০৬:৫৪ পি.এম
নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত প্রায় ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল ও নকল বিড়ি জব্দ করেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার কামরাবো বাজার এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযানটি সম্পন্ন হয়।
এ অভিযানে এনএসআইয়ের সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলও অংশগ্রহণ করে।
আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফ: ব্যারিস্টার সারোয়ারকে ২৬ নভেম্বর হাইকোর্টে তলব
আটককৃত ব্যক্তিরা হচ্ছেন ফরিদপুরের কোতোয়ালি থানার বাটি কানাইপুর এলাকার মৃত মনিন্দ্র দত্তের ছেলে নেপাল দত্ত (৬৯) এবং শিবপুরের কামরাবো এলাকার জমির উদ্দিনের ছেলে মো. রকিব (২৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ৮৬৬ বান্ডিল নকল ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। প্রতি বান্ডিলে ২ হাজার ৫০০টি করে মোট ২১ লাখ ৬৫ হাজার পিস ব্যান্ডরোল রয়েছে। জব্দ করা ব্যান্ডরোলের আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ৯০ হাজার পিস নকল বিড়িও জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৮ হাজার ৩০০ টাকা।
বিড়ির ব্যান্ডরোল হলো তামাকজাত পণ্য বিক্রির উদ্দেশ্যে বিড়ির প্যাকেটের ওপর সাঁটানো সরকারি রাজস্ব বা কর পরিশোধের একটি বিশেষ কাগজ বা ফিতা। এটি নিশ্চিত করে যে ওই বিড়ির প্যাকেটের ওপর সরকার নির্ধারিত মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক পরিশোধ করা হয়েছে।
সূত্র জানায়, শিবপুরের কামরাবো এলাকার কয়েকটি বিড়ি কারখানায় নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন করা হচ্ছিল এবং বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। এনএসআই নেপাল দত্তের মাধ্যমে নকল ব্যান্ডরোল সরবরাহের একটি চক্র পরিচালিত হচ্ছে এমন তথ্য পায়। এর ভিত্তিতে কামরাবো বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: সাভারে শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার
অভিযানে নকল ব্যান্ডরোল সরবরাহকারী চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত নেপাল দত্তসহ দুজনকে আটক করা হয়েছে।
শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান জানান, জব্দ করা নকল ব্যান্ডরোল ও বিড়ি এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন