০৭:১২ পি.এম
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেছেন যে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কোনো মেধাবী ও যোগ্য চিকিৎসক যেন বঞ্চনা বা বৈষম্যের শিকার না হন। তিনি উল্লেখ করেন, একজন চিকিৎসকের যোগ্যতা, দক্ষতা ও মেধাই তার মূল্যায়নের প্রধান ভিত্তি হওয়া উচিত। ভিন্ন মতাদর্শের পরও যোগ্য ব্যক্তিকে যথাযথ সম্মান ও সুযোগ প্রদান করা প্রয়োজন।
রবিবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চমেক হাসপাতাল শাখা।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, পরমতসহিষ্ণুতা, গণতান্ত্রিক অধিকার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও স্বাস্থ্যসেবার উন্নয়ন যেন থেমে না যায়। কোনো সরকারের সময় নেওয়া ভালো উদ্যোগ পরবর্তী সরকার এসে বন্ধ করে দেবে—এমন মানসিকতা পরিহার করা উচিত। চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে রাখতে হবে।
আরও পড়ুন: বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প
মানুষের জীবন ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোগগুলোতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
চসিক প্রশাসক বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়নে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশুদের জীবন রক্ষায় অক্সিজেন কনসেনট্রেটরের মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের এ উদ্যোগকে মহৎ ও প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শুধু একটি বিভাগে সীমাবদ্ধ না রেখে হাসপাতালের অন্যান্য বিভাগেও সম্প্রসারণ করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী এবং ড্যাব চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম।
আরও পড়ুন: ছাত্রশিবিরের মাধ্যমে কী লাভ হয়েছে, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন