১২:১০ পি.এম
ঢাকা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে পাবনার ঈশ্বরদীতে পৌঁছেছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে প্রবেশ করে। এর আগে, ভোর ৪টা ৫৬ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর।
সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সড়ক পথে রুপপুরে নেওয়া হয় ইউরেনিয়ামের গাড়িবহরটি। ঢাকা থেকে রুপপুর পর্যন্ত সড়কজুড়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় সড়কে সকল ধরনের যানবাহন এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
আরও পড়ুন: কীর্তিনাশা নদী থেকে ৩ বছরের অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
এ বিষয়ে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে রাশিয়া থেকে ইউরেনিয়ামের চালান কবে বা কখন ঢাকায় এসেছে, সে বিষয়ে কোনো তথ্য জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর একইভাবে ঢাকা থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের ৭টি চালান চলতি বছরের মধ্যে রুপপুর বিদ্যুৎকেন্দ্রে আসার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন