০১:০৪ এম
রোজ শুক্রবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুর্নীতি প্রতিরোধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, কোনো রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না এবং দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এ দিকে তথ্য প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের সামনে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার কথা তুলে ধরা হয়েছে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে যাচ্ছেন।
শুক্রবার (১৯ জুন) বিকেলে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা হলরুমে জি আর চাল, দুস্থদের মাঝে ঢেউটিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২০ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও মোটরসাইকেল
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশ থেকে মানবিকতা উঠে গিয়েছে। এখন আর সম্মানিতদের সম্মান করা হয় না এবং যে যার মতো চলছে। এই অভ্যাস দূর করতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, তার মন্ত্রণালয় থেকে অনেক কাজ হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে মিথ্যা তথ্য ও অপপ্রচার রোধে কার্যক্রম চলমান।
এছাড়া তিনি জানান, আমাদের পুরানো মানবিক আচরণ যেমন, ছোটদের প্রতি, মুরুব্বিদের প্রতি, এমনকি পশুপাখিদের প্রতি যে আচরণ করা হতো তা হারিয়ে যাচ্ছে। আগে রাস্তা দিয়ে কেউ গেলে সালাম-ভদ্রতা দেখাত। কোনো অনুষ্ঠানে গেলে বা যানবাহনে গেলে সিনিয়রদের বসার জায়গা করে দেওয়া হতো। এখন সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই অবস্থায়, বিশেষ করে প্রধানমন্ত্রী নির্দেশনায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিশু থেকে যুবক-যুবতীর সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে নানা পদক্ষেপ গ্রহণ করছে। এসব তথ্য এবং ভিডিওর মাধ্যমে বড় পর্দা ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা হচ্ছে।
তিনি আরো বলেন, আগে দেখেছি পরিচিত লোক বা প্রতিষ্ঠানে, এমনকি রাজনীতির ক্ষেত্রে সহায়তা করা হতো। এখন সহায়তা করা হবে প্রাপ্য যারা তারা তাদের। তিনি জানান, রাস্তা এখন ইট বিছানো হবে এবং কাঁচা রাস্তায় অযথা টাকা ব্যয় করা হবে না। এখন আর কোনো কমিশন দিয়ে কাউকে কাজ করতে হবে না, কাউকে চাঁদা দিতে হবে না। সব ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে। সরকারের সব উন্নয়নে জনগণকে পাশে থাকতে হবে এবং সরকার চায় যে, যে যার জায়গা থেকে সরকারকে সহযোগিতা করতে।
তিনি বলেন, নান্দাইলের উন্নয়নে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে সব ক্ষেত্রেই উন্নয়ন হবে। এজন্য দরকার সন্ত্রাস ও মাদকমুক্ত নান্দাইল।
আরও পড়ুন: বিরোধীদল সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে মিডিয়ার সামনে আবোল তাবোল বলছে এমপি খোকন তালুকদার
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও বিএনপির নেতাকর্মীরা। এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের সামনে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত দিনব্যাপি ফল মেলার উদ্বোধন করেন। পরে তিনি পৌরসভার আমোদাবাদ মহল্লার একটি সড়কে তাল গাছ রোপণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন