০৬:৫৫ পি.এম
বাংলাদেশ নারী ফুটবলের সামনে রয়েছে একটি ব্যস্ত সূচি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে দলের। তবে, গুরুত্বপূর্ণ এই সিরিজে প্রধান কোচ পিটার বাটলারকে ডাগআউটে পাওয়া যাচ্ছে না। অসুস্থতার কারণে তিনি বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। এ কারণে ঋতুপর্ণা-আফিদাদের দায়িত্ব কে নেবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাটলারের লিভারে সমস্যা ধরা পড়েছে। বাংলাদেশ নারী ফুটবল দলের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা গুরুতর। লিভারের সমস্যা ক্যানসারে রূপ নিয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে, এবং সেখান থেকে সেরে উঠতে সময় লাগবে। তাই সিঙ্গাপুর সফরে তাঁর দলের সঙ্গে থাকার সম্ভাবনা কম।
বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাটলার অসুস্থতার কারণে ইংল্যান্ডে রয়েছে। বাস্তবিকভাবে সিঙ্গাপুর ম্যাচে তার থাকা সম্ভব নয়। এই সময়ে টেকনিক্যাল ডিরেক্টর (সাইফুল বারী টিটু) ছাড়া বিকল্প সেভাবে নেই। তিনিই হয়তো সিঙ্গাপুরে দায়িত্বে থাকতে পারেন।’
আরও পড়ুন: মরিনহোর মন্তব্য: আতলেতিকো-বার্সেলোনা ম্যাচে দুই দলই হারুক
বাটলারের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ ডিসেম্বর মাসে শেষ হবে। বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে তুললেও সাফের শিরোপা ধরে রাখতে পারেননি তিনি। এশিয়ান গেমসেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি দল। সব মিলিয়ে তাঁর কোচিং নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। এবার অসুস্থতা যোগ হওয়ায় বাংলাদেশে তাঁর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ বিষয়ে কিরণ বলেন, ‘বাটলারের সঙ্গে ফেডারেশনের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। সিঙ্গাপুর ম্যাচে হয়তো অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। এরপর ফেডারেশন পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটির প্রস্তুতির জন্য বর্তমানে চট্টগ্রামে অনুশীলন করছে বাংলাদেশ দল। আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের। সাফ টুর্নামেন্ট শেষ হলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে পারেন আফিদারা। আপাতত দলের অনুশীলন পরিচালনা করছেন আবুল হোসেন।
আরও পড়ুন: ‘যোগাযোগ করলে তার কাছে শিখব’: বাবর আজমের ইউসুফের পরামর্শে আগ্রহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন