ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

বরগুনায় ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা


বরগুনায় ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বরগুনা শহরের বিসিক শিল্পনগরীতে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযোগ রয়েছে যে, প্রতিষ্ঠানটি অনুমোদন ও প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই ইঞ্জিন অয়েল প্যাকেজিং এবং বাজারজাত করছে। অভিযানের ফলস্বরূপ, প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, আনুমানিক ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের খালি ক্যান, বোতল, ব্যারেল ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

বরগুনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘গেইন সুপার’ নামে একটি ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার। প্রসিকিউটর হিসেবে বরগুনা বিএসটিআইয়ের পরিদর্শক আশিকুর রহমান উপস্থিত ছিলেন। অভিযানের সময় বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ও প্যাকেজিং সামগ্রী ব্যবহার করে ইঞ্জিন অয়েল ও মবিল মোড়কজাত করার বিষয়টি ধরা পড়ে।

আরও পড়ুন: সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু বহিষ্কার

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি যথাযথ নিবন্ধন গ্রহণ না করেই বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে ইঞ্জিন অয়েল ও মবিল বাজারজাত করছে। জেলা প্রশাসন জানায়, এসব মোড়কে পণ্যের মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ এবং উৎপাদনস্থলসহ প্রয়োজনীয় তথ্যের উল্লেখ ছিল না।

অভিযানকালে প্রতিষ্ঠানটি থেকে ৮৪ কার্টন খালি কালো ক্যান, ৬০ কার্টন খালি কমলা ক্যান, ১৩০টি খালি ব্যারেল, ৬৫টি পাঁচ লিটারের মবিলের বোতল, ১৮টি এক লিটারের মবিলের বোতল এবং ১৫০টি খালি বালতিসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং পণ্যের গুণগত মান ও সঠিক পরিমাপ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: নিলামের নামে টেংরাগিরি বনে জীবিত গাছ লুট, আলামত মুছতে গোড়ায় আগুন

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে আমন বীজ ধান কর্তন কার্যক্রম উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


বাকৃবিতে আমন বীজ ধান কর্তন কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আমন মৌসুমের বীজ ধান কর্তন কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুহ. এনামুল হক, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আসাদুল হক। এ ছাড়া খামার ব্যবস্থাপনা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, "বছরের এ সময়ে ধান কাটা বাংলার গ্রামীণ ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু কৃষিকাজ নয়, বরং গ্রামীণ জীবনের এক উৎসব। নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠাপুলি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।"

তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের খামারে উৎপাদিত বীজ বিক্রির মাধ্যমে একদিকে বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে উপকৃত হচ্ছে, অন্যদিকে এসব বীজ কৃষকের জন্য কতটা উপযোগী, তা মাঠপর্যায়ে যাচাইয়ের সুযোগ তৈরি হচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কৃষিজমির পরিমাণ ধীরে ধীরে কমে এলেও কৃষিভিত্তিক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।"

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাকৃবির গবেষকদের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, "কৃষি ও কৃষকের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজনের সঙ্গে যুক্ত খামারের কর্মকর্তা-কর্মচারীদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।"

প্রসঙ্গত, খামার ব্যবস্থাপনা শাখায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভিন্ন জাতের ধান, গম ও তৈলবীজ উৎপাদন করা হয়। এসব বীজ কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তায় অবদান রাখছে বিশ্ববিদ্যালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে ককটেল হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


ঢাবিতে ককটেল হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত ককটেল হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফরের নেতৃত্বে একটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রোববার (৮ নভেম্বর) রাতে শুরু হওয়া এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ থানার সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে ছাত্রদল কেন্দ্রীয় সহ সভাপতি এইচ এম আবু জাফর বলেন, "নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা বাংলাদেশে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। শিক্ষার্থীদের সাথে নিয়ে এসব সন্ত্রাসীদের গণধোলাই দেয়া হবে। ইতিমধ্যে আমরা ৩ জনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছি। খুনি হাসিনাকে বলব, আপনার যদি সৎসাহস থাকে তাহলে বাংলাদেশে এসে আইনের মুখোমুখি হন। আমরা সরকারকে অনুরোধ করব, খুনি হাসিনাকে ফেরত এনে দ্রুত ফাসির রায় কার্যকর করুন।"

মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান আরিফ, ঢাকা কলেজের যুগ্ম আহবায়ক ইজাবুল মল্লিক, তেজগাঁও কলেজের সদস্য নাজমুল হাসান পাপন সহ অন্যান্য নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স ৮৮ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ পি.এম


নভেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স ৮৮ কোটি ডলার

চলতি নভেম্বর মাসের প্রথম সাত দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৮৭ কোটি ৮৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৪ টাকা ৩২ পয়সা হিসাবে) এই রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৬ কোটি টাকা। রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ২২.৭ শতাংশ বৃদ্ধি ঘটেছে। গত বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার।

চলতি অর্থবছরের ২০২৬ সালের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ২৩৪ কোটি ৪০ লাখ (১২,৩৪৪ মিলিয়ন) মার্কিন ডলার। আগের অর্থবছরের (২০২৫ সালের ১ জুলাই থেকে ৭ নভেম্বর) একই সময়ে এই পরিমাণ ছিল ১ হাজার ৮৬ কোটি ৫০ লাখ (১০,৮৬৫ মিলিয়ন) ডলার। অর্থাৎ চলতি ২০২৬-২৭ অর্থবছরে (৭ নভেম্বর পর্যন্ত) বার্ষিক রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৩.৬ শতাংশে পৌঁছেছে।

এই সাত দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ৭৩ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলার।

এছাড়া, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার। দেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ১০ হাজার ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবিতে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপন, আনন্দমুখর পরিবেশে বিভিন্ন আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


যবিপ্রবিতে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপন, আনন্দমুখর পরিবেশে বিভিন্ন আয়োজন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন করা হয়েছে।

প্রদীপ প্রজ্বালন, বর্ণিল আলোকসজ্জা, আতশবাজি ও ফানুস উড্ডয়নসহ নানা আয়োজনের মাধ্যমে এই উৎসবের আয়োজন করা হয়। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে পূজার অনুষ্ঠান সম্পন্ন হয়।

পূজা উপলক্ষে সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মন্দির প্রাঙ্গণকে সাজানো হয় বর্ণিল আলোকসজ্জা ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা মাটির প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মন্দির প্রাঙ্গণকে আলোকিত করেন। পাশাপাশি আতশবাজি উৎসব ও ফানুস উড্ডয়নের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

পূজার নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বালন, ৭টায় আতশবাজি উৎসব, রাত ৯টায় পূজার আনুষ্ঠানিকতা শুরু, ১১টায় অঞ্জলি এবং রাত ১১টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

এই বিষয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক তরুণ সেন বলেন, ‘শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলির আলোয় সবার জীবন আলোকিত হয়ে উঠুক। মানুষের জীবনের সব অন্ধকার, হতাশা, দুঃখ-কষ্ট ও দুর্দশা দূর হয়ে নতুন আশার সঞ্চার হোক। সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আসুক। সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর হয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। শ্রীশ্রী মা কালীর কাছে প্রার্থনা করি, তিনি যেন সবার জীবনে মঙ্গল ও কল্যাণ বয়ে আনেন। সত্য, সুন্দর ও শুভশক্তির জয় হোক।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%