ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন


পাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত সময়ে বই বিতরণের প্রস্তুতি গ্রহণ করছে। কিন্তু বই ছাপার দরপত্র, বাড়তি ব্যয়, কথিত সিন্ডিকেট এবং মুদ্রণের মান নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। বঞ্চিত প্রেস মালিকদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় এনসিটিবির দরপত্র প্রক্রিয়ায় প্রায় ৭০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে।

সংসদীয় স্থায়ী কমিটিতে বিষয়টি উত্থাপনের পর ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে কমিটির প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে।

অভিযোগকারীরা দাবি করেছেন, দরপত্রের প্রাক্কলিত দর ফাঁস, দর বাড়ানো এবং কয়েকটি প্রতিষ্ঠানের যোগসাজশের মাধ্যমে অনিয়ম করা হয়েছে। তবে এনসিটিবি কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয়েছে এবং কোনো অনিয়ম হয়নি।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে যুবদল নেতা মহিউদ্দিন ঝাড়ু স্বপদে ফিরলেন

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা "আমার দেশ"কে জানিয়েছেন, বর্তমানে টেন্ডারসহ সকল প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে। ফলে অনিয়মের সুযোগ নেই। তিনি উল্লেখ করেছেন, "কারো কারো অনুরোধ রক্ষা না করায় ক্ষুব্ধ হয়ে কেউ কেউ ভিত্তিহীন অভিযোগ করতে পারেন।"

সংস্থাটির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু বলেছেন, সংসদীয় স্থায়ী কমিটিতে অভিযোগ করা হয়েছে। তারা তদন্ত করে দেখুক কোনো দুর্নীতি বা অনিয়ম হয়েছে কি না। সদস্য সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌসও জানিয়েছেন, কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি হয়নি; শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করা হয়েছে।

দরপত্রে বাড়তি ব্যয়

বঞ্চিত প্রেস মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বই ছাপায় ফর্মাপ্রতি গড় কার্যাদেশ দর ছিল ২ টাকা ৩১ পয়সা। ২০২৭ শিক্ষাবর্ষে তা বেড়ে ৩ টাকা ৩২ পয়সা হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, এই বৃদ্ধি প্রায় ৪৪ শতাংশ। এতে বাড়তি ব্যয়ের পরিমাণ প্রায় ২৫২ কোটি টাকা বলে অভিযোগ রয়েছে। তবে তাদের সামগ্রিক দুর্নীতির অভিযোগের অঙ্ক প্রায় ৭০০ কোটি টাকা।

আরও পড়ুন: ভারতে পলাতক আ.লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?

সিফাত প্রেস অ্যান্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী মামুন সরকার "আমার দেশ"কে বলেছেন, এনসিটিবির শীর্ষ কর্মকর্তা ও কয়েকজন প্রেস মালিকের যোগসাজশে এবার প্রায় ৭০০ কোটি টাকার অনিয়ম হয়েছে। তিনি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অভিযোগ করেছেন। সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যাকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরো অভিযোগ করেছেন, গত ১৭ বছর যারা বই ছাপার কাজ করেছে, তাদের অনেকেই এবারও কাজ পেয়েছে। অন্যদিকে রাজনৈতিক পরিচয়ের কারণে তার মতো অন্তত ১৫ জন প্রেস মালিক কাজ পাননি বলে দাবি করেন তিনি।

অভিযোগকারীদের আবেদনে বলা হয়েছে, দরপত্র চালু থাকা অবস্থায় প্রাক্কলিত দর বাড়ানো হয়েছে। তাদের দাবি, ৭ জুন দরপত্র চালুর পর ২১ জুন দর বাড়ানো হয়। ষষ্ঠ-সপ্তম এবং অষ্টম-নবম ও দশম শ্রেণির দরপত্র একই দিনে খোলায় দরদাতাদের মধ্যে সমঝোতার সুযোগ তৈরি হয়েছে। দৈনিক মুদ্রণক্ষমতা ৬০০ রিম থেকে বাড়িয়ে ৭০০ রিম ধরা এবং কাজ শেষের সময় ৭০ দিন নির্ধারণের বিষয়েও আপত্তি জানিয়েছেন তারা।

পুনঃদরপত্রে অষ্টম ও নবম-দশম শ্রেণির প্রতিটি লটে সর্বনিম্ন দর ছিল ফর্মাপ্রতি ২ টাকা ৬০ পয়সা, যেখানে দাপ্তরিক প্রাক্কলন ছিল ৩ টাকা ৪৬ পয়সা। ষষ্ঠ-সপ্তম শ্রেণির ক্ষেত্রে সর্বনিম্ন দর ছিল ২ টাকা ৮০ পয়সা, প্রাক্কলিত দর ৩ টাকা ৩২ পয়সা। অভিযোগকারীদের মতে, কার্যকর প্রতিযোগিতার অভাব থাকলে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০২৫-এর বিধি ৪৪(২)(খ) অনুযায়ী দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা যেত।

আরও পড়ুন: ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, আইকিউএয়ারের স্কোর ১৫৫

তারা আরো দাবি করেছেন, সিন্ডিকেটের বাইরে থাকা ১০ থেকে ১৫টি প্রতিষ্ঠান বিভিন্ন লটে সর্বনিম্ন দরদাতা হয়েও কাজ পায়নি। কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠানের মালিক ও মুদ্রণ শিল্প সমিতির নেতাদের বিরুদ্ধেও যোগসাজশের অভিযোগ তুলেছেন তারা। তবে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হওয়া প্রয়োজন।

দুদকের অভিযান, তদন্ত কমিটি

এর আগে গত ৬ অক্টোবর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ ছিল, এনসিটিবির নির্ধারিত প্রাক্কলিত দর কিছু ঠিকাদারের কাছে আগেই ফাঁস হয়েছিল এবং পরে যোগসাজশের মাধ্যমে দর বাড়ানো হয়। অভিযানে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্যতালিকা ও ৪২৩তম বোর্ডসভার কার্যবিবরণীসহ বিভিন্ন নথি সংগ্রহ করা হয়।

দুদক জানিয়েছিল, এসব নথি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, অভিযান-পরবর্তী সময়ে এ ঘটনায় মামলা বা চার্জ গঠনের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

৮ নভেম্বর জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এনসিটিবির বিরুদ্ধে ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়। পরে সেলিমুজ্জামান মোল্যা এমপির নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটির দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণীতে মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের রাজনৈতিক পরিচয় এবং তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সদস্যদের প্রশ্নের বিষয়টি উঠে এসেছে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, প্রাক্কলিত দর প্রেস মালিকদের কাছে পৌঁছানোর অভিযোগকে বড় ধরনের দুর্বলতা হিসেবে দেখেছেন। তিনি অনুসন্ধান করে জড়িতদের চিহ্নিত করার তাগিদ দিয়েছেন।

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খানও স্বচ্ছতা ও জবাবদিহির অভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তার অভিযোগ, সক্ষমতার বাইরে থাকা কিছু প্রতিষ্ঠানকে কাজ দেওয়ায় নিম্নমানের বই ছাপার আশঙ্কা তৈরি হয়েছে। বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

মুদ্রণ শেষের পথে, বিতরণের প্রস্তুতি

আরও পড়ুন: আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী

এদিকে ২৬ নভেম্বর পর্যন্ত এনসিটিবির তথ্য অনুযায়ী, প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বইয়ের ৯৯.১৯ শতাংশ মুদ্রণ শেষ হয়েছে। ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল ও কারিগরি স্তরে এ হার ৮৯.১৮ শতাংশ। এবার সব মিলিয়ে প্রায় ৩১ কোটি বই ছাপা হচ্ছে। ইতোমধ্যে ৪১টি প্রতিষ্ঠান তাদের কাজ শেষ করেছে।

প্রাক-প্রাথমিকের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি বইয়ের মুদ্রণ শতভাগ সম্পন্ন হয়েছে। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির সাত কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬টি বইয়ের মধ্যে ৯৭.২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪টি বইয়ের ৯৪.১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।

এনসিটিবির সদস্য সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস জানিয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের বই উপজেলা পর্যায়ে সরবরাহের লক্ষ্য রয়েছে। তবে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন চারটি বিষয়ের এক কোটি ৫৬ লাখের বেশি কপি বইয়ের মুদ্রণ ও বাঁধাই ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

বই বিতরণের সম্ভাব্য সময় সম্পর্কে এনসিটিবি চেয়ারম্যান ফখরুল মাওলা বলেছেন, স্কুলগুলোর বার্ষিক পরীক্ষার ফল ২৪ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যে কোনো একদিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের পর তারিখ ঘোষণা করা হবে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন আজ শেষ

তিনি জানিয়েছেন, এবার আগের মতো অল্প কিছু বই বা রেপ্লিকা দেখিয়ে আনুষ্ঠানিকতা করা হবে না। শতভাগ বই প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করেই বিতরণ কার্যক্রম শুরু করতে চায় এনসিটিবি। বইয়ের কাগজ, ছাপা, বাঁধাই ও গুণগত মান যাচাই করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বই উৎসবের পরিবর্তে শুধু মোড়ক উন্মোচনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তবে মুদ্রণের অগ্রগতি ও সময়মতো বই বিতরণের প্রস্তুতির পাশাপাশি দরপত্রের অভিযোগ, বাড়তি ব্যয়ের হিসাব এবং ছাপার মান নিয়ে ওঠা প্রশ্নের নিষ্পত্তি এখন গুরুত্বপূর্ণ। তদন্তের ফল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবের ওপর নির্ভর করছে বিতর্কের প্রকৃত চিত্র। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে পাঠ্যবই মুদ্রণের সঙ্গে সংশ্লিষ্ট আওয়ামী দোসরদের একটি চক্রের দুর্নীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন একই কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ এমপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইল গাজায় নিহত এমএসএফের দুই কর্মীকে হামাস বলল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ এম


ইসরাইল গাজায় নিহত এমএসএফের দুই কর্মীকে হামাস বলল

গাজার উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে বিমান হামলায় নিহত বেসরকারি চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) দুই কর্মীকে হামাসের সদস্য হিসেবে চিহ্নিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তারা ইসরাইলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। তবে, এই দাবির পক্ষে ইসরাইলি সামরিক বাহিনী কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

নিহত দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে ইসরাইলি সামরিক বাহিনী। তারা হলেন আহমেদ সুফিয়ান মুহাম্মদ আলী আবু হাসিরা এবং মা’দ ইউসুফ আলী সাবেহ। সামরিক বাহিনীর দাবি, দ্বিতীয় ব্যক্তি হামাসের সশস্ত্র শাখার আর্টিলারি ইউনিটের কমান্ডার ছিলেন।

ইসরাইলি সামরিক বাহিনী হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে এবং চিকিৎসাসেবার অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার বিষয়টিও নাকচ করেছে। তাদের বক্তব্য, বেসামরিক মানুষের প্রাণহানি কমাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

এদিকে, এমএসএফ জানায় যে, শুক্রবার রাতে গাজার সিটিতে তাদের একটি ক্লিনিক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় ক্লিনিকের দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। ফলে, গাজায় সংস্থাটির নিহত কর্মীর সংখ্যা ১৭ জনে পৌঁছেছে।

এমএসএফ জানিয়েছে, ক্লিনিকটি তাদের নিজস্ব লোগো দ্বারা স্পষ্টভাবে চিহ্নিত ছিল এবং ইসরাইলি সামরিক বাহিনী এর অবস্থান সম্পর্কে অবগত ছিল। সংস্থাটি এ হামলার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তাকর্মীদের ওপর হামলাকে ‘নির্লজ্জ ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তেদরোস বলেন, ‘অন্যের জীবন বাঁচাতে যারা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেন, তাদের সুরক্ষা দিতে হবে, হামলা নয়।’

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোলট্রি খামারে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহারে জনস্বাস্থ্য ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ এম


পোলট্রি খামারে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহারে জনস্বাস্থ্য ঝুঁকিতে

মাছ, হাঁস এবং মুরগির দ্রুত বৃদ্ধি ও রোগ প্রতিরোধের উদ্দেশ্যে খামারে অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহার করা হচ্ছে। রোগের লক্ষণ প্রকাশিত হওয়ার আগেই খাবারের সঙ্গে অথবা সরাসরি পানিতে এই ওষুধ মিশিয়ে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ফিড ব্যবসায়ীদের নির্দেশনায় এই প্রয়োগ চলছে। এর ফলে প্রাণী ও মাছের শরীরে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) তৈরি হচ্ছে। খাদ্য ও পরিবেশের মাধ্যমে প্রতিরোধী জীবাণু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। ফলে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়তে পারে, অন্যদিকে জলাশয় ও পরিবেশও দূষিত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, কোনো প্রাণী বা মাছকে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত তার মাংস, ডিম বা দুধ বাজারজাত করা উচিত নয়। এই সময়কে ‘উইথড্রয়াল পিরিয়ড’ বা প্রত্যাহারকাল বলা হয়। এ সময়ে ওষুধের অবশিষ্টাংশ শরীর থেকে প্রাকৃতিকভাবে বেরিয়ে নিরাপদ মাত্রায় নেমে আসে। কিন্তু অনেক খামারি এই নিয়ম মানছেন না। অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরপরই তারা বাজারে মাছ ও মুরগি বিক্রি করছেন।

এভাবে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ খাদ্যে প্রবেশ এবং প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে তৈরি হওয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বা ‘সুপারবাগ’ ভবিষ্যতে মানবচিকিৎসার জন্য বড় সংকট হয়ে উঠতে পারে।

ঝুঁকিপূর্ণ অ্যান্টিবায়োটিকের ব্যবহার

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বিশেষজ্ঞদের মতে, পোলট্রি খাতে পেনিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, টেট্রাসাইক্লিন, নিওমাইসিন এবং বিভিন্ন ধরনের সালফোনামাইড ব্যবহার করা হচ্ছে। এসব ওষুধের মধ্যে কিছু মানবচিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কলিস্টিন অন্যান্য অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে গেলে গুরুতর সংক্রমণের চিকিৎসায় শেষ অবলম্বন হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই এ ধরনের ওষুধের অযৌক্তিক ব্যবহার ভবিষ্যতে মানবচিকিৎসার জন্য বড় সংকট তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ ও ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার শাস্তিযোগ্য হলেও মৎস্য খাতে এ-সংক্রান্ত কোনো নীতিমালা নেই। খামারিদের ইচ্ছামতো প্রয়োগ চলছে। নওগাঁর বদলগাছী উপজেলার মাছচাষি হারুন মিয়া ছয় বছর ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন। মাছের কোনো রোগ দেখা দিলে তিনি স্থানীয় ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে নিজেই পুকুরের পানিতে প্রয়োগ করেন। তিনি মোবাইল ফোনে এই প্রতিবেদককে জানান, কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই এসব ওষুধ ব্যবহার করেন। একই এলাকার মাছচাষি আনিস উদ্দিন, রায়হান মণ্ডল ও হোসেন আলীও একইভাবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন বলে জানান। তাদের তেমন কোনো ধারণা নেই। তারা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পরামর্শে এসব ওষুধ ব্যবহার করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হাঁস-মুরগি ও মাছকে রোগবালাই থেকে রক্ষা এবং দ্রুত বৃদ্ধির আশায় বেশিরভাগ খামারি উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছেন। নিজেদের অজ্ঞতার পাশাপাশি বড় ওষুধ কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় ফিড ব্যবসায়ীদের প্রলোভনের ফাঁদে পা দিয়ে তারা উচ্চমাত্রার এই অ্যান্টিবায়োটিক পুকুর বা ঘেরে প্রয়োগ করছেন।

সিরাজগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোরের বিস্তীর্ণ এলাকাজুড়ে চলনবিল। ধান কাটার পর প্রাকৃতিক খাবারের সন্ধানে হাঁস নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরে বেড়ান খামারিরা। নওগাঁর সাপাহার উপজেলার শিমুলডাঙ্গা গ্রামের হাঁস খামারি আহসান হাবিব গত ১২ নভেম্বর ১,০০০ হাঁস নিয়ে নাটোর যান। মোবাইলে তিনি এই প্রতিবেদককে জানান, শীত শুরুর আগেই হাঁসকে রোগ থেকে রক্ষা করতে খাবারের সঙ্গে বিভিন্ন ওষুধ দেওয়া হয়। এর মধ্যে ঠান্ডা, সর্দি ও কাশির জন্য এনরোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন ও সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করেন তারা।

প্রাণিসম্পদ কর্মকর্তাদের পরামর্শে এসব ওষুধ দেওয়া হয় কি না জানতে চাইলে আহসান হাবিব বলেন, তারা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। তাই পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতেই নিজেরা এসব ওষুধ প্রয়োগ করেন।

গবেষণায় উদ্বেগজনক চিত্র

২০২২ সালে বিজ্ঞান সাময়িকী পিএলওএস ওয়ানে প্রকাশিত বাংলাদেশের বাণিজ্যিক মুরগির খামারবিষয়ক এক গবেষণায় দেখা যায়, প্রায় ৯৮ শতাংশ খামারে উৎপাদনচক্রে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার করা হয়েছে। প্রায় ৮৫ শতাংশ খামারি রোগ প্রতিরোধের উদ্দেশ্যে এসব ওষুধ প্রয়োগ করেছেন। অর্থাৎ রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা রয়েছে।

গবেষণা অনুযায়ী, ব্রয়লার খামারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের হার গড়ে ৭৮ শতাংশ। সোনালি মুরগির খামারে এই হার ৬৭ শতাংশ এবং লেয়ার খামারে ৪১ শতাংশ।

২০২৬ সালে প্রকাশিত বাংলাদেশের পোলট্রি ও ডেইরি খামারে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহারবিষয়ক আরেক গবেষণায় দেখা গেছে, ব্রয়লার ও লেয়ার খামারে ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়ালের বড় অংশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চিকিৎসাগতভাবে গুরুত্বপূর্ণ ওষুধের শ্রেণিভুক্ত। বিশেষ করে লেয়ার খামারে ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়ালের ৮৪ থেকে ৯৪ শতাংশকে ডব্লিউএইচওর ‘ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট’ বা ‘হায়েস্ট প্রায়োরিটি ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট’ শ্রেণির অন্তর্ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও এটি সীমিতসংখ্যক খামারের ওপর পরিচালিত গবেষণা, তথাপি এর ফলাফল জনস্বাস্থ্য সুরক্ষায় আরো কার্যকর নজরদারির প্রয়োজনীয়তা নির্দেশ করে।

বদলগাছী উপজেলার স্থানীয় অ্যান্টিবায়োটিক বিক্রেতা মোকাররম বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তাদের কাছে অ্যান্টিবায়োটিক সরবরাহ করেন। চাষিরা চাইলে সেগুলো বিক্রি করা হয়। কোম্পানির প্রতিনিধিরা যেভাবে প্রয়োগ করতে বলেন, চাষিদেরও সেভাবে ব্যবহারের পরামর্শ দেন তারা। এসব ওষুধের মধ্যে রয়েছে টেট্রাসাইক্লিন, ফ্লুরোকুইনোলোনস, ম্যাক্রোলাইডস, অ্যামিনোগ্লাইকোসাইডস, পেনিসিলিন ও পলিমিক্সিন।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) যৌথ গবেষণায় ব্রয়লার, সোনালি ও লেয়ার খামারে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের চিত্র উঠে এসেছে। গবেষণায় মুরগির শরীর থেকে সংগৃহীত সালমোনেলা ব্যাকটেরিয়ায় উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা শনাক্ত হয়েছে। এর মানে হলো, যথেচ্ছ ব্যবহারের কারণে ব্যাকটেরিয়াগুলো শক্তিশালী হয়ে উঠেছে এবং সাধারণ অ্যান্টিবায়োটিকে আর মরছে না।

মাছ চাষেও একই প্রবণতা দেখা গেছে। এক গবেষণায় দেখা যায়, ৭৭ শতাংশ মাছচাষি তাদের পুকুর বা ঘেরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছেন। রোগ সারানোর পাশাপাশি রোগ প্রতিরোধের উদ্দেশ্যেও তারা এসব ওষুধ ব্যবহার করেন।

গবেষকরা ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের ৬৭২টি মাছের খামার থেকে নমুনা সংগ্রহ করেন। গবেষণায় পাঙাশ, তেলাপিয়া, গলদা ও বাগদা চিংড়ি, কার্প, টেংরা, রুই, কাতলা, মৃগেল, পাবদা, শিং, মাগুর ও কই মাছ চাষে অ্যান্টিবায়োটিক ব্যবহারের তথ্য পাওয়া যায়।

এসব খামারের মাছে প্রয়োগ করা অ্যান্টিবায়োটিকগুলো হলো অক্সিটেট্রাসাইক্লিন, এনরোফ্লক্সাসিন, ফ্লরফেনিকল, টেট্রাসাইক্লিন, ফ্লুরোকুইনোলোনস, ম্যাক্রোলাইডস, পেনিসিলিন-জি, অ্যামিনোগ্লাইকোসাইডস, সিপ্রোফ্লক্সাসিন, অ্যাসিকসিন ও অ্যামোক্সিসিলিন। এসব অ্যান্টিবায়োটিক পরিমিত মাত্রার বেশি ব্যবহার করা মাছের জন্য খুবই ক্ষতিকারক। এসব মাছ খেলে মানুষের শরীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে।

নীতিমালা ও নজরদারির ঘাটতি

নওগাঁর বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী আমার দেশকে বলেন, ডিলারদের তৈরি করা চার্ট অনুসরণ করে অনেক পোলট্রি খামারি ও মাছচাষি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন। রোগ প্রতিরোধের বিকল্প ব্যবস্থায় গুরুত্ব না দিয়ে তারা অবাধে এসব ওষুধ ব্যবহার করছেন।

তিনি বলেন, উন্নত বিশ্বের অনেক দেশে অ্যান্টিবায়োটিকের অবাধ বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রিত হলেও বাংলাদেশে এখনো যত্রতত্র এসব ওষুধ বিক্রি হচ্ছে। খামারিদের সচেতন করতে সরকারি প্রশিক্ষণ কার্যক্রম অনেকটাই প্রকল্পনির্ভর। প্রকল্প বন্ধ হলে কার্যক্রমও বন্ধ হয়ে যায়। তবে অ্যান্টিবায়োটিকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করা হয়।

ফিড ডিলাররা খামারিদের সরলতার সুযোগ নিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দেন উল্লেখ করে তিনি বলেন, তাদের এ ধরনের পরামর্শ দেওয়ার কোনো এখতিয়ার নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন আহম্মেদ আমার দেশকে বলেন, মাছের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহার সবচেয়ে ঝুঁকিপূর্ণ। মাছের শরীর ও পানিতে অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগে এসব উপকারী ব্যাকটেরিয়া মারা যায়। অন্যদিকে ক্ষতিকর ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী হয়ে ওঠে।

তিনি বলেন, প্রতিরোধী জীবাণু মানুষ, প্রাণী ও পরিবেশÑযেকোনো জায়গা থেকেই ছড়াতে পারে। খাদ্যশৃঙ্খল ও পরিবেশের মাধ্যমে এসব জীবাণু মানুষের মধ্যেও পৌঁছাতে পারে। ফলে সংক্রমণের চিকিৎসায় প্রচলিত অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়।

শাওন আহম্মেদ আরো বলেন, খামারিদের ওষুধের ব্যবহার সম্পর্কে জ্ঞান, মনোভাব ও অনুশীলন (কেএএপি) উন্নয়নে প্রশিক্ষণ জরুরি। প্রাণী, মানুষ ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষায় খামারি, গবেষক, ভেটেরিনারিয়ান, মৎস্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ভোক্তাÑসবার সম্মিলিত দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, খামারে অযৌক্তিকভাবে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ভবিষ্যতে হাসপাতালের একজন রোগীর চিকিৎসাকেও কঠিন করে তুলতে পারে। তাই অধিক উৎপাদনের চেয়ে নিরাপদ উৎপাদন, নির্বিচার ব্যবহারের পরিবর্তে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক প্রয়োগ এবং সাময়িক মুনাফার চেয়ে জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার এখনই সময়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার নটিংহ্যামের কাছে ৩-২ গোলে হারল চেলসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ এম


এবার নটিংহ্যামের কাছে ৩-২ গোলে হারল চেলসি

ইগর জেসুস অসাধারণ ভলিতে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন। পরে জোড়া গোল করে মর্গ্যান গিবস-হোয়াইট। চেলসিকে হারিয়ে নটিংহ্যাম ফরেস্ট একটি দারুণ জয় তুলে নেয়।

শুক্রবার সিটি গ্রাউন্ডে চেলসি ৩-২ গোলে পরাজিত হয়েছে। প্রিমিয়ার লিগে এটি ব্লুজ খ্যাত দলের জন্য টানা তিন ম্যাচের হার।

ড্যানিয়েল মুনোজের ডান দিক থেকে বাড়ানো ক্রসে ব্রাজিলীয় স্ট্রাইকার জেসুস শট নেন, যা এমিলিয়ানো মার্টিনেজের মাথার ওপর দিয়ে গিয়ে ওপরের কোণায় ঢুকে পড়ে এবং ম্যাচের পঞ্চম মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেয়।

বিরতির পর ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফরেস্ট ব্যবধান দ্বিগুণ করে। চেলসির সাবেক স্ট্রাইকার লিয়াম ডেলাপ সারাক্ষণ বিপদ তৈরি করছিলেন। ওয়েসলি ফোফানারের ধাক্কায় তিনি পড়ে গেলে ফরেস্ট পেনাল্টি পায় এবং গিবস-হোয়াইট সেই পেনাল্টি থেকে গোল করেন।

ফরাসি ডিফেন্ডার ফোফানারের রাতটি ছিল খুবই কঠিন; ফরাসি ইউটিউবার জ্যাক নানিকে দেওয়া একটি অননুমোদিত সাক্ষাৎকারের কারণে চেলসি সমর্থকরা তাকে বারবার দুয়ো দিচ্ছিল।

প্রথমার্ধে চেলসি লক্ষ্যে কোনো শট নিতে পারেনি, তবে ৫৪তম মিনিটে তারা একটি গোল শোধ করে। পেদ্রো নেতো স্বাগতিকদের রক্ষণের দিকে ছুটে গিয়ে শট নিলে বল উড়ে আসে বদলি নামা ইমানুয়েল এমেগার কাছে, যিনি টানা দ্বিতীয় ম্যাচে গোল করেন।

তবে ৭২তম মিনিটে জাভার শ্লাগারের নিখুঁত পাস থেকে বল পেয়ে মার্টিনেজের ওপর দিয়ে আলতো শটে গোল করে ফরেস্টকে আবারও দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন গিবস-হোয়াইট।

৮৯তম মিনিটে নেতো'র ক্রসে হেড করে নিজের রাতের দ্বিতীয় গোলটি করেন এমেগা, যা ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা ছড়ায়; তবে ১৯৯৭ সালের পর সিটি গ্রাউন্ডে চেলসির বিপক্ষে প্রথম জয় ধরে রাখে ফরেস্ট।

এই জয়ে অলিভার গ্লাসনারের দল ১৭তম স্থান থেকে ১৪তম স্থানে উঠে এসেছে, আর চেলসি আট নম্বরেই রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে ৭২৬ হামলায় ১২১ হুথি যোদ্ধা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ এম


ইয়েমেনে ৭২৬ হামলায় ১২১ হুথি যোদ্ধা হতাহত

ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী দাবি করেছে যে, গত ২৪ ঘণ্টায় তারা ইরান সমর্থিত হুথিদের অবস্থানে ৭২৬টি হামলা পরিচালনা করেছে। এই হামলায় হুথির ১২১ জন যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে, এই হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার সূত্রে জানা যায়, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, অভিযানে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা অন্তর্ভুক্ত ছিল।

তিনি আরও উল্লেখ করেন যে, এই হামলাগুলোর ফলে হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে, যেমন তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালেহ ও শাবওয়াহ, লড়াইয়ের ঘটনা ঘটেছে। সরকারি বাহিনী দাবি করেছে যে, হুথিদের হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও শক্তিবৃদ্ধির জন্য পাঠানো রসদ ও জনবল লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে।

পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী এবং ইরান সমর্থিত হুথিদের মধ্যে লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে মিলিত হয়ে সরকারি বাহিনী হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। অন্যদিকে, হুথিরাও সৌদি আরবে হামলা অব্যাহত রেখেছে।

এদিকে, শুক্রবার হুথি-সংশ্লিষ্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরবের বিমান হামলায় তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু বলে উল্লেখ করা হয়েছে।

তবে, পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনীর দেওয়া হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%