ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

মগবাজারে ক্রেনচাপায় প্রকৌশলী আরিফের মৃত্যু, পরিবারের নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণ দাবি


মগবাজারে ক্রেনচাপায় প্রকৌশলী আরিফের মৃত্যু, পরিবারের নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

রাজধানীর মগবাজারে নির্মাণকাজের সময় ক্রেনের নিচে চাপা পড়ে প্রকৌশলী এ বি এম আহসান উল্লাহ আরিফের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। তার পরিবারের সদস্যরা নগরীর চলমান নির্মাণ প্রকল্পগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বানও জানিয়েছেন।

রবিবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত প্রকৌশলীর পরিবারের সদস্য ডা. এ বি এম ইয়াছিন উল্লাহ (শরিফ) এসব দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ অক্টোবর রাজধানীর মগবাজার প্রধান সড়কে নির্মাণকাজ চলাকালে শানডং হাইস্পিড–সিনোহাইড্রো যৌথ উদ্যোগের কাজে ব্যবহৃত একটি ভারী ক্রেনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন প্রকৌশলী আরিফ। পাঁচ দিন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ২৩ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফ: ব্যারিস্টার সারোয়ারকে ২৬ নভেম্বর হাইকোর্টে তলব

সংবাদ সম্মেলনে বলা হয়, আরিফের মৃত্যু কেবল একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, এটি নগরীর নির্মাণকাজে নিরাপত্তাব্যবস্থা এবং জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নিয়ে প্রশ্ন তুলেছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দায়ী না করে দ্রুত, নিরপেক্ষ ও সময়সীমাবদ্ধ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায় নির্ধারণ করতে হবে।

তদন্তের আওতায় নির্মাণস্থলে নিরাপত্তাবেষ্টনী, সতর্কসংকেত, প্রশিক্ষিত ট্রাফিক মার্শাল, ভারী যন্ত্রপাতি চলাচলের নিরাপদ ব্যবস্থা এবং পথচারী ও যানবাহনের বিকল্প চলাচলের ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়। পাশাপাশি ব্যবহৃত ক্রেনের ফিটনেস, রক্ষণাবেক্ষণ, চালকের যোগ্যতা, কাজের অনুমতিপত্র, নিরাপত্তা পরিকল্পনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির বিষয়গুলোও তদন্তের আওতায় আনার আহ্বান জানানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে আরো বলা হয়, দুর্ঘটনার পর আরিফ রক্তাক্ত অবস্থায় আধা ঘণ্টারও বেশি সময় সড়কে পড়ে ছিলেন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ যথাসময়ে নেওয়া হয়েছিল কি না, সেটিও তদন্ত করা প্রয়োজন। এ ছাড়া দুর্ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ, সংশ্লিষ্ট নথিপত্র এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংরক্ষণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে দুর্ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে তদন্তের অগ্রগতি ও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ, অবহেলা বা নিরাপত্তাবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা।

আরও পড়ুন: সাভারে শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার

এ ছাড়া নগরীর চলমান নির্মাণ প্রকল্পগুলোতে জরুরি ভিত্তিতে নিরাপত্তা নিরীক্ষা, ক্রেনসহ ভারী যন্ত্রপাতির ফিটনেস যাচাই, অপারেটরদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং ব্যস্ত সড়কে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর দাবি জানানো হয়। নির্মাণস্থলে প্রাথমিক চিকিৎসা ও জরুরি উদ্ধারব্যবস্থা রাখার বিষয়েও গুরুত্ব দেন বক্তারা।

তারা বলেন, বড় নির্মাণ প্রকল্পে দুর্ঘটনা ঘটলে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানাতে হবে। নিয়মিত ও আকস্মিক পরিদর্শনের মাধ্যমে নিরাপত্তার ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পরিদর্শনের ফলাফল ও ঘাটতি সংশোধনে নেওয়া পদক্ষেপের তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, প্রকৌশলী আরিফের মৃত্যুকে বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায় নির্ধারণ এবং পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি নগরীর নির্মাণকাজে কঠোর নিরাপত্তাব্যবস্থা কার্যকর করতে হবে। তা না হলে ভবিষ্যতেও এ ধরনের দুর্ঘটনায় মানুষের প্রাণহানির ঝুঁকি থেকে যাবে।

আরও পড়ুন: বান্দরবানে যুবদল নেতা শরীফের মরদেহ ঝিরি থেকে উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসকদের রাজনৈতিক কারণে বৈষম্যের শিকার হতে দেওয়া যাবে না: চসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


চিকিৎসকদের রাজনৈতিক কারণে বৈষম্যের শিকার হতে দেওয়া যাবে না: চসিক প্রশাসক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেছেন যে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কোনো মেধাবী ও যোগ্য চিকিৎসক যেন বঞ্চনা বা বৈষম্যের শিকার না হন। তিনি উল্লেখ করেন, একজন চিকিৎসকের যোগ্যতা, দক্ষতা ও মেধাই তার মূল্যায়নের প্রধান ভিত্তি হওয়া উচিত। ভিন্ন মতাদর্শের পরও যোগ্য ব্যক্তিকে যথাযথ সম্মান ও সুযোগ প্রদান করা প্রয়োজন।

রবিবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চমেক হাসপাতাল শাখা।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, পরমতসহিষ্ণুতা, গণতান্ত্রিক অধিকার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও স্বাস্থ্যসেবার উন্নয়ন যেন থেমে না যায়। কোনো সরকারের সময় নেওয়া ভালো উদ্যোগ পরবর্তী সরকার এসে বন্ধ করে দেবে—এমন মানসিকতা পরিহার করা উচিত। চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে রাখতে হবে।

মানুষের জীবন ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোগগুলোতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

চসিক প্রশাসক বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়নে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশুদের জীবন রক্ষায় অক্সিজেন কনসেনট্রেটরের মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের এ উদ্যোগকে মহৎ ও প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শুধু একটি বিভাগে সীমাবদ্ধ না রেখে হাসপাতালের অন্যান্য বিভাগেও সম্প্রসারণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী এবং ড্যাব চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাফল্যের দৌড়ে চীনে কিশোরদের মানসিক স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


সাফল্যের দৌড়ে চীনে কিশোরদের মানসিক স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

চীনের কিশোর-কিশোরীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যার বৃদ্ধি ঘটছে সাফল্যের তীব্র প্রতিযোগিতার কারণে। আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চাপ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিলেও, বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সময় থেকেই এই চাপ শুরু হয়েছে।

পড়াশোনার অতিরিক্ত চাপ, পরিবারের কাছ থেকে পর্যাপ্ত মানসিক সমর্থন না পাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তরুণদের মানসিক সংকটকে আরও গভীর করে তুলছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চীনের চংকিং শহরের ১৭ বছর বয়সী শিক্ষার্থী চেনের অভিজ্ঞতা তুলে ধরেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মাত্র ১৫ বছর বয়সে পড়ার সময় তাঁর বুক ধড়ফড় করত, বুকে চাপ অনুভূত হতো এবং বইয়ের লেখা বুঝতে কষ্ট হতো। প্রথমে হৃদ্‌রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলেও পরে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে বলা হয়। পরীক্ষার পর তাঁর বিষণ্নতা ও উদ্বেগজনিত সমস্যা ধরা পড়ে। বিষয়টি জানার পর তাঁর মা কান্নায় ভেঙে পড়েন।

চীনের বিভিন্ন গবেষণায় তরুণদের মানসিক সংকটের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ২০২১ সালে বেইজিং অ্যান্ডিং হাসপাতালের নেতৃত্বে পরিচালিত এক জাতীয় জরিপে দেখা যায়, ৬ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের ১৭ দশমিক ৫ শতাংশ কোনো না কোনো মানসিক ব্যাধিতে আক্রান্ত। এর মধ্যে উদ্বেগ ও বিষণ্নতা অন্যতম।

২০২২ সালে চীনা বিজ্ঞান একাডেমির এক প্রতিবেদনে জরিপে অংশ নেওয়া কিশোরদের ১৪ দশমিক ৮ শতাংশের মধ্যে বিভিন্ন মাত্রার বিষণ্নতার ঝুঁকি পাওয়া যায়। আগের এক গবেষণায় দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় ১০ শতাংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ রয়েছে। নিম্ন মাধ্যমিক পর্যায়ে এ হার বেড়ে প্রায় ৩০ শতাংশ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় ৪০ শতাংশে পৌঁছায়।

বিশেষজ্ঞদের মতে, এর পেছনে একক কোনো কারণ নেই। হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শিমিন ঝু বলেন, শিক্ষাক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা, ডিজিটাল মাধ্যমের বিস্তার, পারিবারিক কাঠামোর পরিবর্তন এবং দ্রুত সামাজিক রূপান্তরের কারণে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা—সবকিছু মিলিয়ে কিশোরদের মানসিক চাপ বাড়ছে।

চেন জানান, তার পড়াশোনার সময়সূচি সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ছিল। সপ্তাহান্তেও কোচিং ক্লাস করতে হতো।

চীনে বাধ্যতামূলক শিক্ষাব্যবস্থা নবম শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ। এরপর উচ্চ মাধ্যমিকের সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার মধ্যে শিক্ষার্থীদের বেছে নিতে হয়। অঞ্চলভেদে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাত্র ৫০ থেকে ৭০ শতাংশ সাধারণ উচ্চ মাধ্যমিকে ভর্তির সুযোগ পায়। সামাজিকভাবে সাধারণ শিক্ষাকে বেশি মর্যাদা দেওয়ায় অনেক পরিবার কারিগরি শিক্ষাকে ব্যর্থতা হিসেবে দেখে।

পরিবারের সমর্থনের অভাবও পরিস্থিতিকে জটিল করছে। চেনের ভাষ্য, তাঁর মা-বাবা কাজ নিয়ে ব্যস্ত থাকায় তাঁর মানসিক যন্ত্রণা বুঝতে পারেননি। একপর্যায়ে তিনি নিজের হাতে স্ট্যাপল দিয়ে আঁচড় কেটে আত্মক্ষতির পথ বেছে নেন।

ডিজিটাল মাধ্যমও নতুন সংকট তৈরি করছে। ভিডিও গেম, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিনোদনে অতিরিক্ত সময় কাটানোর ফলে কিশোরদের শারীরিক ব্যায়াম ও সরাসরি সামাজিক যোগাযোগ কমছে। এতে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্নতা আরও বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এদিকে চীনা সরকার শিক্ষার্থীদের পড়াশোনার চাপ কমানোর পাশাপাশি মানসিক স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি সহায়তার ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ২০৩০ সালের মধ্যে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কাউন্সেলর নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দেশটির স্টেট কাউন্সিলের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ৯২ শতাংশ প্রাথমিক এবং ৯৫ শতাংশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কাউন্সেলর রয়েছেন। তবে মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক নেতিবাচক ধারণা, চিকিৎসকের স্বল্পতা এবং ব্যয়বহুল কাউন্সেলিং বড় বাধা হয়ে আছে।

২০১৯ সালে চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, চীনে শিশু ও কিশোরদের জন্য যোগ্য মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন মাত্র প্রায় ৫০০ জন।

বিশেষজ্ঞ শিমিন ঝুর মতে, শুধু পড়াশোনার চাপ কমানোই যথেষ্ট নয়; প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার মানসিক সক্ষমতাও গড়ে তুলতে হবে। তাঁর ভাষায়, একটি পরীক্ষায় খারাপ ফল করলেই যেন শিশুদের মনে না হয়, সবকিছু শেষ হয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


সাভারে শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে চলমান আন্দোলনে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে তৃতীয় পক্ষ হিসেবে প্রভাব বিস্তার, উসকানি এবং অর্থায়নের অভিযোগে পুলিশ সালাউদ্দিন আহমেদ সোহেল নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।

গতকাল শনিবার দিবাগত রাতে সাভার পৌরসভার ব্যাংক টাউন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সালাউদ্দিন আহমেদ সোহেল সাভার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্যাংক টাউন এলাকার মো. শাহাদাৎ হোসেনের পুত্র।

সাভার মডেল থানার সূত্রে জানা গেছে, সম্প্রতি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কাজে লাগিয়ে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে সোহেল তৃতীয় পক্ষ হিসেবে শ্রমিকদের উসকানি দিচ্ছিলেন। এর পাশাপাশি নাশকতাকারীদের অর্থায়নে তাঁর সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। এসব বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলাতেও সোহেল আসামি। এছাড়া, মাদকের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার তথ্যও পুলিশ পেয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। পোশাকশিল্প খাতে অস্থিরতা সৃষ্টির ঘটনায় দায়ের করা একটি মামলায় (মামলা নং-২১) তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সড়ক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


মুন্সীগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সড়ক মন্ত্রী

মুন্সীগঞ্জের ইছামতী নদীর ওপর কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। নতুন দুই লেনের সেতুটি ৬৮ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হবে, যা পুরোনো ও ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর পরিবর্তে স্থাপন করা হচ্ছে।

রবিবার বিকেল তিনটায় মুন্সীগঞ্জ (ছনবাড়ি)-কুন্ডেরবাজার-শ্রীনগর সড়কের কুন্ডেরবাজার এলাকায় সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বাস্তবায়নাধীন ‘জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন প্রকল্প (ঢাকা জোন)’ এর আওতায় সেতুটি নির্মাণ করা হচ্ছে।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে নির্মিতব্য স্টিল কম্পোজিট কাঠামোর সেতুটির দৈর্ঘ্য হবে ১৫১ দশমিক ৯০ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ৩০ মিটার। এর সঙ্গে ৬০০ মিটার সংযোগ সড়কও নির্মাণ করা হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। এ ছাড়া সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সেতুটি নির্মিত হলে মুন্সীগঞ্জ সদর, টঙ্গিবাড়ী ও সিরাজদীখান উপজেলাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে। পুরোনো বেইলি সেতুটির সীমিত ভারবহন ক্ষমতা এবং জরাজীর্ণ অবস্থার কারণে যানবাহন চলাচলে যে ঝুঁকি তৈরি হয়েছে, নতুন সেতু চালু হলে তা দূর হবে। পাশাপাশি পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে।

মুন্সীগঞ্জ ও আশপাশের এলাকায় আলু, ধান, গম, সরিষা ও বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদিত হয়। এসব কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের ক্ষেত্রে কুন্ডেরবাজার-শ্রীনগর সড়কটি গুরুত্বপূর্ণ। নতুন সেতু নির্মিত হলে কৃষিপণ্যসহ অন্যান্য বাণিজ্যিক পণ্য পরিবহন আরো সহজ হবে। এতে স্থানীয় কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের আওতায় পুরোনো সেতু প্রতিস্থাপনের পাশাপাশি সংযোগ সড়ক উন্নয়ন ও নদীতীর সংরক্ষণের কাজও করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, এসব কাজ শেষ হলে এলাকার সড়ক যোগাযোগের সক্ষমতা ও নিরাপত্তা বাড়বে। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে মুন্সীগঞ্জের যোগাযোগ আরো কার্যকর হবে। ফলে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি জনদুর্ভোগও কমবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%