প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনা শহরের বিসিক শিল্পনগরীতে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযোগ রয়েছে যে, প্রতিষ্ঠানটি অনুমোদন ও প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই ইঞ্জিন অয়েল প্যাকেজিং এবং বাজারজাত করছে। অভিযানের ফলস্বরূপ, প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, আনুমানিক ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের খালি ক্যান, বোতল, ব্যারেল ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
বরগুনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘গেইন সুপার’ নামে একটি ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার। প্রসিকিউটর হিসেবে বরগুনা বিএসটিআইয়ের পরিদর্শক আশিকুর রহমান উপস্থিত ছিলেন। অভিযানের সময় বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ও প্যাকেজিং সামগ্রী ব্যবহার করে ইঞ্জিন অয়েল ও মবিল মোড়কজাত করার বিষয়টি ধরা পড়ে।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি যথাযথ নিবন্ধন গ্রহণ না করেই বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে ইঞ্জিন অয়েল ও মবিল বাজারজাত করছে। জেলা প্রশাসন জানায়, এসব মোড়কে পণ্যের মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ এবং উৎপাদনস্থলসহ প্রয়োজনীয় তথ্যের উল্লেখ ছিল না।
অভিযানকালে প্রতিষ্ঠানটি থেকে ৮৪ কার্টন খালি কালো ক্যান, ৬০ কার্টন খালি কমলা ক্যান, ১৩০টি খালি ব্যারেল, ৬৫টি পাঁচ লিটারের মবিলের বোতল, ১৮টি এক লিটারের মবিলের বোতল এবং ১৫০টি খালি বালতিসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং পণ্যের গুণগত মান ও সঠিক পরিমাপ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন