১০:০৫ এম
ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানা গেছে। তবে হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) ইয়েমেনের প্রাদেশিক রাজধানী তাইজের দক্ষিণে অবস্থিত আল-তুরবাহ শহরে এ হামলার ঘটনা ঘটে। হুতি-সমর্থিত বার্তা সংস্থা সাবার সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমান হামলার ফলে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: নিউইয়র্কের মেয়র মামদানি সফল অস্ত্রোপচার শেষে বাসায় ফিরলেন
উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছেন। ধ্বংসস্তূপের নিচে আরো তিনজন নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারের জন্য অভিযান চলছে। তবে আলজাজিরা এই হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
এদিকে, একই দিন সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাজধানী রিয়াদ অঞ্চলের দিকে হুতিদের ছোড়া একটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে।
এমন পরিস্থিতিতে ইয়েমেনে নতুন করে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে, যখন দেশটিতে হুতি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। সৌদি আরবের একটি বড় তেল শোধনাগারে হামলার ঘটনার পর পাল্টাপাল্টি হামলার উত্তেজনা আরো বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশের অন্যান্য এলাকা দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।
আরও পড়ুন: ইয়েমেনে ৭২৬ হামলায় ১২১ হুথি যোদ্ধা হতাহত
গত জুলাইয়ে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। পাশাপাশি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এর ফলে ২০২২ সালে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতিও ভেঙে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে এখন পর্যন্ত ইয়েমেনে প্রায় ১৩ হাজার ৩৪৩ জন নিহত বা আহত হয়েছে। দীর্ঘদিনের সংঘাত, নিরাপত্তাহীনতা ও অব্যাহত সহিংসতায় দেশটিতে মানবিক সংকট আরো গভীর হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন