ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভর্তি ছাড়াই সনদ মেলে, সক্রিয় জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি


ভর্তি ছাড়াই সনদ মেলে, সক্রিয় জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে স্নাতক ও স্নাতকোত্তরের সনদ পাওয়া যাচ্ছে। টাকার বিনিময়ে নম্বরপত্র সহ বিভিন্ন একাডেমিক নথি তৈরি হচ্ছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সনদ জাল করা হচ্ছে এমনভাবে, যা অনলাইনে যাচাই করা কঠিন হয়ে পড়ছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে সংঘবদ্ধ চক্র এ কাজে লিপ্ত রয়েছে। কোথাও কোথাও বিশ্ববিদ্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। এতে শুধু সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে না, বরং দেশের উচ্চশিক্ষার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ ও নম্বরপত্র জালিয়াতির অভিযোগ দীর্ঘদিনের। ভর্তি ছাড়াই মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব সনদ পাওয়া যাচ্ছে। তবে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নামে জাল সনদ ব্যবহারের অভিযোগ তুলনামূলক বেশি পাওয়া যায়। এসব সনদ ব্যবহার করে দেশ-বিদেশে নানা চাকরি বা কাজে যুক্ত হচ্ছেন অনেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে চিকিৎসক, ইঞ্জিনিয়ারসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব ধরনের জাল সনদ বিক্রির চক্র শক্তভাবে দাঁড়িয়ে গেছে। এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অসাধু কিছু ব্যক্তিও সনদ জালিয়াতিতে জড়িত বলে জানা গেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের জালিয়াত চক্র এত সূক্ষ্ম ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সনদ তৈরি করে, যা ভেরিফিকেশন ছাড়া সহজে ধরা পড়ে না। আর সবক্ষেত্রে সনদ ভেরিফিকেশন না করার কারণে বিভিন্ন চাকরি বা অন্যান্য কাজে জাল সনদ ব্যবহার করে পার পেয়ে যাচ্ছেন অনেকে। এমনকি কিছু ক্ষেত্রে অনলাইন ভেরিফিকেশনের নামেও প্রতারণা করে থাকে জালিয়াত চক্র।

আরও পড়ুন: ৭৩ লাখ ছাত্রীকে উপবৃত্তি, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

জানা গেছে, আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ নানা কৌশলে সনদ জালিয়াতির মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। এর সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু অসাধু ব্যক্তির পাশাপাশি বাইরের শক্তিশালী একটি চক্র জড়িত।

সনদ জালিয়াতির তৎপরতায় চরম অতিষ্ঠ বিশ্ববিদ্যালয় মালিক কর্তৃপক্ষ অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) সঙ্গে জড়িত সংঘবদ্ধ এ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এ বিষয়ে সংগঠনটি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত আবেদনও করেছে। তবে এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।

সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ বিক্রির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেছেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রি করছে। এ অনিয়ম বন্ধে ভর্তি থেকে শুরু করে সনদ দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় নজরদারির ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পরপরই তাদের তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সংরক্ষণের ব্যবস্থা করা এবং কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের সনদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএর বিনামূল্যে সুযোগ

২৩ নভেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে মন্ত্রী জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব সনদ কেন্দ্রীয় পর্যবেক্ষণের আওতায় আনতে ইউজিসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনি হলফনামায় জাল সনদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক প্রার্থীর হলফনামায় ইবাইস ইউনিভার্সিটির একটি এমবিএ সনদ ব্যবহারের অভিযোগ উঠেছে। ২০০৮ সালের নভেম্বরে ইস্যু করা ওই সনদে ব্যবস্থাপনা বিষয়ে ৩.২৮ সিজিপিএ উল্লেখ রয়েছে। সনদটি জাল দাবি করে হাইকোর্টে রিট করা হয়। পরে রিটকারী ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সার্টিফিকেটটি জাল বলে লিখিতভাবে জানান রেজিস্ট্রার আলমগীর হোসেন।

জাল সনদের বিষয়ে জানতে চাইলে তার পক্ষে প্রশাসনিক কর্মকর্তা মোতালেব জানান, বিশ্ববিদ্যালয়ের মালিকানা নিয়ে দুটি গ্রুপের মামলা চলছে। তাই এ জাল সনদ অপর গ্রুপ দিয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এটি আমাদের এখান থেকে দেওয়া হয়নি।

আরও পড়ুন: স্কুলে ভর্তিতে এক জন্মনিবন্ধনে কতটি আবেদন করা যাবে, বলছে নীতিমালা

ইউজিসির ওয়েবসাইটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১১৩ নম্বরে রয়েছে ইবাইস বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির নামের পাশে তিনটি লাল তারকা দিয়ে বিশেষ সতর্কতা উল্লেখ করে বলা হয়েছে, বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) নিয়ে মামলা চলমান, উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নেই এবং অস্থায়ী অনুমতির মেয়াদ শেষ হয়েছে। তাই আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার আইনগত ভিত্তি নেই বলেও উল্লেখ রয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জের ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজিতেও (ইউসেট) সনদ বাণিজ্যের অভিযোগ উঠেছে। গত ১ অক্টোবর ইউজিসি প্রতিষ্ঠানটির একাডেমিক, প্রশাসনিক, ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়ে নোটিস জারি করে।

৫০ হাজার থেকে চার লাখ টাকায় সনদ

সনদ জালিয়াত চক্রের অপতৎপরতা নতুন নয়। ২০২৩ সালে এমন একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের একজন ছিলেন বন্ধ হয়ে যাওয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালক। পুলিশ জানায়, চক্রটি ৫০ হাজার থেকে চার লাখ টাকার বিনিময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জাল মার্কশিট-সার্টিফিকেট তৈরি করত।

আরও পড়ুন: পাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, যেসব সনদ যাচাইয়ের সম্ভাবনা কম, সেগুলো ৫০ হাজার থেকে এক লাখ টাকায় তৈরি করা হতো। আর যাচাই হতে পারে—এমন সনদের জন্য নেওয়া হতো তিন-চার লাখ টাকা। জালিয়াতির কাজে বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের মূল কাগজ ব্যবহার করা হতো। ফলে কাগজের মান, ছাপা কিংবা অন্যান্য বাহ্যিক বৈশিষ্ট্য দেখে অনেক সময় সনদটি জাল বলে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

কোনো কোনো ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় অনলাইন ডেটাবেজে ভুয়া তথ্য যুক্ত করার অভিযোগও রয়েছে। এতে অনলাইনে যাচাই করতে গিয়ে সনদটি আসল বলে মনে হওয়ার ঝুঁকি তৈরি হয়। অর্থাৎ শুধু কাগজ জাল করেই থেমে থাকছে না চক্রটি; যাচাইব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে তথ্যও কারসাজি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সনদ জালিয়াতি প্রসঙ্গে এপিইউবির সচিবালয়ের পরিচালক বেলাল আহমেদ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে সনদ জালিয়াতির প্রায় ৯৮ শতাংশ ঘটনা বাইরের সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ঘটছে। বাকিটুকুর ক্ষেত্রে দুর্বল একাডেমিক ব্যবস্থাপনার কিছু বিশ্ববিদ্যালয়ের অসাধু ব্যক্তির সংশ্লিষ্টতা থাকতে পারে।

তিনি বলেন, প্রতারক চক্র প্রযুক্তিগতভাবে এগিয়ে এ কাজ করছে। এমনকি প্রকাশ্যে বিভিন্ন মাধ্যমে জাল সনদের জন্য ঘোষণাও দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপে ‘প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিক সার্টিফিকেট সাপোর্ট’ নামে গ্রুপ খুলেও এ ধরনের কার্যক্রম চালানো হচ্ছে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন আজ শেষ

বেলাল আহমেদ জানান, এপিইউবি শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে লিখিত আবেদন করেছে। এসব চক্রের বিরুদ্ধে অভিযান ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে তাদের জানামতে, আবেদনের পর এখনো দৃশ্যমান অভিযান বা ব্যবস্থা নেওয়া হয়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) আখতার হোসেন এ প্রসঙ্গে বলেন, সনদ জালিয়াত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নানা সময়ে অভিযান চালিয়ে এ ধরনের চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

যাচাই করতে গিয়ে ধরা

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সনদ যাচাই করতে গিয়ে জালিয়াতির ঘটনা ধরা পড়ার নজির রয়েছে। এশিয়ান ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের উপপরিচালক বদিউর রহমান সোহেল আমার দেশকে বলেন, এক সরকারি কর্মচারী পদোন্নতিসংক্রান্ত বিষয়ে সনদ যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ে এলে সেটি জাল বলে শনাক্ত হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তি চার-পাঁচ লাখ টাকায় সনদটি কিনেছিলেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: শ্রেণি পাঠে ভরসা নেই, প্রাথমিকেই কোচিংয়ের চাপে শিশুরা

তিনি জানান, একইভাবে এক ব্যাংক কর্মকর্তার কাছেও জাল সনদ পাওয়া যায়। ওই ব্যক্তি আমাদের টাকার বিনিময়ে সনদ ভেরিফিকেশন করিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। কয়েক বছর আগে এ ধরনের আরো বিভিন্ন প্রস্তাব আসে। বিশেষ করে পতিত আওয়ামী সরকারের সময়ে বিভিন্ন মহল জাল সনদ নেওয়ার জন্য নানাভাবে চাপও প্রয়োগ করত। তবে আমরা এ ধরনের কোনো প্রস্তাবে কখনো সাড়া দিইনি।

কেন্দ্রীয় যাচাইব্যবস্থার দাবি

গত ১৮ অক্টোবর শিক্ষামন্ত্রী বরাবর জমা দেওয়া এপিইউবির আবেদনে বলা হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে জাল সনদ ও নম্বরপত্র তৈরি, ভুয়া শিক্ষাপ্রতিষ্ঠানের নামে প্রতারণা, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে সনদ বিক্রির প্রচার এবং অনলাইন যাচাইব্যবস্থায় কারসাজির মতো ঘটনা ঘটছে। কোথাও কোথাও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নকল করেও প্রতারণা করা হচ্ছে। এ বাস্তবতায় কোনো জাল সনদ পাওয়া গেলেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রাথমিকভাবে দায়ী বলে ধরে নেওয়া সমস্যার সমাধান নয়।

এ ধরনের জালিয়াতি বন্ধে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করা হয়। সেগুলো হলোÑসব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য স্বতন্ত্র শিক্ষাগত সনদ শনাক্তকরণ নম্বর, ডিজিটাল স্বাক্ষরযুক্ত কিউআর কোড এবং অভিন্ন ডিজিটাল যাচাই ব্যবস্থা চালু করা; বিদেশি বিশ্ববিদ্যালয়, দূতাবাস, নিয়োগকারী প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থার জন্য তাৎক্ষণিকভাবে সনদ যাচাইয়ের সুবিধা নিশ্চিত করা; ইউজিসির ওয়েবসাইটে সব স্বীকৃত বিশ্ববিদ্যালয়, অনুমোদিত শিক্ষাক্রম এবং সনদ যাচাইয়ের জন্য নির্ধারিত সরকারি ওয়েব ঠিকানার নির্ভরযোগ্য ও প্রামাণিক তালিকা প্রকাশ করা; প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সনদ ইস্যুসংক্রান্ত তথ্যভান্ডার পাবলিক ওয়েবসাইট/সিএমএস থেকে প্রযুক্তিগতভাবে পৃথক রাখা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্টিফিকেট অ্যাটেস্টেশন সার্ভিসের সঙ্গে সিকিউর এপিআই সংযোগ স্থাপন করা ইত্যাদি।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) অনুসন্ধানে গত দুই বছরে ৪৭১ শিক্ষকের জাল সনদ শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব সনদের মধ্যে শিক্ষক নিবন্ধন, কম্পিউটার প্রশিক্ষণ, বিএড ও বিপিএড সনদ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও জাল সনদ ব্যবহারের এ তথ্য উদ্বেগ বাড়িয়েছে।

এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ মনিটরিংয়ে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক নির্দেশনা প্রসঙ্গে জানতে চাইলে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ গতকাল শুক্রবার কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে তিনি জনসংযোগ শাখায় যোগাযোগের কথা বলেন। তবে ইউজিসির জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%