১১:০২ পি.এম
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (এসওডব্লিউএ) ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী পরিষদের শপথ গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেলে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি মতিউর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে ১৯ সদস্যের নির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করে।
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে অবস্থিত এসজিএফএলের প্রধান কার্যালয়ে বিকেল ৩টায় এ শপথ গ্রহণের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন। নবনির্বাচিত পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান মহাব্যবস্থাপক (সার্ভিসেস) ও প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী প্রদীপ কুমার বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন নবনির্বাচিত পরিষদের সদস্যদের অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। প্রতিষ্ঠানের স্বার্থ ও কর্মীদের কল্যাণকে গুরুত্ব দিয়ে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য এবং পেশাগত ঐক্য বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: ৭ নভেম্বরের চেতনায় দেশকে সমৃদ্ধ করতে হবে: সিসিক প্রশাসক
সহকারী ব্যবস্থাপক (ট্রান্সপোর্ট) খলিলুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মহাব্যবস্থাপক (কোম্পানি সচিব) হেলাল উদ্দিন, সার্ভিস ডিভিশনের মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান, মহাব্যবস্থাপক (এনজিএল অ্যান্ড এলপিজি) প্রকৌশলী মো. শাহজাহান আলী, মহাব্যবস্থাপক (আরঅ্যান্ডডি) প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর চৌধুরী, রিজার্ভয়ার অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী নুরুল ইসলাম ভূঁইয়া, মহাব্যবস্থাপক (অর্থ) মো. নুরুজ্জামান, মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী এ কে এম আলমগীর আজাদ এবং মহাব্যবস্থাপক (টিএস) প্রকৌশলী নিপুন চন্দ্র সমাদ্দার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিকুইড অ্যান্ড পেট্রোলিয়াম অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রকৌশলী জীবন কান্তি সরকার, গ্যাস ফিল্ডস লিমিটেড কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রেজি. নং-১১০৬-এর কার্যকরী সভাপতি প্রদীপ কুমার শর্মা, সাধারণ সম্পাদক মো. উসমান আলী, যুগ্ম সম্পাদক নজরুল ইসলামসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট এসজিএফএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়, কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও রশিদপুর গ্যাস ফিল্ড কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলে। তিনটি কেন্দ্রে মোট ৩৩২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নবনির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে এসজিএফএল কর্মকর্তাদের কল্যাণ, ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: সিলেটে বিএনপি নেতা নাসিমের উদ্যোগে ২৩ বছর পর মুক্তি পেলেন চা-শ্রমিক রাজু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন