০৭:০০ পি.এম
স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ফলে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে পৌঁছেছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আরও অন্তত ১৭৯ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। স্থানীয় ও আঞ্চলিক প্রশাসন আশঙ্কা প্রকাশ করেছে যে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।
স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা ৫৪ মিনিটে স্পেনের তোলোদো প্রদেশের মোরা, ওরগাজ এবং উরদা গ্রামের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী উচ্চগতির রেললাইনে রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘রেনফে’-এর একটি এভিই ট্রেন সামনে থাকা বেসরকারি সংস্থা ‘ইরিও’-এর ট্রেনের পেছনের অংশে সজোরে ধাক্কা দেয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইরিও ট্রেনটি লাইনে থেমে ছিল অথবা অত্যন্ত ধীরগতিতে চলছিল। দুর্ঘটনার তীব্রতায় ইরিও ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাহাড়ের ঢাল বেয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত রেনফে ট্রেনে ৩৯৭ জন এবং ইরিও ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, ১৬টি অ্যাম্বুলেন্স এবং ৩টি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের রাজ্য সরকার তাত্ক্ষণিকভাবে জরুরি আপদকালীন পরিকল্পনা সক্রিয় করেছে। বিশাল উদ্ধার তৎপরতার কারণে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সমস্ত দ্রুতগতির ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: ডিজেল রপ্তানি বাড়াতে চায় ভারত, শোধনাগারগুলো সক্ষমতা বাড়াচ্ছে
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি জানান, তিনি এই দুর্ঘটনায় স্তম্ভিত ও মর্মাহত। তিনি পরিবহন মন্ত্রী এবং স্থানীয় প্রাদেশিক প্রধানদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানান। প্রধানমন্ত্রী নিহতদের স্বজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা, ভালোবাসা ও পূর্ণ সংহতি জ্ঞাপন করেছেন।
সূত্র: এরাউন্ড প্রাগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন