১১:৩০ এম
ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্পেনের বার্তা সংস্থা ইএফই এই তথ্য প্রকাশ করেছে। কর্তৃপক্ষ অঞ্চলটিতে অভিবাসীদের প্রবাহ সামাল দিতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
আটলান্টিক মহাসাগর, যা বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিবাসনপথ হিসেবে পরিচিত, পাড়ি দিতে গিয়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। স্পেনে রোববারের সাধারণ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এই ঘটনা দেশটির রাজনীতিতে অভিবাসন ইস্যুকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
ইএফই জানায়, নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ তীরে আনা হয়েছে। নৌকাটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। এর আগে দেশটির সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা জানিয়েছিল, নৌকাটিতে ৮ থেকে ১০ জনের মৃতদেহ পাওয়া গেছে। গুরুতর আহত ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নৌকাটির সন্ধান এল হিয়েরো দ্বীপের দক্ষিণে ৩৯ নটিক্যাল মাইল (৭২ কিলোমিটার) দূরে পাওয়া যায়। পরে সেটিকে টেনে লা এসতাকা বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের কথা স্বীকার করল ইসরাইলি সেনারা
এদিকে, পৃথক একটি নৌকায় করে আসা ৮৪ জন জীবিত অভিবাসী দ্বীপটির লা রেস্তিঙ্গা বন্দরে পৌঁছেছেন। সেখানে অভিবাসীদের জন্য একটি অভ্যর্থনাকেন্দ্র ও অস্থায়ী হাসপাতাল রয়েছে। দ্বীপটিতে পৌঁছানো অধিকাংশ অভিবাসীবাহী নৌকার যাত্রীদের সেখানেই প্রাথমিকভাবে নেওয়া হয়।
এক দিনে অভিবাসী আগমনের রেকর্ড
গত অক্টোবর থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন বেড়ে গেছে। গত ২৫ নভেম্বর একদিনেই রেকর্ড ২ হাজার ১০০ জন অভিবাসী দ্বীপপুঞ্জে পৌঁছান। তাদের অধিকাংশই এল হিয়েরো দ্বীপে আসেন। দ্বীপটির জনসংখ্যা মাত্র ১১ হাজার ৪০০।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন: ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটা ১৩ বিলিয়ন ডলার ছাড়াবে
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন