১১:৪২ এম
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান খলিল আল-হাইয়ার ছেলে ইজ্জেলদিন আল-হাইয়াকে লক্ষ্য করে ইসরাইলি সামরিক বাহিনীর গুপ্তহত্যাচেষ্টা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম।
বাসেম নাইম রয়টার্সকে জানান, শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে গাজায় বিমান হামলা চালিয়ে ইসরাইলি বাহিনী ইজ্জেলদিন আল-হাইয়াকে হত্যার চেষ্টা করে। তবে হামলার সময় ইজ্জেলদিন এবং তার পরিবারের সদস্যরা নিরাপদে ছিলেন।
হামাসের অন্য একটি সূত্র জানায়, এই হামলায় কেউ নিহত হয়নি। তবে খলিল আল-হাইয়ার পুত্রবধূসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: ইরানের বন্দরে অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলি, অচল জাহাজ
বাসেম নাইমের তথ্যমতে, ১৯৯৭ সালে জন্ম নেয়া ইজ্জেলদিন আল-হাইয়া হামাসপ্রধানের জীবিত থাকা শেষ ছেলে। ইসরাইলি বাহিনীর হামলায় তার অন্য চার ভাই এর আগে নিহত হয়েছেন।
হামাস এক বিবৃতিতে জানায়, ইসরাইলি বাহিনী একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলা চালিয়েছে। হামাসপ্রধান খলিল আল-হাইয়াকে লক্ষ্য করে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দেয়া হুমকির সঙ্গে এই হামলার সম্পর্ক রয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।
হামাসের অভিযোগ, ২০২৫ সালের গাজা যুদ্ধবিরতি চুক্তি দুর্বল করে দিতে ইসরাইল এ ধরনের হামলা চালাচ্ছে। সংগঠনটি জানিয়েছে, অব্যাহত হামলার পরিণতির জন্য ইসরাইলকেই সম্পূর্ণ দায় নিতে হবে।
নাইমের ভাষ্য অনুযায়ী, ইজ্জেলদিন আল-হাইয়া ২০২৫ সালে ইসরাইলি বিমান হামলায় নিহত হামাম খলিল আল-হাইয়ার যমজ ভাই।
আরও পড়ুন: মক্কা চুক্তির বৈঠকে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানাল সৌদি প্রতিরক্ষামন্ত্রী
গত শুক্রবার গাজায় ইসরাইলি বাহিনীর পৃথক দুটি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রথম হামলাটি রাফাহ শহরে চালানো হয়, যেখানে তিন ফিলিস্তিনি নিহত এবং দুজন আহত হন।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, তারা তিনজন সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দ্বিতীয় হামলায় গাজা সিটিতে মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) একটি কার্যালয়ে কর্মরত দুই নিরাপত্তাকর্মী নিহত হন বলে ফিলিস্তিনি চিকিৎসা সূত্র জানিয়েছে।
এমএসএফও নিশ্চিত করেছে, নিহত দুজন তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। হামলার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ নিয়ে গাজায় তাদের নিহত কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।
আরও পড়ুন: ৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের
ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করেছে, নিহত দুজন এমএসএফের হয়ে কাজ করতেন। তবে তাদের দাবি, ওই ব্যক্তিরা মানবিক সহায়তাকর্মীর ছদ্মবেশে থাকা হামাসের সদস্য ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন