ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

সাভারে শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার


সাভারে শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে চলমান আন্দোলনে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে তৃতীয় পক্ষ হিসেবে প্রভাব বিস্তার, উসকানি এবং অর্থায়নের অভিযোগে পুলিশ সালাউদ্দিন আহমেদ সোহেল নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।

গতকাল শনিবার দিবাগত রাতে সাভার পৌরসভার ব্যাংক টাউন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সালাউদ্দিন আহমেদ সোহেল সাভার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্যাংক টাউন এলাকার মো. শাহাদাৎ হোসেনের পুত্র।

সাভার মডেল থানার সূত্রে জানা গেছে, সম্প্রতি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কাজে লাগিয়ে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে সোহেল তৃতীয় পক্ষ হিসেবে শ্রমিকদের উসকানি দিচ্ছিলেন। এর পাশাপাশি নাশকতাকারীদের অর্থায়নে তাঁর সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। এসব বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: সালাহউদ্দিন নোমান চৌধুরী হলেন নতুন পররাষ্ট্র সচিব

পুলিশ আরও জানায়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলাতেও সোহেল আসামি। এছাড়া, মাদকের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার তথ্যও পুলিশ পেয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। পোশাকশিল্প খাতে অস্থিরতা সৃষ্টির ঘটনায় দায়ের করা একটি মামলায় (মামলা নং-২১) তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সড়ক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


মুন্সীগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সড়ক মন্ত্রী

মুন্সীগঞ্জের ইছামতী নদীর ওপর কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। নতুন দুই লেনের সেতুটি ৬৮ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হবে, যা পুরোনো ও ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর পরিবর্তে স্থাপন করা হচ্ছে।

রবিবার বিকেল তিনটায় মুন্সীগঞ্জ (ছনবাড়ি)-কুন্ডেরবাজার-শ্রীনগর সড়কের কুন্ডেরবাজার এলাকায় সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বাস্তবায়নাধীন ‘জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন প্রকল্প (ঢাকা জোন)’ এর আওতায় সেতুটি নির্মাণ করা হচ্ছে।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে নির্মিতব্য স্টিল কম্পোজিট কাঠামোর সেতুটির দৈর্ঘ্য হবে ১৫১ দশমিক ৯০ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ৩০ মিটার। এর সঙ্গে ৬০০ মিটার সংযোগ সড়কও নির্মাণ করা হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। এ ছাড়া সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সেতুটি নির্মিত হলে মুন্সীগঞ্জ সদর, টঙ্গিবাড়ী ও সিরাজদীখান উপজেলাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে। পুরোনো বেইলি সেতুটির সীমিত ভারবহন ক্ষমতা এবং জরাজীর্ণ অবস্থার কারণে যানবাহন চলাচলে যে ঝুঁকি তৈরি হয়েছে, নতুন সেতু চালু হলে তা দূর হবে। পাশাপাশি পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে।

মুন্সীগঞ্জ ও আশপাশের এলাকায় আলু, ধান, গম, সরিষা ও বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদিত হয়। এসব কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের ক্ষেত্রে কুন্ডেরবাজার-শ্রীনগর সড়কটি গুরুত্বপূর্ণ। নতুন সেতু নির্মিত হলে কৃষিপণ্যসহ অন্যান্য বাণিজ্যিক পণ্য পরিবহন আরো সহজ হবে। এতে স্থানীয় কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের আওতায় পুরোনো সেতু প্রতিস্থাপনের পাশাপাশি সংযোগ সড়ক উন্নয়ন ও নদীতীর সংরক্ষণের কাজও করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, এসব কাজ শেষ হলে এলাকার সড়ক যোগাযোগের সক্ষমতা ও নিরাপত্তা বাড়বে। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে মুন্সীগঞ্জের যোগাযোগ আরো কার্যকর হবে। ফলে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি জনদুর্ভোগও কমবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমস্যা সমাধানের আশ্বাসে ভারতীয় ধর্মগুরুর বিরুদ্ধে নারী ভক্তকে যৌন শোষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


সমস্যা সমাধানের আশ্বাসে ভারতীয় ধর্মগুরুর বিরুদ্ধে নারী ভক্তকে যৌন শোষণের অভিযোগ

মহারাষ্ট্রের এক নারী ভক্তের বিরুদ্ধে উত্তরপ্রদেশের একটি আশ্রমে যৌন নির্যাতনের অভিযোগে বৃন্দাবনের স্বঘোষিত ধর্মগুরু ইন্দ্র দেব মহারাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে যে, অভিযুক্ত ধর্মগুরু ওই নারীর বিশ্বাসের সঙ্গে খেলা করে তাকে দিনের পর দিন ব্ল্যাকমেইল ও শোষণ করে আসছিলেন।

অভিযোগকারী নারীর বক্তব্য অনুযায়ী, ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্দ্রদেবের ধর্মীয় আলোচনা দেখে তিনি তার প্রতি আকৃষ্ট হন। পরে মুম্বাইয়ের সান্তাক্রুজে এক সৎসঙ্গ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ওই ধর্মগুরুর কাছ থেকে দীক্ষা নেন। ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কথা জানালে, ধর্মগুরু তাকে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তার বিশ্বাস অর্জন করেন।

এরপর ওই নারী উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত ধর্মগুরুর সেভাধাম আশ্রমে যান। অভিযোগ রয়েছে যে, ২০২৩ সালে আশ্রমে অবস্থানকালে এক রাতে ইন্দ্রদেব তাকে নিজের কক্ষে ডেকে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন। এমনকি কেউ এ বিষয়ে জানতে চাইলে ওষুধ আনতে যাওয়ার কথা বলার জন্য তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল।

পরবর্তীতে ওই নারীকে ভিডিও কলে কাপড় খুলতে বাধ্য করা হয় এবং আপত্তিকর ভিডিও রেকর্ড করা হয়। এই অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ও প্রকাশ্যে অপমান করার হুমকি দিয়ে তাকে দিনের পর দিন ব্ল্যাকমেইল করা হতো। নির্যাতিতার ভাষ্যমতে, ওই ধর্মগুরু তাকে বলতেন, ‘আমি ভগবান, এবং আমার কথা তোমাকে মানতে হবে।’

মথুরার স্থানীয় কর্তৃপক্ষের কাছে বহু মাস ধরে ঘুরেও কোনো সাড়া না পেয়ে, ভুক্তভোগী নারী শেষ পর্যন্ত নারী অধিকার কর্মী ও ভূমিকা ব্রিগেডের প্রধান তৃপ্তি দেশাইয়ের দ্বারস্থ হন। পুনেতে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আনা হয়। সেখানে ওই নারী ছাড়াও আরও বেশ কয়েকজন নারী একই ধরনের শোষণের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন।

মহারাষ্ট্রের কাসিমিরা থানায় একটি জিরো এফআইআর দায়ের করার পর তা সরাসরি উত্তরপ্রদেশের মথুরায় স্থানান্তরিত করা হয়, যেখানে মূল অপরাধ সংঘটিত হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ৬৯ (প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক), ৭৫ (যৌন হয়রানি), ৭৯ (নারীর মর্যাদাহানিতে আঘাত হানার উদ্দেশ্যে শব্দ বা অঙ্গভঙ্গি) এবং ৩৫১(২) (অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন)-এর অধীনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

তৃপ্তি দেশাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ওই ধর্মগুরুর গ্রেফতার এবং অন্য ভুক্তভোগী নারীদের জবানবন্দি রেকর্ড করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইন্দ্রদেব মহারাজ বা তার আশ্রমের পক্ষ থেকে এখনও কোনো জনসমক্ষে বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা করছে টেসলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা করছে টেসলা

মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করার পরিকল্পনা করছে, কারণ প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস কারখানায় গাড়িটির উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে, প্রতিষ্ঠানটি চালকবিহীন ট্যাক্সি সাইবার ক্যাব তৈরিতে উৎপাদন সক্ষমতা বাড়াতে চায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি জানান, সাইবার ট্রাকের উৎপাদন কমিয়ে কারখানার সক্ষমতা সাইবার ক্যাব তৈরির কাজে ব্যবহার করা হবে। তবে সাইবার ট্রাকের উৎপাদন অন্য কোনো কারখানায় স্থানান্তর করা হবে, নাকি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

২০১৯ সালে প্রথমবারের মতো সাইবার ট্রাকের নকশা প্রকাশ করে টেসলা। ব্যতিক্রমী কৌণিক আকৃতি এবং স্টেইনলেস স্টিলের তৈরি বাইরের কাঠামোর কারণে শুরু থেকেই গাড়িটি আলোচনায় ছিল। ২০২৩ সালের শেষ দিকে ক্রেতাদের কাছে গাড়িটির সরবরাহ শুরু হয়। সে সময় ইলন মাস্ক বছরে আড়াই লাখ সাইবার ট্রাক বিক্রির উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন।

কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি। গাড়ির বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেলি ব্লু বুকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মাত্র ২০ হাজার ২৩৭টি সাইবার ট্রাক বিক্রি হয়েছে। অথচ ২০২৪ সালে বিক্রির পরিমাণ ছিল ৩৮ হাজার ৯৬৫টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে গাড়িটির বিক্রি প্রায় ৪৮ শতাংশ কমে গেছে।

বাজারে চাহিদা কমে যাওয়ার পাশাপাশি সাইবার ট্রাকের গুণগত মান ও নিরাপত্তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য বলছে, বাজারে আসার পর থেকে গাড়িটি ১১ বার রিকলের মুখে পড়েছে। বিভিন্ন সমস্যার কারণে কিছু গাড়ি মেরামত করতে হয়েছে। আবার কয়েকটি ত্রুটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান করা হয়েছে।

ইউরোপের বাজারেও সাইবার ট্রাকের বাণিজ্যিক সম্ভাবনা খুব একটা আশাব্যঞ্জক নয়। গাড়িটির ধারালো স্টেইনলেস স্টিলের বহিরাবরণ পথচারীদের নিরাপত্তা নিয়ে ইউরোপের প্রচলিত বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে অঞ্চলটিতে গাড়িটির অনুমোদন পাওয়ার ক্ষেত্রেও বড় বাধা তৈরি হয়েছে।

অন্যদিকে, টেসলার ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনায় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সাইবার ক্যাব। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলার উপযোগী এই গাড়িতে প্রচলিত স্টিয়ারিং হুইল, অ্যাক্সিলারেটর, ব্রেক প্যাডেল কিংবা সাধারণ আয়না রাখা হয়নি। চালক ছাড়াই যাত্রী পরিবহনের লক্ষ্য নিয়ে এটি তৈরি করা হয়েছে।

গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের অস্টিন শহরে সীমিত পরিসরে অর্থের বিনিময়ে সাইবার ক্যাবের মাধ্যমে যাত্রী পরিবহন শুরু হয়েছে। তবে গাড়িটির নিরাপত্তাব্যবস্থা ও বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর পর্যালোচনা এখনো চলছে।

বিশ্লেষকদের ধারণা, সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার ব্যবসায়িক কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রচলিত বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের পাশাপাশি প্রতিষ্ঠানটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট এবং চালকবিহীন পরিবহন প্রযুক্তিতে বিনিয়োগ ও মনোযোগ বাড়াচ্ছে।

তবে সাইবার ক্যাবের উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে সাইবার ট্রাকের কমে যাওয়া বিক্রির জায়গা নতুন এই প্রযুক্তির গাড়ি কত দ্রুত পূরণ করতে পারবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফ: ব্যারিস্টার সারোয়ারকে ২৬ নভেম্বর হাইকোর্টে তলব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফ: ব্যারিস্টার সারোয়ারকে ২৬ নভেম্বর হাইকোর্টে তলব

পিরোজপুরের এক বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংবাদমাধ্যমে প্রেস ব্রিফ করার ঘটনায় হাইকোর্ট ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে তলব করেছে।

হাইকোর্ট আগামী ২৬ নভেম্বর তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি, ওই বিচারকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ প্রদান করেছে আদালত।

যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তখন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ জারি করেছে।

হাইকোর্ট ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এবং তার প্রেস ব্রিফের ভিত্তিতে সংবাদ প্রকাশ ও প্রচার করা গণমাধ্যমগুলোর সম্পাদকদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে।

আদালতে এ সময় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনকারী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ আরশাদ রউফ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খানসহ কয়েকজন সহকারী অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন।

হাইকোর্টের আদেশের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান। তিনি জানান, সম্প্রতি পিরোজপুরের যুগ্ম জেলা জজ নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ব্যারিস্টার এম সারোয়ার হোসেন প্রেস ব্রিফ করেন। ওই ব্রিফিংয়ের সংবাদ কিছু গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করা হয়। আদালত মনে করে, অভিযোগের সত্যতা প্রমাণের আগেই একজন বিচারিক কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের প্রচারণা সংশ্লিষ্ট বিচারক ও আদালতের মর্যাদা ক্ষুণ্ন করেছে।

শিহাব উদ্দিন খান বলেন, এ ঘটনায় হাইকোর্ট ব্যারিস্টার সারোয়ার হোসেন এবং তার ব্রিফিং প্রচার ও প্রকাশকারী গণমাধ্যমের সম্পাদকদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে। পাশাপাশি, ২৬ নভেম্বর ব্যারিস্টার সারোয়ার হোসেনকে সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে সারোয়ার হোসেনের প্রেস ব্রিফের ভিডিও অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে ‘লইয়ার্স ক্লাব বাংলাদেশ’ নামের পোর্টালকে ওই ব্রিফিংয়ের ভিডিও আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পিরোজপুরের যুগ্ম জেলা জজ নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ দেওয়ার পর ব্যারিস্টার এম সারোয়ার হোসেন সম্প্রতি সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের ডেকে প্রেসব্রিফ করেন।

ওই ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, বিচারক ঘুস ছাড়া বিচারকাজ করেন না। বিচারককে ‘একজন নিকৃষ্ট দুর্নীতিবাজ’ বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনার পর গত ৫ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মেহেফুজ ইসলামের পক্ষে আইনজীবী ইশরাত হাসান ব্যারিস্টার সারোয়ার হোসেনকে আইনি নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, বিচারকের বিরুদ্ধে ‘অবাস্তব ও ভিত্তিহীন’ দুর্নীতির অভিযোগ তুলে বিচারাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন সারোয়ার হোসেন। এ জন্য তার বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয় নোটিশে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%