প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে প্লে-অফে নেমেছিল ইন্টার মিয়ামি। কিন্তু সেই স্বপ্নের সমাধি ঘটল যোগ করা সময়ের একটি গোলে। কলম্বাস ক্রুর মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১-০ ব্যবধানে হেরে গেল লিওনেল মেসির দল, এমএলএস কাপের প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল তারা। বর্তমান চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরে যাওয়ার পর দুই ম্যাচেই তাদের শিরোপা অভিযানের সমাপ্তি ঘটল।
শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় স্কটসমিরাকল-গ্রো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। নির্ধারিত ৯০ মিনিটে কেউ গোলের দেখা পায়নি। মনে হচ্ছিল, হয়তো ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কলম্বাসের সান্তিয়াগো রদ্রিগেস সব হিসাব পাল্টে দেন। গোলমুখে তৈরি হওয়া জটলার মধ্যে কাছ থেকে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠিয়ে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন তিনি।
এর আগে ১৪ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। বক্সের মধ্যে উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হন আর্জেন্টাইন অধিনায়ক। দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে জার্মান বেরতেরামের সামনে সুযোগ এসেছিল। কিন্তু কাছ থেকে নেওয়া তাঁর শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
এই জয়ে টানা আট ম্যাচে জয়ের কৃতিত্ব দেখাল কলম্বাস। অন্তর্বর্তীকালীন কোচ লরাঁ কুর্তোয়ার অধীনে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে দলটি। মৌসুমের মাঝপথে কোচ হেনরিক রিদস্ত্রম বরখাস্ত হওয়ার সময় ইস্টার্ন কনফারেন্সের তলানিতে ছিল তারা। এরপর শেষ নয় ম্যাচের আটটিতে জিতে প্লে-অফে জায়গা করে নেয় কলম্বাস। এবার বিদায় করল বর্তমান চ্যাম্পিয়নদেরও।
২০২৩ সালে মেসি যোগ দেওয়ার পর দ্বিতীয়বার প্লে-অফের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ল মিয়ামি। ২০২৪ সালে আটলান্টা ইউনাইটেডের কাছে তিন ম্যাচের সিরিজে হেরেছিল তারা। তবে এবার প্রথমবারের মতো মাত্র দুই ম্যাচেই শেষ হলো তাদের প্রথম রাউন্ডের লড়াই।
ব্যক্তিগতভাবে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন মেসি। ২০২৬ মৌসুম শেষ করেছেন ২৬ গোল ও ১৭ অ্যাসিস্ট নিয়ে। তিনি জিতেছেন এমএলএসের গোল্ডেন বুটও। দলের বিদায়ের পর এখন আলোচনায় রয়েছে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা।
২০২৭ মৌসুমে এমএলএসের সংক্ষিপ্ত আসরের পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ও লিগস কাপে খেলবে মিয়ামি। নিয়মিত মৌসুমের পারফরম্যান্সের সুবাদে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও জায়গা পেয়েছে তারা। ১৯ ফেব্রুয়ারি এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন এমএলএস অভিযান শুরু করবে মিয়ামি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন