়ই যথাযথভাবে পালন করবে; অভিভাবককে বাড়তি অর্থ ব্যয় করে সেই ঘাটতি পূরণ করতে হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতিনের উদ্বোধনে রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ এম


পুতিনের উদ্বোধনে রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত

রাশিয়া নতুন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাবমেরিনটির উদ্বোধন করেন। তিনি ২০৩০ সালের মধ্যে নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনার কথাও ঘোষণা করেন।

সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে নতুন সাবমেরিন ‘পারম’-এর আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানে পুতিন উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সাবমেরিনটি রুশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে পুতিন মন্তব্য করেন, ‘রাশিয়া বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের একটি, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন তৈরি করতে সক্ষম। এগুলো এমন অস্ত্র, যার বৈশ্বিক সক্ষমতা ও গুরুত্ব রয়েছে।’

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার পারমাণবিক প্রতিরোধব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে গোপনে দীর্ঘ সময় পরিচালনার সক্ষমতার কারণে, শত্রুপক্ষের হামলার পরও পাল্টা পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা ধরে রাখতে পারে এসব সাবমেরিন।

পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত হবে। এর মধ্যে তিনটি হবে ‘ইয়াসেন-এম’ শ্রেণির। নতুন যুক্ত হওয়া পারম সাবমেরিনটিও একই শ্রেণির।

তিনি আরও উল্লেখ করেন, এসব সাবমেরিন ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এবং বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করতে পারবে। এর ফলে রাশিয়ার নৌবাহিনীর দূরপাল্লার সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

তথ্যসূত্র: এএফপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা চুক্তির বৈঠকে ঐক্যবদ্ধ অবস্থানের গুরুত্ব তুলে ধরলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ এম


মক্কা চুক্তির বৈঠকে ঐক্যবদ্ধ অবস্থানের গুরুত্ব তুলে ধরলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী

মক্কা প্রতিরক্ষা জোটের সদস্য দেশগুলোর বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান রাজনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের গুরুত্ব তুলে ধরেছেন।

তিনি উল্লেখ করেছেন, দেশগুলোর যৌথ উদ্যোগ নিরাপত্তা ও স্থিতিশীলতা এগিয়ে নিতে অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে খালিদ বিন সালমান জানান, মক্কা প্রতিরক্ষা জোটের অধীনে কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক রাজনৈতিক ও প্রতিরক্ষা প্রচেষ্টা জোরদারের জন্য দেশগুলোর যৌথ পদক্ষেপের গুরুত্বকে আবারও সামনে এনেছে। বৈঠকে দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান ও ভূমিকার বিষয়টিও আলোচনা করা হয়েছে।

বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা চুক্তির অগ্রগতি পর্যালোচনা করেছে। এ সময় যৌথ প্রতিরক্ষা-সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া বৈঠকে তিন দেশ চুক্তির আওতায় সম্মিলিত প্রতিরক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার অগ্রগতিও পর্যালোচনা করে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%