১১:২৬ পি.এম
রাজধানীর মিরপুরে একটি চলন্ত প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাড়িটির কিছু ক্ষতি হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
এটি ঘটে রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সংলগ্ন গোলচত্বর এলাকায়।
পুলিশের তথ্য অনুযায়ী, রোববার রাতে একটি প্রাইভেট কার সনি সিনেমা হলের সামনে গোলচত্বর দিয়ে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত চলন্ত প্রাইভেট কারটির বোন্যাট লক্ষ্য করে একটি ককটেল ছুঁড়ে মারে এবং দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের
ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ফলে প্রাইভেট কারটির বোন্যাটে গর্ত তৈরি হয় এবং সামনের অংশের রং নষ্ট হয়ে যায়। তবে গাড়ির চালক বা যাত্রীরা অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন