ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষিঋণের খেলাপির হার ৪২%


কৃষিঋণের খেলাপির হার ৪২%

কৃষি খাতে খেলাপি ঋণের হার একসময় অন্যান্য খাতের তুলনায় কম ছিল। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির অবনতি ঘটেছে। গত আগস্টের শেষে কৃষি খাতে বিতরণ করা ঋণের ৪২ দশমিক ৩৮ শতাংশ খেলাপি হয়ে পড়েছে। পুরো ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৭৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্টের শেষে কৃষি খাতে ঋণস্থিতি দাঁড়িয়েছে ৭০ হাজার ৪৩২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ২৯ হাজার ৮৪৯ কোটি টাকা, যা মোট ঋণের ৪২ দশমিক ৩৮ শতাংশ। গত জুনের শেষে এ খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৮ হাজার ৫৭৮ কোটি টাকা বা ২৯ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ, মাত্র দুই মাসে কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে ১১ হাজার ২৭১ কোটি টাকা।

দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১১ দশমিক ৭১ শতাংশ। দেশের মোট কর্মসংস্থানের প্রায় ৪৬ শতাংশ কৃষি খাতের ওপর নির্ভরশীল। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কারণে কৃষিঋণ বিতরণে সরকারও গুরুত্ব দিয়ে থাকে।

আরও পড়ুন: তেলের দামে বড় লাফ, দুই মাসে সর্বোচ্চ বৃদ্ধি

বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছে। এর ফলে ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার ঋণ মাফ করা হয়েছে। এরপরও কৃষি খাতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি খাতের অস্বাভাবিক খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে মূল কারণ হলো, ২০২৪ সালের নভেম্বর মাসে জারি করা নতুন ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং বা নিরাপত্তা সঞ্চিতির নীতিমালা। ওই নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ঋণের কিস্তি বা সম্পূর্ণ টাকা পরিশোধের মেয়াদের পরের দিন থেকেই তা ওভারডিউ বা বকেয়া হিসেবে গণ্য হবে। বকেয়ার মেয়াদের ওপর ভিত্তি করে ঋণকে নিয়মিত ও খেলাপি হিসেবে ভাগ করা হয়। মূলত আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে মিল রেখে ঋণ পরিশোধের সময়সীমা কঠোর করায় এবং গ্রেস পিরিয়ড বা ছাড়ের সুবিধা কমিয়ে আনার কারণে কৃষিতে বিপুল পরিমাণ ঋণ একসঙ্গে খেলাপি ঋণে পরিণত হয়েছে।

নীতিমালা জারির আগে ২০২৪ সালের জুনের শেষে কৃষি খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৭ কোটি টাকা।

দুই মাসে সাত হাজার কোটি টাকার ঋণ বিতরণ

আরও পড়ুন: আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার: আন্তর্জাতিক ব্যবসার প্রেক্ষাপটে বিশ্লেষণ

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) কৃষি ও পল্লি খাতে ছয় হাজার ৮৫৮ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। এ অর্থ চলতি অর্থবছরের মোট লক্ষ্যমাত্রার ১১ দশমিক ৪৩ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ঋণ বিতরণ হয়েছিল চার হাজার ৮২৬ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ঋণ বিতরণ বেড়েছে দুই হাজার ৩২ কোটি টাকা বা ৪২ দশমিক ১১ শতাংশ।

চলতি অর্থবছরে কৃষি ও পল্লি খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরে এ লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার কোটি টাকা। সে হিসাবে এবার লক্ষ্যমাত্রা বেড়েছে প্রায় ৫৪ শতাংশ। গত অর্থবছরে এ খাতে মোট ৪২ হাজার ৮৩৪ কোটি ১৬ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছিল।

এবার কৃষিঋণ কর্মসূচির আওতা বাড়ানো হয়েছে। এর আওতায় হ্যাচারিতে মাছের পোনা উৎপাদন, হাঁস-মুরগির বাচ্চা উৎপাদন ও উট পালনের মতো কার্যক্রম যুক্ত করা হয়েছে।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে কৃষিঋণ বিতরণের পাশাপাশি ঋণ আদায়ও বেড়েছে। জুলাই-আগস্ট সময়ে এ খাতে সাত হাজার ৪১৯ কোটি টাকা ঋণ আদায় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ছয় হাজার ৭৩ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ঋণ আদায় বেড়েছে ১ হাজার ৩৪৬ কোটি টাকা বা ২২ দশমিক ২১ শতাংশ।

আরও পড়ুন: বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী, আরও পতনের শঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ ট্যাংকার ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪০ এম


হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ ট্যাংকার ক্ষতিগ্রস্ত

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় তিনটি তেলবাহী জাহাজ সমুদ্রে পেতে রাখা মাইন বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটির বক্তব্য অনুযায়ী, তেহরানের দৃষ্টিতে অবৈধ পথে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করায় এই জাহাজগুলো মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

আইআরজিসি মঙ্গলবার তাদের সরকারি সংবাদমাধ্যম সেপাহ নিউজের ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালির দক্ষিণাংশে অবৈধ প্রবেশপথে তাদের নৌবাহিনীর সদস্যদের পেতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে দু’টি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। এর ফলে জাহাজ দুটি থেমে যায়।

পরবর্তীতে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আরেক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির দক্ষিণে একটি নৌমাইনে আঘাত লেগে তৃতীয় একটি তেলবাহী জাহাজেও বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

বিবৃতিতে উল্লেখ করা হয় যে, জাহাজটিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। এছাড়া, জাহাজটি তার সব রাডার ও নৌ-চলাচল সংক্রান্ত ব্যবস্থা বন্ধ করে রেখেছিল বলেও দাবি করেছে ইরানি বাহিনী।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওমানের উপকূলঘেঁষা দক্ষিণ দিকের পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোকে বারবার লক্ষ্যবস্তু করেছে ইরানি বাহিনী।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে এ সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা এবং দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা নিহত হন।

এর পর থেকে গুরুত্বপূর্ণ এই জলপথে অবরোধ আরোপের চেষ্টা করছে ইরান। দেশটির দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের আগে সব জাহাজকে ইরানের অনুমতি নিতে হবে। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজ চলাচলের ওপর পাল্টা অবরোধ আরোপ করেছে।

মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলি আবদোল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল সামরিক সরঞ্জামকে লক্ষ্যবস্তু করতে কম খরচের অস্ত্র ব্যবহার করছে তার দেশ।

তিনি বলেন, ‘শত্রুপক্ষ আরও কোনো ভুল করলে আমরা স্বল্পমূল্যের, কিন্তু কার্যকর বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে তাদের ব্যয়বহুল ও অত্যাধুনিক সামরিক সরঞ্জামের কার্যকারিতা নষ্ট করে দেব।’

সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকারী জাহাজগুলোর ওপর হামলার ঘটনা বেড়েছে।

আরও বেশি জাহাজকে প্রণালি পার হতে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিতে চাইছে ওয়াশিংটন। অন্যদিকে, জাহাজ চলাচলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে তেহরান।

গত কয়েক দিনেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে একাধিক তেলবাহী জাহাজ মাইনে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২০ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও মোটরসাইকেল

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫০ এম


বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২০ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও মোটরসাইকেল

বরিশাল মহানগরীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলার ১০ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশের আওতায় চারজন রয়েছেন। এ ছাড়া মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম গাঁজা ও একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিএমপির প্রকাশিত বিশেষ আভিযানিক সাফল্যসংক্রান্ত তথ্যে এসব তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করে।


বিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার অভিযানে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের হিসাবটি হলো—

১. মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় তিনজন।

২. গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিনজন।

৩. নিয়মিত মামলায় ১০ জন।

৪. বরিশাল মহানগর অধ্যাদেশের আওতায় চারজন।

সব মিলিয়ে চার শ্রেণিতে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম গাঁজা এবং একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে বিএমপির প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে।

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে চারটি থানা ও গোয়েন্দা শাখার সমন্বয়ে অভিযান পরিচালনা করে বিএমপি। এসব অভিযানে গ্রেফতারি পরোয়ানা কার্যকর, নিয়মিত মামলার আসামি গ্রেফতার এবং মহানগর অধ্যাদেশের আওতায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে বিএমপি। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানানো হয়েছে।

মাদকসংক্রান্ত তথ্য জানাতে যোগাযোগ করুন:

০১৩২০-০৬৪০০০

০১৩২০-০৬৪০৪৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন তথ্য দিলেন জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন তথ্য দিলেন জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ এখনও গড়ে ওঠেনি। এই পরিবেশ তৈরি করা সহজ হবে না। একইসঙ্গে কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা আবশ্যক।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমানের সঙ্গে বৈঠকে এসব তথ্য তুলে ধরেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে বাংলাদেশে এসেছেন জুলি বিশপ। সফরের অংশ হিসেবে ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব, পররাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক ও আলোচনা করেছেন তিনি। এরপর কক্সবাজারে এসে তার সঙ্গে বৈঠক করেন।

মো. মিজানুর রহমান আরও জানান, জুলি বিশপ রোহিঙ্গা শিবিরে বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি জানান, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য অনুকূল নয়। এ সময় শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উখিয়ার কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন জুলি বিশপ ও তার সফরসঙ্গীরা। এ সময় তারা রোহিঙ্গাদের সুরক্ষা, শিক্ষা, জীবিকায়ন, নারীদের পরিস্থিতি ও মানবিক সহায়তা কার্যক্রমের খোঁজ নেন।

সফরের শুরুতে প্রতিনিধি দলটি ক্যাম্প-৪-এর একটি শিক্ষা কেন্দ্র পরিদর্শন করে। পরে ভূমিধস প্রতিরোধ ও স্থিতিশীলতা কার্যক্রম পরিচালিত এলাকা ঘুরে দেখে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেয়।

এরপর ক্যাম্প-১৭-তে রোহিঙ্গাদের সঙ্গে সুরক্ষাবিষয়ক একটি গোলটেবিল আলোচনায় অংশ নেন জুলি বিশপ। আলোচনায় নতুন করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সমস্যা, সুরক্ষার চ্যালেঞ্জ ও নাগরিক পরিসর-সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রতিনিধি দলটি ক্যাম্প-২০-তে সাবান উৎপাদনভিত্তিক জীবিকায়ন কার্যক্রমের একটি পরীক্ষামূলক প্রকল্প পরিদর্শন করে। ক্যাম্প-২ই-তে নারীদের মাসিক স্বাস্থ্যবিধি ও এ-সংক্রান্ত জীবিকায়ন কার্যক্রম ঘুরে দেখে।

এ ছাড়া ক্যাম্প-২ ডব্লিউতে একটি নারী কেন্দ্র পরিদর্শন করে রোহিঙ্গা নারীদের সঙ্গে দলগত আলোচনায় অংশ নেয় প্রতিনিধি দলটি। সেখানে নারীদের অভিজ্ঞতা, প্রয়োজন ও বিভিন্ন চ্যালেঞ্জের বিষয় উঠে আসে।

জুলি বিশপের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন: বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোরে-স্মেরেজনিয়াক, বাংলাদেশে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত প্রতিনিধি জুলিয়েট মুরেকেইসনি, মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের কার্যালয়ের রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা ডানকান উইলসন এবং সহযোগী জনসংযোগ কর্মকর্তা পায়ে থেট চায়েল।

ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজার শহরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক করেন জুলি বিশপ ও তার সফরসঙ্গীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-নেপাল নয়, গান্ধীর আদর্শে ভারতের তরুণদের আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


বাংলাদেশ-নেপাল নয়, গান্ধীর আদর্শে ভারতের তরুণদের আন্দোলন

ভারতের তরুণদের আন্দোলনকে বাংলাদেশ ও নেপালে সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তুলনা করা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তিনি দাবি করেছেন যে, ভারতের এই আন্দোলন মহাত্মা গান্ধীর অহিংস সত্যাগ্রহের আদর্শে পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এ কথা জানিয়েছেন। কারাবন্দি সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার পক্ষে বক্তব্য রাখেন দিপকে। তিনি উল্লেখ করেন, তাঁদের শান্তিপূর্ণ আচরণ কোনো সহিংস প্রতিবাদ নয়; বরং এটি গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের প্রতিফলন।

ফ্রান্সসহ বিভিন্ন দেশের বিক্ষোভ ও সহিংসতার উদাহরণ তুলে ধরে ভারতের আন্দোলনকারীদের সমালোচনা করার বিরোধিতা করেন দিপকে। তাঁর মতে, বিদেশের পরিস্থিতির সঙ্গে তুলনা না করে ভারতের বিক্ষোভকারীদের অহিংস মনোভাবের দিকে নজর দেওয়া উচিত।

দিপকে বলেন, নেপাল বা বাংলাদেশের কথা না বলে তাঁদের সহযোদ্ধাদের দিকে নজর দেওয়া উচিত। তিনি দাবি করেন, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কোনো উসকানিতে পা না দিয়ে হাসিমুখে কারাগারে গেছেন। বেআইনিভাবে বন্দি করা হচ্ছে বলে জানার পরও তাঁরা শান্তি ও সম্প্রীতির পথ বেছে নিয়েছেন।

দুই নেতার কারাবরণকে বিশৃঙ্খল অভ্যুত্থানের চেষ্টা হিসেবে দেখার বিরোধিতা করে দিপকে বলেন, তাঁদের এই অবস্থান ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়কার অহিংস প্রতিরোধের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের উদাহরণ টেনে তিনি বলেন, কারাগারের কষ্ট সহ্য করে সৌরভ ও আশুতোষ দেশের বিবেক জাগিয়ে তোলার চেষ্টা করছেন। তাঁদের মুক্তির অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।

ভারতে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমের বিরুদ্ধে সিজেপি ও বিরোধী দলগুলো আন্দোলন করছে। এই বিক্ষোভকে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের সহিংস অস্থিরতার সঙ্গে তুলনা করার বিরোধিতা করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির দাবি, তাদের আন্দোলন শান্তিপূর্ণ, সাংবিধানিক এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অভিযোগ, একটি ‘ভারতবিরোধী চক্র’ বাংলাদেশ ও ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার মতো ভারতে সরকার পরিবর্তনের জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করছে। এই অভিযোগের পর আন্দোলনের ধরন ও উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হয়েছে। তথ্যসূত্র: এএনআই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%