ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক হোসেন


পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক হোসেন

মাদকবিরোধী অভিযানের সময় অস্ত্র প্রদর্শনের ঘটনায় সমালোচিত হন সদ্য পদত্যাগী প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি। এই ঘটনার পর ব্যাপক আলোচনা শুরু হলে ১২ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী তাকে ডেকে পাঠান। ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন জানান, সেখানে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী কখন এবং কোথায় তাকে ডেকেছিলেন, সেই বিষয়ে খোলামেলা কথা বলেন ইশরাক হোসেন। গণমাধ্যমকে তিনি জানান, ‘প্রধানমন্ত্রী আমাকে দুপুরে সময় দিয়েছিলেন। আমরা একান্তে দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এরপর ক্যাবিনেট মিটিংয়ের সময় হয়ে যাওয়ায় তিনি উঠে সেখানে চলে যান। আমি আর তার সঙ্গে যাইনি। ক্যাবিনেটের পাশের একটি কক্ষে বসে ছিলাম, যাতে মিটিং শেষ হলে আমরা আবার আলোচনা চালিয়ে যেতে পারি। কারণ, আমাদের কথোপকথন তখনও শেষ হয়নি। পরে প্রধানমন্ত্রী আমাকে আবার ক্যাবিনেটে ডেকে নিয়ে যান এবং আমার নির্ধারিত আসনে বসতে বলেন। আমি সেখানে বসে ক্যাবিনেট মিটিংয়ে অংশ নিই এবং আমরা মিটিংটি সম্পন্ন করি। মিটিং শেষ হওয়ার পর আমরা আবার তার অফিসে যাই এবং সেখানে কথা বলি। আলোচনা শেষে পরবর্তী সময়ে কীভাবে কাজ করব, সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিই।’

পদত্যাগের সিদ্ধান্তে দলের প্রতি তার কোনো ক্ষোভ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল কখনোই চাইবে না যে তাদের মন্ত্রিসভার কোনো এক সদস্য পদত্যাগ করুক। তিন-চারটি দৈনিক পত্রিকা পরিকল্পিতভাবে একটি সিন্ডিকেট তৈরি করেছে। তারা যে কোনো উপায়ে আমাকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে আমার নেতা, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডকেও ক্ষতিগ্রস্ত করতে চায়।’

আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

বিরোধী দলের নেতাদের যোগাযোগের বিষয়ে ইশরাক হোসেন বলেন, ‘তাদের মধ্যে বেশিরভাগই আমাকে সরাসরি ফোন করে বলেছেন, আমরা আপনার সঙ্গে আছি। আপনার যে কোনো কর্মকাণ্ডে আমরা পাশে থাকব। এটি এখন একটি ব্যাধিতে পরিণত হয়েছে এবং সব জায়গায় ছড়িয়ে পড়ছে। তারা আরও বলেছেন, আপনি যদি প্রয়োজন মনে করেন, তাহলে আমরাও আপনার সঙ্গে থাকতে চাই। এ ধরনের কথা অনেকে বলেছেন।’

আগামী নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমার যেসব মূল নেতাকর্মী ২০২০ সাল থেকে আমার সঙ্গে কাজ করছেন, তারা সব সময় আমাকে ওই জায়গাটিতে দেখতে চেয়েছেন এবং এখনো চান।’

প্রসঙ্গত, গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে ১৭ অক্টোবর মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন ও তার সহযোগীরা। ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, ইশরাক হোসেন অস্ত্র হাতে মাদকাসক্ত ও বিক্রেতাদের তাড়া করছেন।

পরে তীব্র সমালোচনা শুরু হলে তার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে তিনি ওই ঘটনার ব্যাখ্যা দেন। ইশরাক বলেন, শনিবার ঘটনাস্থলে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্রে ইশরাক হোসেনের নিরাপত্তা ঝুঁকি এবং মাদক কারবারিরা ছাদ থেকে আকস্মিক গুলিবর্ষণ করতে পারে, এমন আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এমতাবস্থায় সুনির্দিষ্ট হামলার আশঙ্কা এবং জানমালের নিরাপত্তায় আমি এবং আমার সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে অত্যন্ত স্বল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরি।

আরও পড়ুন: মিরপুরে কিশোর গ্যাংয়ের হোতা তিন ভাই গ্রেফতার

কিন্তু ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর রোববার বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাকে ডেকে পদত্যাগের নির্দেশনা দেন বলে খবর প্রকাশ হয়। তবে তাৎক্ষণিক বিবৃতিতে ইশরাক দাবি করেছিলেন, এ ধরনের সংবাদ সর্বৈব মিথ্যা।

তবে সোমবার সকালে ইশরাক জানান যে, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শপথ নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় সেদিনই তারেক রহমানের মন্ত্রিসভা ছাড়লেন ইশরাক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেফাজতে ইসলামের গণআন্দোলনের ইতিহাস সংকলনে শাপলা স্মৃতি সংসদ ও জামিয়াতুত তারবিয়াহের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


হেফাজতে ইসলামের গণআন্দোলনের ইতিহাস সংকলনে শাপলা স্মৃতি সংসদ ও জামিয়াতুত তারবিয়াহের যৌথ উদ্যোগ

২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতৃত্বে সংঘটিত গণআন্দোলনের ইতিহাস সংকলনের উদ্যোগ গ্রহণ করেছে শাপলা স্মৃতি সংসদ ও জামিয়াতুত তারবিয়াহ। এই উদ্দেশ্যে, দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ইতিহাস সংকলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বাদ আসর জামিয়াতুত তারবিয়াহয় অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্তটি গৃহীত হয়। বৈঠকে ২০১৩ সালের গণআন্দোলনের ঘটনাপ্রবাহ, ঐতিহাসিক প্রেক্ষাপট, সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা এবং প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ গণআন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং তথ্য-উপাত্ত ও প্রামাণ্য দলিলপত্রের ভিত্তিতে ঘটনাপ্রবাহ লিপিবদ্ধ করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান ও জামিয়াতুত তারবিয়াহর মহাপরিচালক আল্লামা মামুনুল হক, ইতিহাস বিভাগের মুশরিফ মাওলানা মনযুর আহমাদ, মাওলানা মুহিব্বুল্লাহ মাসনুন, দৈনিক আমার দেশের সাহিত্য সম্পাদক মুহিম মাহফুজ, মাওলানা আরিফ বিল্লাহ, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন, সাহিত্য সম্পাদক মাওলানা ইব্রাহীম জামিল, সহ-মিডিয়া সম্পাদক ফাতীহ মুহাম্মাদ সুলাইমান এবং দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সাদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে: জাগপা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


বিএনপি ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে: জাগপা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন মন্তব্য করেছেন, বিএনপি ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে। তিনি বলেন, "ভারতের কোলে বসে দেশ ধ্বংস করা বিএনপির আরেক নাম এখন আওয়ামী লীগ।" সম্প্রতি বিএনপি সরকারের এমপি-মন্ত্রীদের বক্তব্যে প্রমাণিত হয়েছে যে, ভারতের প্রতি আওয়ামী লীগের অসমাপ্ত দায়িত্ব পালন করতে ইচ্ছুক বিএনপি সরকার।

বৃহস্পতিবার পল্টনে মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপার প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইকবাল হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিএনপির সঙ্গে ভারতীয় সরকারের গোপন চুক্তি অনুযায়ী সারা দেশে আওয়ামী লীগের ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। তিনি মন্তব্য করেন, বিরোধী দলের ওপর দায় চাপাতে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড বিএনপি সরকার দৃষ্টিপ্রতিবন্ধীদের মতো এড়িয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, "ভারতের সঙ্গে বন্ধুত্ব মানেই বিএনপি-আওয়ামী লীগের গোলামি।" নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তের পাশেই নতুন সেনাঘাঁটি নির্মাণ করছে। তিনি জানান, ভারত বাংলাদেশকে নেতাশূন্য ও সেনাশূন্য করতে আবারও পুরোনো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে হুঁশিয়ার থাকার আহ্বান জানান তিনি।

জাগপার সাধারণ সম্পাদক বলেন, বৈষম্য ও অগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। কিন্তু জুলাই-পরবর্তী সরকার এখনো বৈষম্য ও অগণতান্ত্রিক ব্যবস্থার পথে হাঁটতে শুরু করেছে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় নিজেদের খোঁড়া গর্তে নিজেদেরই পড়তে হবে।

জাগপা ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, পঞ্চগড় জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, রংপুর মহানগর সভাপতি মাছুম বিল্লাহ ও যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০ বছরেও ক্ষমতায় আসবেন না-রাহুলকে অমিত শাহর কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


৩০ বছরেও ক্ষমতায় আসবেন না-রাহুলকে অমিত শাহর কটাক্ষ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন যে কংগ্রেস আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে সক্ষম হবে না। তিনি বলেন, পরাজয়ের কারণ হিসেবে তারা ‘ভোট চুরি’র অভিযোগ উত্থাপন করছে। এই বক্তব্য তিনি বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে তুলে ধরেন।

অমিত শাহের মতে, কংগ্রেস অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চায়, এবং এজন্য তারা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে আপত্তি জানাচ্ছে।

এসআইআর বাতিলের দাবিতে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের জন্য কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আন্দোলনে নেমেছে। গত ১৩ অক্টোবর, রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে বিরোধীরা বিক্ষোভ করেছে। একই দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) বিক্ষোভ করেছে। তবে উৎসবের মৌসুম শুরু হওয়ায় আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পড়েছে।

অমিত শাহ রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেন, ‘আগামী ৩০ বছরেও আপনি ক্ষমতায় আসাতে পারবেন না।’

অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি (রাহুল) শুধু ভোট চুরি নিয়ে কথা বলেন। কারণ, আপনি অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চান। তাদের ভোটগুলোকে আগলে রাখতে চান।’

বিরোধীদের আন্দোলনকে কটাক্ষ করে ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘মানুষের ভোটের রায় আপনারা এভাবে রাজনৈতিক কৌশল প্রয়োগ করে এবং জনরোষ সৃষ্টি করে বদলাতে পারবেন না। শুধু আন্দোলন করে, অবস্থানে বসে ভোটে জেতা যায় না।’

সূত্র: আন্দবাজার অনলাইন

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের খুলনায় গুলিতে যুবক নিহত, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন আর-১৫ বাইক

আন্তর্জাতিক ডেস্ক

খুলনা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


ফের খুলনায় গুলিতে যুবক নিহত, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন আর-১৫ বাইক

খুলনাতে একাধিক হত্যাকাণ্ডে উদ্বেগ, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন:

খুলনা নগরীতে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে নগরীর মিস্ত্রিপাড়া এলাকায় মো. তুষার (২৭) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর আনসার উদ্দিন লেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নম্বরপ্লেটবিহীন একটি আর-১৫ মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ধারাবাহিক অপরাধের ঘটনায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

নিহত মো. তুষার খুলনার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। তাঁকে কী কারণে গুলি করে হত্যা করা হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ওই ঘটনার পর তুষার মোটরসাইকেলে করে পালানোর সময় আনসার উদ্দিন লেনে পৌঁছালে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে স্থানীয় সূত্রের দাবি। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানা গেছে। তবে ধস্তাধস্তি, ছুরিকাঘাত ও গুলির ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এ সময় ঘটনাস্থল থেকে নম্বরপ্লেটবিহীন আর-১৫ মোটরসাইকেলটি জব্দ করা হয়। মোটরসাইকেলটির মালিকানা, এটি কারা ব্যবহার করছিল এবং হত্যাকাণ্ডের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

নগরীতে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে। বিশেষ করে প্রকাশ্য স্থানে গুলি চালিয়ে হত্যার মতো ঘটনা অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে প্রশ্নের জন্ম দিচ্ছে। এসব ঘটনায় অপরাধীদের দ্রুত শনাক্ত করা, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।

এ ঘটনায় হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার নেপথ্যের রহস্য উন্মোচনে তদন্তের অগ্রগতি এখন গুরুত্বপূর্ণ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের উদ্দেশ্য, জড়িতদের পরিচয় কিংবা কাউকে আটক করার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%