১১:৩১ এম
স্প্যানিশ ফুটবলের ইতিহাসে এ্যাথলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনের অধীনে লা লিগা ম্যাচ জয়ের রেকর্ডে অন্য কোনো কোচের তুলনায় বেশি কীর্তি নেই।
গত সপ্তাহে আর্জেন্টাইন এই কোচ ক্যারিয়ারের ৩৪৫তম জয় অর্জন করেছেন। এর ফলে, স্পেনের দুই ঐতিহ্যবাহী জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে ধরার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রেখেছে রোজিব্লাঙ্কোরা।
শনিবার এলচের মাঠে তৃতীয় স্থানে থাকা এ্যাথলেটিকো খেলতে যাচ্ছে। সিমিওনে তার জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করার পাশাপাশি দলকে তৃতীয় লা লিগা শিরোপা জেতানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। তিনি এর আগে ২০১৪ ও ২০২১ সালে শিরোপা জিতেছিলেন।
আরও পড়ুন: মেসির ইন্টার মিয়ামির প্লে-অফে বিদায়, শেষ মুহূর্তের গোলে হার কলম্বাস ক্রুর কাছে
২ ডিসেম্বর বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে, এ্যাথলেটিকো কাতালান ক্লাবটির চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ খেলার জন্য দুই দলকে প্রস্তুতি নিতে হবে, তাই ম্যাচটি এগিয়ে আনা হয়েছে।
রোববার দেপোর্তিভো লা করুনার মাঠে বার্সেলোনা খেলবে। অন্যদিকে, শনিবার আলাভেসকে আতিথ্য দেবে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ। এ্যাথলেটিকোর চেয়ে তারা দুই পয়েন্ট এগিয়ে রয়েছে।
সদ্য প্রয়াত লুইস আরাগোনেসের ৩৪৪ জয়ের রেকর্ডকে অতিক্রম করে সিমিওনে সর্বকালের তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছেন।
নিজের এই অর্জন সম্পর্কে সিমিওনে বলেন, “এই ৩৪৫টি জয়ের পেছনে থাকা সবার সঙ্গে আমি এই অর্জন ভাগ করে নিতে চাই। আমার পরিবার, বর্তমান ও সাবেক কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে।”
আরও পড়ুন: বার্সেলোনায় কোচ হিসেবে ফেরার সম্ভাবনা নাকচ করলেন গার্দিওলা
তিনি আরও বলেন, “সাধারণত খুব বেশি বিষয়ে আমি আবেগপ্রবণ হই না। তবে এই পর্যায়ে পৌঁছাতে অবিশ্বাস্য পরিশ্রম করতে হয়েছে।”
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্য ভেঙে দুটি লিগ শিরোপা জেতা ছিল বড় কৃতিত্ব। চলতি মৌসুমে এ্যাথলেটিকো আবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করার সামর্থ্য দেখাচ্ছে।
আন্তর্জাতিক বিরতির আগে বার্সেলোনার কাছে হারের আগে, এ্যাথলেটিকো টানা সাতটি লিগ ম্যাচ জিতেছিল। ওই জয়ের ধারায় নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডার্বি জয়ও অন্তর্ভুক্ত ছিল।
দলের দুর্দান্ত শুরুর সময়েও সেরা ছন্দে ছিলেন না তারকা খেলোয়াড় জুলিয়ান আলভারেজ। এতে বোঝা যায়, এ্যাথলেটিকোর সামনে আরও ভালো করার সুযোগ রয়েছে। গ্রীষ্মকালীন দলবদলে ক্লাব ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। বার্সেলোনায় যাওয়ার চেষ্টা করলেও এ্যাথলেটিকো কঠোরভাবে তা আটকে দেয়।
আরও পড়ুন: ৩ বছর পর মুম্বাইয়ের নেতৃত্ব পেয়ে আত্মবিশ্বাসী রোহিতের প্রতিশ্রুতি
মৌসুমের শুরুতে ছন্দহীন ছিলেন আলভারেজ, ফিটনেস নিয়েও ভুগছিলেন। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন মাত্র তিনটি গোল।
তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে ২০২২ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড নিজের সামর্থ্যরে ঝলক দেখাতে শুরু করেছেন। সমর্থকদের সঙ্গে তাঁর টানাপোড়েনও কমেছে।
গত সপ্তাহে গেতাফের বিপক্ষে জয়ে এ্যাথলেটিকোর প্রথম দুটি গোলে সহায়তা করেন আলভারেজ। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ভাইকিংয়ের বিপক্ষে ফ্রি-কিক থেকে গোলও করেন তিনি।
সিমিওনে বলেন, “সে সত্যিই অসাধারণ একজন খেলোয়াড়, দুর্দান্ত। ব্যক্তি হিসেবে তাকে আমার ভালো লাগে, ফুটবলার হিসেবে আমি তাকে সমর্থন করি এবং খেলোয়াড় হিসেবে তাকে বুঝি।”
আরও পড়ুন: আজ বিসিবির বোর্ড সভা, আলোচনায় থাকছে জাতীয় দলের পারফরম্যান্স ও কোচিং প্যানেল
তিনি আরও বলেন, “আগের ম্যাচগুলোতে গোল না করলেও আক্রমণের এমন কোনো উদ্যোগ নেই, যেখানে তার ভূমিকা থাকে না। সে সব সময় গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমরা যেখানে পৌঁছাতে চাই, সেখানে যেতে হলে আমাদের সেরা জুলিয়ান আলভারেজকে প্রয়োজন।”
সিমিওনের আগের দুটি শিরোপা জয়ের পেছনেও দক্ষিণ আমেরিকার দুই স্ট্রাইকারের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ২০১৪ সালে ব্রাজিলের দিয়েগো কস্তা এবং ২০২১ সালে উরুগুয়ের লুইস সুয়ারেজ ছিলেন শিরোপা জয়ের অন্যতম নায়ক।
আলভারেজের ছন্দে ফেরা সিমিওনের অধীনে এ্যাথলেটিকোর তৃতীয় শিরোপা জয়ের অভিযানে বড় সহায়তা হতে পারে।
এ্যাথলেটিকোর মিডফিল্ডার কোকে মনে করেন, ২০১১ সালে ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকে সিমিওনের খুব বেশি পরিবর্তন হয়নি। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তাঁর ফুটবল দর্শন আরও আক্রমণাত্মক হয়েছে।
আরও পড়ুন: ‘হালান্ড ও মারেসকা: ম্যাচ না জিতলে হতাশা স্বাভাবিক’
অভিজ্ঞ এই মিডফিল্ডার বলেন, “আমার মনে হয়, কার্যত কোনো কিছুই বদলায়নি। কারণ, তাঁর মধ্যে এখনো আগের মতোই উদ্দীপনা, উচ্চাকাঙ্খা ও জয়ের ক্ষুধা রয়েছে। আমার বিশ্বাস, এগুলো কখনো বদলাবে না।”
“অবশ্যই, তাঁর বয়স কিছুটা বেড়েছে। তবে বাকি সবকিছু আগের মতোই আছে। অনুশীলনে তিনি এখনো খুব কঠোর, এক মুহূর্তের জন্যও আমাদের ঢিলেমি করতে দেন না। এটাই পার্থক্য গড়ে দেয় এবং সেরাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করার সামর্থ্য জোগায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন