প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের প্রায় ২ হাজার লেভেল ক্রসিংয়ে গেটম্যানের অভাব রয়েছে। এর মধ্যে দেড় হাজারেরও বেশি ক্রসিং অবৈধভাবে পরিচালিত হচ্ছে। অরক্ষিত এই ক্রসিংগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যা প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে, ঘন ঘন লেভেল ক্রসিংয়ের কারণে ট্রেনের গতি কমে যাচ্ছে। বিশেষজ্ঞরা দ্রুত অবৈধ ক্রসিংগুলো বন্ধ করে বিদ্যমান ক্রসিংগুলোকে আধুনিকায়নের পরামর্শ দিয়েছেন। রেল কর্তৃপক্ষ জানায়, আগামী বছর থেকে আধুনিকায়নের কাজ শুরু হবে।
রাজধানীর খিলগাঁও লেভেল ক্রসিংয়ে সরেজমিনে দেখা যায়, ট্রেন আসার সময় ব্যারিকেড ফেলা হয়েছে। তবে পথচারীরা থেমে নেই, তারা সংকেত অমান্য করে ব্যারিকেডের নিচ দিয়ে চলে যাচ্ছে। একটু এদিক-সেদিক হলেই বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা মন্তব্য করেছেন, ‘মানুষ সিগন্যাল মানে না। অনেক সময় গেট উঠানোর আগেই পার হয়ে যায়। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।’ মানুষের অসচেতনতা এবং পুরোনো ম্যানুয়াল পদ্ধতির কারণে লেভেল ক্রসিংয়ে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। হাত দিয়ে লোহার ব্যারিকেড নামিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয়। সংকেত বক্স এবং তথ্য আদান-প্রদানের টেলিফোন অধিকাংশ সময় বিকল থাকে। ফলে গেটম্যানরাও নিরাপত্তাজনিত ঝুঁকির মধ্যে থাকেন। কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত ২২টি লেভেল ক্রসিংয়ের প্রায় সবগুলোর অবস্থাই এমন।
গেটম্যানরা জানান, ‘সিগন্যাল পাওয়া যায় না। তখন আমাদের অনেক সতর্ক থাকতে হয়। অনেক সময় বেয়ারিং কাজ করে না, জ্যাম হয়ে যায়। আবার বেয়ারিং খুলে আলাদা হয়ে যায়। টেলিফোনও সচল নেই, সিগন্যাল বক্সও ঠিকমতো কাজ করে না।’
রাজধানীর বাইরের লেভেল ক্রসিংগুলোর অবস্থা আরও ভয়াবহ। সারাদেশে প্রায় ৩ হাজার ৪০০ কিলোমিটার রেলপথে ২ হাজার ৯০০টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে দেড় হাজারের বেশি অবৈধ। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগেও এসব ক্রসিং তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের বক্তব্য, ‘বেশিরভাগ জায়গায় স্থায়ীভাবে কোনো লোক নেই, যিনি বারবার গেট উঠিয়ে দেবেন কিংবা নামাবেন। প্রতিবছর অন্তত একাধিক দুর্ঘটনা ঘটে।’
অন্যদিকে, বৈধ ক্রসিংয়ের মধ্যে প্রায় ৭০০টিতে গেটম্যান নেই। এসব অরক্ষিত ক্রসিংয়ে শুধু সতর্কতামূলক সাইনবোর্ড টাঙিয়েই দায়িত্ব শেষ করেছে রেলওয়ে। এর ফলে এসব মৃত্যুফাঁদে প্রায়ই প্রাণহানি ঘটছে। পথচারীরা বলছেন, ‘কোনদিক থেকে ট্রেন এলে দেখা যায় না। সব সময় আতঙ্কে থাকতে হয়; কখন বড় কোনো দুর্ঘটনা ঘটে।’
অবৈধ ক্রসিং বন্ধ করে নিরাপদ রেল যোগাযোগ নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের পরামর্শ দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। যোগাযোগ বিশেষজ্ঞ কাজী সাইফুন নেওয়াজ বলেন, ‘বিদ্যমান প্রতিটি লেভেল ক্রসিংয়ে ডিজিটাল প্রযুক্তি যুক্ত করতে হবে, যাতে ট্রেন আসার আগেই সাইরেনের মাধ্যমে সতর্ক সংকেত দেয়া যায়।’
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতই আধুনিকায়ন কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বলেন, ‘আশা করছি, পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে পর্যায়ক্রমে সারাদেশে রেলওয়ের আওতাধীন লেভেল ক্রসিংগুলো অটোমেশনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।’
রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রেল দুর্ঘটনার ৬০ শতাংশই ঘটে লেভেল ক্রসিংয়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন