ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা


কুড়িগ্রামে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভাটি রোববার (২৫ অক্টোবর) সকালে কুড়িগ্রামের দাদা মোড়স্থ রেডক্রিসেন্ট সোসাইটি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান।

বক্তারা এ সময় উল্লেখ করেন, কুড়িগ্রাম একটি নদীমাতৃক ও দুর্যোগপ্রবণ অঞ্চল। এখানকার মানুষের জীবনযাত্রা নদীভাঙন, বন্যা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে গভীরভাবে জড়িত। বক্তারা বলেন, চরের প্রান্তিক মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে মানবিক সেবা পৌঁছে দিতে রেডক্রিসেন্ট সোসাইটি সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবে।

আরও পড়ুন: দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে : কৃষিমন্ত্রী

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে কুড়িগ্রামের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গতিশীলতা আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি শামসুল ইসলাম মন্ডল, সদস্য অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জহুরুল আলম, কফিল উদ্দিন, হাসান যোবায়ের হিমেল, ইকবাল হোসেন চাঁদ, রেশমা সুলতানা, হেদায়েত হোসেন এলিচ এবং যুব রেড ক্রিসেন্ট সদস্য ইকবাল রাব্বি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যালয়ের অফিস কর্মকর্তা বায়োজিদ হোসেন।

সভায় রেডক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস জব্দ, দুই দোকানকে জরিমানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির নিরাপত্তা রক্ষায় সেনা পাঠাতে প্রস্তুত মিসর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


সৌদির নিরাপত্তা রক্ষায় সেনা পাঠাতে প্রস্তুত মিসর

মিসর সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। এ উদ্দেশ্যে সৌদি আরবের অনুরোধ পেলে দেশটির প্রতিরক্ষা সংক্রান্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর অনুমোদন দিয়েছে মিসরের পার্লামেন্ট প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির কাছে। তবে কায়রো জানায়, ইয়েমেনে হামলা চালানো বা হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই।

মিসরের পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান বলেন, সৌদি আরবকে সহায়তা দেওয়ার অনুমোদনের মূল উদ্দেশ্য হলো আরব অঞ্চলের জাতীয় নিরাপত্তা রক্ষা এবং সৌদি ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিত করা। তিনি এ সিদ্ধান্তকে কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন।

সৌদির অনুরোধ পেলে মিসর সেনা পাঠানোর জন্য প্রস্তুত থাকবে। প্রেসিডেন্ট সিসি এর আগে উল্লেখ করেছিলেন, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তার দেশ প্রস্তুত রয়েছে। তবে সামরিক সহায়তার বিষয়টি সৌদি আরবের আনুষ্ঠানিক অনুরোধের ওপর নির্ভর করবে।

মিসরের সংবিধান অনুসারে, দেশের বাইরে যুদ্ধ মিশনে সশস্ত্র বাহিনী পাঠানোর জন্য পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন প্রয়োজন। ৫৯৬ সদস্যের পার্লামেন্টে এ জন্য অন্তত ৩৯৮ জনের সমর্থন প্রয়োজন।

পার্লামেন্টের অনুমোদন পাওয়ার অর্থ এই নয় যে অবিলম্বে সেনা পাঠানো হবে। বরং সৌদি আরব আনুষ্ঠানিকভাবে সহায়তা চাইলে প্রেসিডেন্ট সিসি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিতে পারবেন। সেনা পাঠানোর সংখ্যা, দায়িত্ব পালনকাল এবং তাদের সুনির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

হুথিদের হামলায় চাপে সৌদি আরব

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। দেশটির বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এতে হতাহতের পাশাপাশি বিমান চলাচল ও আঞ্চলিক বাণিজ্যেও বিঘ্ন ঘটেছে।

এই পরিস্থিতিতে সৌদি আরব মিত্র দেশগুলোর কাছে সামরিক সহায়তা চেয়ে আসছে। গত ১৮ অক্টোবর মিসরের জাতীয় প্রতিরক্ষা পরিষদ সৌদি আরবের নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন সিসি।

মিসরের অবস্থান হলো, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা দেশের নিজস্ব জাতীয় নিরাপত্তার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। লোহিত সাগর ও আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা রক্ষাও কায়রোর অন্যতম অগ্রাধিকার।

সামরিক সহায়তা নিয়ে মিসরেই বিতর্ক

সৌদি আরবকে সহায়তা দেওয়ার সিদ্ধান্তের প্রতি সমর্থন থাকলেও মিসরের অভ্যন্তরে সেনা পাঠানোর সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে। মিসরীয় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি সামরিক সহায়তার প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। দলটির বক্তব্য, প্রস্তাবিত অভিযানের লক্ষ্য, মেয়াদ, ব্যয় এবং মিসরীয় সেনাদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। সৌদি আরবের নিরাপত্তার প্রতি সমর্থন জানালেও অনির্দিষ্ট মেয়াদের সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছে দলটি।

এদিকে মিসরের আল-আজহারও আঞ্চলিক সংঘাত বন্ধে জরুরি ভিত্তিতে আরব ও মুসলিম দেশগুলোর মধ্যস্থতা উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সব মিলিয়ে, সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার জন্য মিসর প্রস্তুতি নিচ্ছে। তবে কায়রোর ঘোষিত অবস্থান অনুযায়ী, এই সহায়তা হবে প্রতিরক্ষামূলক—ইয়েমেনে নতুন করে যুদ্ধ শুরু করা বা হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানো এর উদ্দেশ্য নয়।

সূত্র: ভয়েস অব এমিরেটস ও দ্য ন্যাশনাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে ডেঙ্গুর ঝুঁকি কমানোর লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


সিরাজগঞ্জে ডেঙ্গুর ঝুঁকি কমানোর লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গু প্রতিরোধের জন্য সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সিরাজগঞ্জ শহরের বিজয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ অভিযানটি পরিচালনার উদ্দেশ্য হচ্ছে পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুর ঝুঁকি কমানো। সংশ্লিষ্টদের মতে, এই কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

কর্মসূচির আওতায়, বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে, পানি জমে থাকার স্থান চিহ্নিত করা হচ্ছে এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।

কার্যক্রম চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, পৌর প্রশাসক শাহাদাত হোসাইন, পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তাগণ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতখানে মা ইলিশ রক্ষা অভিযানে ১ লাখ মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


দৌলতখানে মা ইলিশ রক্ষা অভিযানে ১ লাখ মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ভোলার দৌলতখানে মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে ১ লাখ মিটার অবৈধ জাল পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দৌলতখান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মেহেদী হাসানের নির্দেশে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।

পরে, বিকেল ৫টার দিকে মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট মাছঘাট এলাকার মেঘনার পাড়ে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী জীবন কৃষ্ণ দাস এবং রাওপুর মুরসালিনসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে গির্জার যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলায় ৮০ কোটি ডলারের ক্ষতিপূরণ চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


যুক্তরাষ্ট্রে গির্জার যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলায় ৮০ কোটি ডলারের ক্ষতিপূরণ চুক্তি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্যাথলিক গির্জার যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে ১ হাজার ৩০০ জনের সঙ্গে ৮০ কোটি ডলারের ক্ষতিপূরণ চুক্তিতে সম্মত হয়েছে নিউইয়র্কের আর্চডায়োসিস। এই সমঝোতা দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর সম্পন্ন হয়েছে। এটি যুক্তরাষ্ট্রে কোনো ক্যাথলিক আর্চডায়োসিসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে দ্বিতীয় বৃহত্তম ক্ষতিপূরণ চুক্তি হিসেবে চিহ্নিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) আর্চবিশপ রোনাল্ড হিকস যাজকদের কাছে পাঠানো এক ই-মেইলে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তবে চুক্তিটি চূড়ান্ত হবে সংশ্লিষ্ট পক্ষগুলোর স্বাক্ষরের পর। আগামী ৬ নভেম্বরের সপ্তাহে চুক্তিতে স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে।

নিউইয়র্কের ক্যাথলিক গির্জার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করা ব্যক্তিদের আইনজীবীরা এর আগে সমঝোতার ঘোষণা দিয়েছেন। এই চুক্তির আওতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান করা হবে, কিন্তু প্রত্যেক ব্যক্তি কত টাকা পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনার ক্ষেত্রে এর চেয়ে বড় ক্ষতিপূরণ চুক্তি লস অ্যাঞ্জেলেসের ক্যাথলিক গির্জার সঙ্গে হয়েছিল। ২০২৪ সালে প্রায় এক হাজার নির্যাতনের শিকার ব্যক্তিকে ৮৮ কোটি ডলার দিতে সম্মত হয়েছিল তারা। এর আগে একই ধরনের দাবিতে ৭৪ কোটি ডলার পরিশোধও করা হয়েছিল।

এছাড়া চলতি বছরের জুনে সান ফ্রান্সিসকোর আর্চডায়োসিস ৩৯ কোটি ৫০ লাখ ডলার দিতে সম্মত হয়েছিল প্রায় ৫০০টি মামলার নিষ্পত্তিতে। ২০২৫ সালের ডিসেম্বরে নিউ অরলিন্সের আর্চডায়োসিস অন্তত ২৩ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার সমঝোতা অনুমোদন করেন এক ফেডারেল বিচারক।

নিউইয়র্কের আর্চডায়োসিসের বিরুদ্ধে করা মামলাগুলোর নিষ্পত্তির জন্য চলতি বছরের মে মাসে একটি সমঝোতার কাঠামো তৈরি করা হয়েছিল, যেখানে অভিযোগ দায়ের করা প্রত্যেক ব্যক্তির সম্মতি প্রয়োজন ছিল।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে ক্যাথলিক গির্জার বিরুদ্ধে এক হাজারের বেশি মামলা করা ব্যক্তিদের আইনজীবী জেফ অ্যান্ডারসন এক বিবৃতিতে বলেন, "অভিযোগকারীদের সম্মিলিত সম্মতি ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।" তিনি আরও বলেন, "তাদের সাহস, ত্যাগ ও দৃঢ়তা জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অগ্রগতি এনেছে।"

আইনজীবী ত্রুশা গফে বলেন, "বছরের পর বছর ধরে আইনি লড়াই চালিয়ে গিয়ে এ সমঝোতায় পৌঁছানো নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য একটি অসাধারণ অর্জন।"

নিউইয়র্কের আর্চডায়োসিসের আওতায় ব্রঙ্কস, ম্যানহাটন ও স্ট্যাটেন আইল্যান্ড এলাকা এবং শহরের উত্তরের সাতটি কাউন্টি রয়েছে। এই প্রতিষ্ঠানের অধীনে প্রায় ৩০০টি গির্জা, ১৫০টির বেশি ধর্মীয় বিদ্যালয় এবং ২৫ লাখ ক্যাথলিক রয়েছে।

আর্চবিশপ হিকস তার ই-মেইলে উল্লেখ করেন, "চুক্তিটি চূড়ান্ত হলে নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য কিছুটা হলেও নিরাময় ও পুনর্মিলনের সুযোগ তৈরি হবে।" তিনি বলেন, "এটি গির্জাকে ধর্মীয় শিক্ষা প্রচার, অসুস্থদের সেবা, দরিদ্র ও অসহায়দের সহায়তা, আশ্রয়প্রার্থীদের স্বাগত জানানো এবং শিশুদের শিক্ষাদানে মনোযোগ দিতে সক্ষম করবে।"

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ২০১৯ সালে প্রণীত একটি আইন অনুযায়ী, শৈশবে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিরা নির্যাতনকারী এবং তাদের রক্ষাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫৫ বছর বয়স পর্যন্ত মামলা করতে পারেন। আইনটি কার্যকর হওয়ার সময় যাদের বয়স ৫৫ বছর পেরিয়েছিল, তারাও নির্যাতনের সময় নির্বিশেষে ২০২১ সালের আগস্ট পর্যন্ত মামলা করার সুযোগ পেয়েছিলেন।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%