১২:০৮ পি.এম
ভারতের তরুণদের আন্দোলনকে বাংলাদেশ ও নেপালে সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তুলনা করা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তিনি দাবি করেছেন যে, ভারতের এই আন্দোলন মহাত্মা গান্ধীর অহিংস সত্যাগ্রহের আদর্শে পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এ কথা জানিয়েছেন। কারাবন্দি সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার পক্ষে বক্তব্য রাখেন দিপকে। তিনি উল্লেখ করেন, তাঁদের শান্তিপূর্ণ আচরণ কোনো সহিংস প্রতিবাদ নয়; বরং এটি গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের প্রতিফলন।
ফ্রান্সসহ বিভিন্ন দেশের বিক্ষোভ ও সহিংসতার উদাহরণ তুলে ধরে ভারতের আন্দোলনকারীদের সমালোচনা করার বিরোধিতা করেন দিপকে। তাঁর মতে, বিদেশের পরিস্থিতির সঙ্গে তুলনা না করে ভারতের বিক্ষোভকারীদের অহিংস মনোভাবের দিকে নজর দেওয়া উচিত।
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ১৯ আসন নিয়ে কিংমেকার ফিলিস্তিনি দলগুলো
দিপকে বলেন, নেপাল বা বাংলাদেশের কথা না বলে তাঁদের সহযোদ্ধাদের দিকে নজর দেওয়া উচিত। তিনি দাবি করেন, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কোনো উসকানিতে পা না দিয়ে হাসিমুখে কারাগারে গেছেন। বেআইনিভাবে বন্দি করা হচ্ছে বলে জানার পরও তাঁরা শান্তি ও সম্প্রীতির পথ বেছে নিয়েছেন।
দুই নেতার কারাবরণকে বিশৃঙ্খল অভ্যুত্থানের চেষ্টা হিসেবে দেখার বিরোধিতা করে দিপকে বলেন, তাঁদের এই অবস্থান ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়কার অহিংস প্রতিরোধের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের উদাহরণ টেনে তিনি বলেন, কারাগারের কষ্ট সহ্য করে সৌরভ ও আশুতোষ দেশের বিবেক জাগিয়ে তোলার চেষ্টা করছেন। তাঁদের মুক্তির অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।
ভারতে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমের বিরুদ্ধে সিজেপি ও বিরোধী দলগুলো আন্দোলন করছে। এই বিক্ষোভকে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের সহিংস অস্থিরতার সঙ্গে তুলনা করার বিরোধিতা করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির দাবি, তাদের আন্দোলন শান্তিপূর্ণ, সাংবিধানিক এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অভিযোগ, একটি ‘ভারতবিরোধী চক্র’ বাংলাদেশ ও ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার মতো ভারতে সরকার পরিবর্তনের জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করছে। এই অভিযোগের পর আন্দোলনের ধরন ও উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হয়েছে। তথ্যসূত্র: এএনআই
আরও পড়ুন: হুতি বিদ্রোহীদের এডেন বিমানবন্দর খালি করার নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন