প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর হাটগুলোতে চলতি আমন মৌসুমে নতুন ধানের সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে, বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় স্থানীয় কৃষকরা হতাশা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, সিন্ডিকেট ও মিলারদের নিয়ন্ত্রণের কারণে তারা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
জেলার অন্যতম বৃহৎ ধানের মোকাম মহাদেবপুর হাটে গিয়ে দেখা যায়, প্রতি মণ স্বর্ণা-৫ জাতের ধান ১ হাজার ৮০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং ব্রি-৪৯ জাতের ধান ১ হাজার ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সুগন্ধি নব্বই জাতের ধান প্রতি মণ ২ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ সরকার চলতি মৌসুমে প্রতি মণ আমন ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে ১ হাজার ৪০০ টাকা। সেই হিসেবে হাটগুলোতে সরকারি দরের চেয়ে মণপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা কমে ধান কিনছেন মিলার ও ব্যবসায়ীরা।
মহাদেবপুর হাটে ধান বিক্রি করতে আসা মহিষবাথান এলাকার কৃষক নজরুল ইসলাম, উত্তরগ্রামের জাহেদুল ইসলাম এবং খাজুর এলাকার হামিদুল ইসলাম জানান, কয়েক দিন আগে অসময়ের বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে আবহাওয়া অনুকূলে আসায় তারা ধান কেটে হাটে নিয়ে এসেছেন। কিন্তু বর্তমান বাজারদরে ধান বিক্রি করে তাদের বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে।
কৃষকদের ভাষ্যমতে, সার ও কীটনাশকের দাম চড়া। তার ওপর ধান কাটার শ্রমিকদের দৈনিক মজুরি ৭০০ থেকে ৮০০ টাকা দিতে হচ্ছে। উৎপাদন ও শ্রমিক খরচ বাদ দিলে বর্তমান দামে ধান বিক্রি করে লাভ তো দূরের কথা, আসল খরচই উঠছে না।
অন্যদিকে, ধানের দাম কম হওয়ার পেছনে মানের দোহাই দিচ্ছেন ব্যবসায়ীরা। মহাদেবপুর হাটে ধান কিনতে আসা উমর ফারুক ও মিল ব্যবসায়ী মামুন জানান, হাটে ধানের সরবরাহ প্রচুর, কিন্তু সাম্প্রতিক বৃষ্টিতে ধানের রং নষ্ট হয়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে। তবে চিনি আতপ জাতের ধানের বাজারদর বেশ ভালো রয়েছে বলে জানান তারা।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. মুনজুর রহমান জানান, চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এখন পর্যন্ত মাঠের প্রায় ২০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।
চলতি আমন সংগ্রহ অভিযানে নওগাঁ জেলা থেকে ১১ হাজার মেট্রিক টন ধান এবং ১৯ হাজার মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন