ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের কথা স্বীকার করল ইসরাইলি সেনারা


গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের কথা স্বীকার করল ইসরাইলি সেনারা

গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জোরপূর্বক ‘মানবঢাল’ হিসেবে ব্যবহারের কথা স্বীকার করেছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনা ও কমান্ডাররা। বুধবার রাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানে সম্প্রচারিত একটি অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে তাদের এই স্বীকারোক্তি প্রকাশিত হয়েছে।

বুধবার রাতের কানের অনুসন্ধানী প্রামাণ্যচিত্র সিরিজ ‘জমান এমেত’ (রিয়েল টাইম বা সত্যের সন্ধানে)-এর এক ঘণ্টার বিশেষ পর্বে মানবঢাল ব্যবহারের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। এতে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের প্রকাশ্য সাক্ষ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রামাণ্যচিত্রে উল্লেখ করা হয়েছে, গাজায় সামরিক অভিযান পরিচালনার সময় বিভিন্ন ইউনিট নিরীহ ফিলিস্তিনিদের জোরপূর্বক নিয়োগ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঝুঁকিপূর্ণ স্থানে আগাম তল্লাশি চালানোর কাজে ব্যবহার করেছে। এর উদ্দেশ্য ছিল ইসরাইলি সেনাদের প্রাণহানির ঝুঁকি কমানো। এ কাজে কোনো কার্যকর তদারকি ছিল না এবং ঊর্ধ্বতন কমান্ডাররাও বিষয়টি উপেক্ষা করেছেন। শেষ পর্যন্ত নিম্নপদস্থ সেনাদের উদ্যোগেই এ কাজ বন্ধ হয়।

আরও পড়ুন: নেতানিয়াহু জনসমক্ষে এসে প্রমাণ করেছেন তিনি ‘মরেননি’

সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে মানবঢাল হিসেবে ব্যবহৃত ব্যক্তিদের ভিন্ন ভিন্ন সাংকেতিক নামে ডাকা হতো। এসব নামের মধ্যে ছিল ‘হিউম্যান প্ল্যাটফর্ম’, ‘শাভিশ’—নিম্নপদস্থ সেনা বোঝাতে ব্যবহৃত একটি কথ্য শব্দ—এবং ‘মসকুইটো’ বা মশা।

সেনাদের স্বীকারোক্তি অনুযায়ী, সামরিক চেকপোস্ট থেকে আটক কিংবা যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার পথে পাওয়া নিরীহ ফিলিস্তিনিদের বেছে নিয়ে এসব কাজে ব্যবহার করা হতো। তাদের হাত বেঁধে, চোখ ঢেকে বিপজ্জনক ভবনে প্রবেশ করানো হতো। এমনকি তাদের মধ্যে একজনের বয়স ছিল প্রায় ১৬ বছর।

এক সেনা জানান, তাদের ইউনিটে দুই ফিলিস্তিনিকে দিয়ে এক দিনে চার থেকে ছয়টি ভবনে তল্লাশি চালানো হয়েছিল। আরেক কর্মকর্তা জানান, মোহাম্মদ নামের এক ফিলিস্তিনিকে প্রায় দুই সপ্তাহ ধরে এ কাজে ব্যবহার করা হয়। ওই ব্যক্তি বারবার তার মা-বাবার কাছে ফিরে যাওয়ার আকুতি জানাতেন।

প্রামাণ্যচিত্রের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হয়। তবে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। যুদ্ধ চলাকালে কতজন ফিলিস্তিনিকে এভাবে ব্যবহার করা হয়েছে, তা-ও অজানা। কারণ, এসব ঘটনার যথাযথ নথি সংরক্ষণ করা হয়নি। তবে কয়েকজন সেনাসদস্য দাবি করেছেন, কিছু ইউনিটের প্রতিটি কোম্পানিতেই একজন করে ‘মসকুইটো’ ছিল।

আরও পড়ুন: ইসরাইলের গুপ্তহত্যাচেষ্টা থেকে বাঁচলেন হামাস প্রধানের ছেলে

একাধিক ঘটনায় ইসরাইলি সেনাদের গুলিতে মানবঢাল হিসেবে ব্যবহৃত ফিলিস্তিনিরা নিহত হন। তাদের কেউ কেউ সেনাদের পোশাক পরা থাকলেও তাদের শরীরে কোনো সুরক্ষাসামগ্রী ছিল না।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরুর দিকে আটক ফিলিস্তিনিদের নিয়মিতভাবে বিভিন্ন ভবন ও সুড়ঙ্গে প্রবেশ করে তল্লাশি চালাতে বাধ্য করা হতো বলে আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। অথচ ইসরাইলি সামরিক বাহিনীর নীতিমালায় এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ বলে দাবি করা হয়েছিল।

২০২৪ সালের আগস্টে ইসরাইলি দৈনিক হারেৎজ প্রথম গাজায় ইসরাইলি সেনাবাহিনীর মানবঢাল ব্যবহারের বিষয়টি প্রকাশ্যে আনে। এরপর এ ধরনের ঘটনায় অন্তত ১০টি ফৌজদারি তদন্ত শুরু করার কথা স্বীকার করে আইডিএফ।

প্রতিবেদনে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠে এসেছে। যদিও ইসরাইল বরাবরই দাবি করে আসছে, হামাস গাজার বেসামরিক জনগণ ও আবাসিক স্থাপনাকে সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করে।

আরও পড়ুন: ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটা ১৩ বিলিয়ন ডলার ছাড়াবে

সূত্র: টাইমস অব ইসরাইল

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে: আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ এম


সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে: আবহাওয়া অফিস

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, যদিও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপে ৩৩ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, রংপুর বিভাগের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াস হিসেবে রেকর্ড করা হয়েছে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশের কোন এলাকায় বৃষ্টিপাত হয়নি বলেও আবহাওয়া অফিস জানায়।

আবহাওয়ার সিনপটিক অবস্থার বিষয়ে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৩ মিনিটে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে ১০০ টাকায় ম্যাকাও পাখির দেখা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ এম


প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে ১০০ টাকায় ম্যাকাও পাখির দেখা

রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর মেলায় দর্শকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে একটি ম্যাকাও পাখি। প্রধানমন্ত্রীর সঙ্গে পাখিটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এটি নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বর্তমানে মাত্র ১০০ টাকা খরচ করে মেলায় আসা দর্শনার্থীরা পাখিটির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন পশুপাখির সঙ্গে সময় কাটান। প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ম্যাকাও পাখির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পাখিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বৃদ্ধি পায়।

শুক্রবার (২৭ নভেম্বর) মেলা প্রাঙ্গণে পাখিটির সঙ্গে ছবি তুলতে আগ্রহী দর্শকদের ভিড় দেখা যায়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা লাইনে দাঁড়িয়ে ছবি তোলার অপেক্ষায় ছিলেন। কেউ পাখিটির সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ সেই মুহূর্তটি ভিডিও করে রাখছেন।

ম্যাকাও পাখিটির প্রদর্শনীর আয়োজন করেছে ‘বার্ড মেনিয়া’ নামের একটি শপ। আয়োজকদের মতে, প্রদর্শনীতে ম্যাকাওসহ বিভিন্ন জাতের পাখি রাখা হয়েছে। অন্যান্য প্রদর্শনীর মতো এখানেও পাখির সঙ্গে ছবি তোলার জন্য নির্ধারিত টোকেন মূল্য নেওয়া হচ্ছে। ১০০ টাকা পরিশোধ করেই দর্শনার্থীরা পাখির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন।

এ তিন দিনব্যাপী মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শন করা হচ্ছে। বিশাল আকৃতির ষাঁড়, দুম্বা, ভেড়া, বিদেশি কুকুর-বিড়ালসহ নানা প্রজাতির পাখি রয়েছে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা ম্যাকাও পাখিটির প্রতি দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি। ফলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মেলায় পাখিটির স্টল অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে অবস্থিত আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এ আহ্বান জানান।

জামায়াত আমির উল্লেখ করেন, ‘সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। জামায়াত কোনো কিছুর বিনিময়ে গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরে আসবে না।’

ডা. শফিকুর রহমান আরও মন্তব্য করেন যে, গণভোটের রায় উপেক্ষা করা হলে পুরোনো ফ্যাসিস্টরা আবারও ফিরে আসার পথ খুঁজে পাবে।

তিনি বলেন, ‘বিএনপি কথা দিয়েছিল, তারা আর অতীতের রাজনীতিতে ফিরে যাবে না। কিন্তু তারা আবারও দলীয়করণের পথে হাঁটছে। যদি একটি জাতি দলীয়করণকৃত শিক্ষাব্যবস্থা পায়, তবে সেই শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ অনিশ্চিত।’

জামায়াত আমির আরও বলেন, ‘একসময়ের মজলুম একটি দল অভ্যুত্থানের পর যেভাবে চরিত্র বদল করেছে, তাতে জনগণ তাদের প্রতি আর আস্থা রাখতে পারছে না।’

বিরোধীদলীয় নেতা মন্তব্য করেন যে, অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন সরকারের আহ্বান করা জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে।

দেশের সশস্ত্র বাহিনী এবং জনগণকে সার্বভৌমত্ব রক্ষায় এক কাতারে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়।’

এ সময় জামায়াত আমির অতীতকে পেছনে ফেলে নতুন প্রজন্মকে আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫০ জন গ্রেফতার, ৩৫ মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫০ জন গ্রেফতার, ৩৫ মামলা দায়ের

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬ : রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৪ ঘণ্টার মধ্যে ৫৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের আটক করা হয়। এর মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৭৮ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, মিরপুর বিভাগে ১৬৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, ১০টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ হাজার ৫৪ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন এবং এক ভিকটিম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%