প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারি চাকরিবিধি লঙ্ঘন এবং সংগঠনের চিকিৎসকদের মধ্যে গ্রুপিং তৈরি করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতে ইসলামীর পর এবার কেন্দ্রীয় ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) থেকে অব্যাহতি ও সদস্যপদ স্থগিত করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের অর্থোপেডিক সার্জন ডা. মো. ইসমাইল হোসেনের। তিনি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক এবং এনডিএফ জেলা কমিটির সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ডা. মাহমুদুর রহমান মাজেদ স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে ডা. ইসমাইল হোসেনের সংগঠন থেকে অব্যাহতি ও সদস্যপদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জেলা এনডিএফ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছিল।
কেন্দ্রীয় কমিটির পত্রে উল্লেখ করা হয়, ১৩ নভেম্বর (শুক্রবার) জেলা কমিটির পত্রে ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে যথাযথ কারণ ছাড়া বারবার সভায় অনুপস্থিত থাকা, সাংগঠনিক ঐক্য ক্ষুণ্ন করা, সরকারি চাকরিবিধি লঙ্ঘন এবং সাংগঠনিক সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসরণ না করার অভিযোগ উত্থাপন করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ১৪ দিনের মধ্যে এনডিএফের কেন্দ্রীয় সভাপতির কাছে জবাব দেয়ার জন্য বলা হয়েছে।
পত্রে আরও উল্লেখ করা হয়, এই আদেশ জারির পর থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত ডা. ইসমাইল হোসেনকে সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি ও সদস্যপদ স্থগিত করা হয়েছে। এ সময়ে তাকে এনডিএফের পক্ষে প্রতিনিধিত্ব, সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ বা সংগঠনের যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া চলতি বছরের জুলাই মাসে সরকারি হাসপাতালে চাকরি করেও প্রাইভেট হাসপাতালের মালিকানা থাকার অভিযোগের প্রমাণ মেলায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডা. মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন ও তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এই বিভাগীয় মামলা করা হয়।
এর আগে ১৫ নভেম্বর (রোববার) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ডা. ইসমাইলের বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডা. ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তিনি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, “আমি কখনও জামায়াতের কর্মী ছিলাম না।” তবে তিনি শুভাকাঙ্ক্ষী ও ইসলামী ছাত্রশিবির করার কথা জানান। তিনি আরও দাবি করেন যে, এনডিএফ জেলা কমিটি থেকে তাকে নিয়মবহির্ভূতভাবে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সহসভাপতির পদ থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার করে এনডিএফ জেলা শাখা। একই দিন চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দখলের শঙ্কায় তার চেম্বার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগের দিন ১১ নভেম্বর (বুধবার) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান মালিকানা দাবি করে লোকজন নিয়ে হাসপাতালে যাওয়ার পরদিন হাসপাতাল দখলের শঙ্কায় চেম্বার বন্ধের নোটিশ দেয়া হয়। এছাড়া ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগ তোলে হাসপাতাল কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন