০৭:১৬ পি.এম
খুলনার টুটপাড়ায় অভিযান পরিচালনা করে পুলিশ ‘নূর আজিম গ্রুপের’ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে রবিবার (৮ নভেম্বর) ভোর ৫টা পর্যন্ত নগরীর টুটপাড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানের এক পর্যায়ে নূর আজিমের ঘনিষ্ঠ সহযোগী সবুজের বাসা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ নগর খানপুর গোয়ালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) এবং রাসেল শেখ (২৫)।
এ বিষয়ে খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন নিশ্চিত করে জানান, শনিবার রাত ১২টা থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে নূর আজিম বাহিনীর ছয় সদস্যকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী রোডে সুলতানা হামিদ আলী স্কুলের বিপরীতে অবস্থিত নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই হামলা নূর আজিম বাহিনীর সদস্যরা ঘটিয়েছে। এক মাস আগে নূর আজিম বাহিনীর সদস্য পরিচয়ে ওই ডায়াগনষ্টিক সেন্টারে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ এ ব্যাপারে পুলিশে লিখিত অভিযোগ দেয়নি। ওই ঘটনার পর পুলিশ গ্রেপ্তারে তৎপর হয়।
আরও পড়ুন: ভৈরবে জমি নিয়ে বিরোধ, ভাড়াটিয়াদের প্রাণনাশের হুমকির অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন