ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পাঁচ ওয়াক্ত নামাজে মুমিনের প্রার্থনা সঠিক পথের সন্ধান


পাঁচ ওয়াক্ত নামাজে মুমিনের প্রার্থনা সঠিক পথের সন্ধান

প্রত্যেক মুসলমান মহান আল্লাহর কাছে দৈনিক যে দোয়া করেন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দোয়া হলো ‘সঠিক পথের সন্ধান লাভ করা’। কারণ, যদি মানুষ সবকিছু অর্জন করেও সত্য ও ন্যায়ের পথ হারিয়ে ফেলে, তবে তার জীবনের চূড়ান্ত সাফল্য অধরাই থেকে যায়। এ কারণে পবিত্র কোরআনের প্রথম সুরা ফাতিহায় আল্লাহ তাআলা মুমিনদের এই দোয়া করার শিক্ষা দিয়েছেন, যা প্রত্যেক মুমিন প্রতিদিন বহুবার করে থাকেন। এই দোয়াটি হলো—‘আমাদের সরল পথ দেখান।’ (সুরা : ফাতিহা, আয়াত : ৬)

এ দোয়া শুধুমাত্র পথ চেনার আবেদন নয়; বরং এটি সত্যকে জানার, তা গ্রহণ করার, সে অনুযায়ী আমল করার এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার ওপর অবিচল থাকার প্রার্থনা। নিচে কোরআনে পবিত্র সরল পথের পরিচয় ও তার ওপর অবিচল থাকার কিছু কৌশল তুলে ধরা হলো—

সরল পথের সংজ্ঞা : আরবি শব্দ ‘সিরাত’ অর্থ পথ এবং ‘মুস্তাকিম’ অর্থ সোজা, সরল ও বক্রতামুক্ত। তবে কোরআনের পরিভাষায় সিরাতুল মুস্তাকিম নিছক একটি নৈতিক ধারণা নয়; এটি আল্লাহর মনোনীত দ্বিন, তাওহিদ, তাঁর আনুগত্য এবং রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতের সমন্বিত রূপ।

আরও পড়ুন: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি প্রকাশ

মূলত আল্লাহর হুকুম ও মহানবী (সা.)-এর সুন্নত মোতাবেক আল্লাহর ইবাদতই সরল পথের মূল ভিত্তি। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘আর তোমরা আমারই ইবাদত করো। এটিই সরল পথ।’ (সুরা : ইয়াসিন, আয়াত : ৬১)

ইমাম তাবারি (রহ.) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহর ইবাদতকে একনিষ্ঠভাবে তাঁর জন্য নির্দিষ্ট করা, তাঁর আনুগত্য করা এবং শয়তানের অবাধ্যতামূলক নির্দেশ প্রত্যাখ্যান করাই সঠিক দ্বিন ও সরল পথ। (তাফসিরে তাবারি)

অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের সূচনা তাওহিদ থেকে। আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে বিশ্বাস করা, ইবাদত তাঁর জন্য নিবেদিত করা এবং তাঁর বিধান মেনে চলা এর অপরিহার্য ভিত্তি।

সিরাতুল মুস্তাকিমের তাৎপর্য বোঝাতে রাসুলুল্লাহ (সা.) একটি চমৎকার উপমা দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা এভাবে সোজা পথের একটি উদাহরণ দিয়েছেন—রাস্তার দুই ধারে দুটি প্রাচীর।

আরও পড়ুন: নিজের যা নেই, তা থাকার ভান করা নিন্দনীয়

প্রাচীর দুটিতে রয়েছে অনেক খোলা দরজা। এগুলোতে পর্দা ঝোলানো রয়েছে। একজন আহবানকারী রাস্তার মাথায় দাঁড়িয়ে আহবান করছেন। অন্য এক আহবানকারী পথের ওপর থেকে ডাকছেন। ‘আর আল্লাহ তাআলা শান্তিময় আবাসের দিকে ডাকছেন। তিনি যাকে ইচ্ছা সোজা পথের হেদায়েত দান করেন।’ (সুরা : ইউনুস, আয়াত : ২৫)

রাস্তার দুই পাশে দরজাগুলো হলো আল্লাহ তাআলার নির্ধারিত সীমাসমূহ। সুতরাং, কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নির্ধারিত সীমা লঙ্ঘন করলে তাতে (দরজার) পর্দা সরে যায়। আর ওপর থেকে যে আহ্বায়ক আহবান করছেন, তিনি হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে উপদেশদাতা! (তিরমিজি, হাদিস : ২৮৫৯)

এই উপমা আমাদের শেখায়, দ্বিনের মৌলিক নির্দেশনা ও আল্লাহর নির্ধারিত সীমারেখা থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই। বরং সর্বাবস্থায় কোরআন ও সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘হে মুমিনরা! তোমরা আনুগত্য করো আল্লাহর, তাঁর রাসুলের এবং তোমাদের মধ্যে যারা এখতিয়ারধারী তাদেরও।’ (সুরা : নিসা, আয়াত : ৫৯)

প্রশ্ন জাগতে পারে, এখানে আল্লাহ ও তাঁর রাসুলের পরে কাদের কথা উল্লেখ করা হয়েছে? এর উত্তর পবিত্র কোরআনের আরেকটি আয়াতে এসেছে। ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহ ও রাসুলের আনুগত্য করবে, তারা সেই সব লোকের সঙ্গে থাকবে, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও সৎকর্মশীলগণের সঙ্গে। কতই না উত্তম সঙ্গী তারা!’ (সুরা : নিসা, আয়াত : ৬৯)

আরও পড়ুন: মুষলধারে বৃষ্টির মধ্যে মসজিদুল হারামে নামাজ ও কাবা শরিফের তাওয়াফ অব্যাহত

এই আয়াত দ্বারা বোঝা যায়, যারা মহান আল্লাহ ও তাঁর রাসুলের দেখানো সরল পথের অনুসারী হবে, সব পরিস্থতিতে তার ওপর অবিচল থাকতে হবে। সুরা ফাতিহার যে আয়াতের মাধ্যমে মহান আল্লাহর কাছে সঠিক পথের দিশা চায়, তা নিছক একটি বাক্য নয়, বরং এই আয়াতে লুকিয়ে আছে, মানুষের গোটা জীবনের শিক্ষা, যে শিক্ষা তাকে আমৃত্যু কোরআন-সুন্নাহ মোতাবেক পরিচালিত হওয়ার শিক্ষা দেয়। মহান আল্লাহ আমাদের সবাইকে সরল পথের অনুসারী হওয়ার তাওফিক দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে অভিযান আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৯ এম


মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে অভিযান আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর

রাজধানীর মোহাম্মদপুরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাদক, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধের লক্ষ্যে ডগ স্কোয়াড নিয়ে যৌথ অভিযান শুরু করেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এই অভিযান শুরু হয়। অভিযানে অংশগ্রহণ করেন পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং এসআরবির সদস্যরা।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুরের লোহার গেট, জেনেভা ক্যাম্প এবং মোহাম্মদপুর থানার সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। মোহাম্মদপুর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক কারবারি, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের কার্যক্রম প্রতিরোধে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহানবী (সা.)-এর ৬ সুন্নত প্রতিদিনের পরিচ্ছন্নতায় গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ এম


মহানবী (সা.)-এর ৬ সুন্নত প্রতিদিনের পরিচ্ছন্নতায় গুরুত্ব

বর্তমানের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে, প্রযুক্তি ও সমাজের পরিবর্তনের সাথে নতুন রোগের উদ্ভব এবং পুরোনো রোগের পুনরুত্থান দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগ, যা পানি, খাদ্য ও বাতাসের মাধ্যমে ছড়ায়। রোগ মোকাবিলার জন্য শক্তিশালী জনস্বাস্থ্য ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস অপরিহার্য। মহানবী (সা.)-এর সুন্নত আমাদের এমন পদ্ধতি শিখিয়েছে, যা আধুনিক স্বাস্থ্যবিধির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

১. পবিত্র অবস্থায় থাকা : ইসলামে পবিত্রতা ইমানের অর্ধেক। আল্লাহ তাআলা বলেন, ‘তিনি তাঁদের ভালোবাসেন, যাঁরা তাঁর দিকে ফিরে আসেন এবং নিজেদের পবিত্র রাখেন।’ (সুরা বাকারা, আয়াত: ২২২)

এই বাণী থেকে বোঝা যায়, ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক পবিত্রতা কতটা গুরুত্বপূর্ণ। নবীজির জীবনাচরণে আমরা এমন অনেক অভ্যাস দেখতে পাই, যা আজকের বিজ্ঞানও স্বাস্থ্যকর বলে প্রমাণ করেছে। মহানবী (সা.) বলেন, ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৩)

২. হাঁচি-কাশিতে মুখ ঢাকার সুন্নত : হাঁচি বা কাশির সময় মুখ ঢাকা আধুনিক স্বাস্থ্যবিধির একটি গুরুত্বপূর্ণ অংশ। ২০১৪ সালে এমআইটির (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি) গবেষণায় দেখা গেছে, হাঁচি বা কাশির সময় নির্গত গ্যাসের মেঘ দীর্ঘ সময় বাতাসে ভাসতে পারে এবং এর কণা ৫ থেকে ২০০ গুণ দূরে ভ্রমণ করতে পারে। এটি বায়ুবাহিত রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ায়। মুহাম্মদ (সা.) হাঁচির সময় মুখ ঢাকতে নির্দেশ দিয়েছেন। (মুসতাদরাকে হাকিম, হাদিস: ৭৫৮৮)

৩. হাত ধোয়া : স্বাস্থ্য রক্ষার প্রথম ধাপ। হাত ধোয়া সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। অনেক ভাইরাস ও ব্যাকটেরিয়া নাক বা মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে। ফেকাল-ওরাল পথে ছড়ানো রোগগুলো অপরিচ্ছন্ন হাতের মাধ্যমে খাদ্য বা বস্তুতে ছড়ায়। আধুনিক বিজ্ঞান এখন হাত ধোয়াকে স্বাস্থ্য রক্ষার প্রধান পদক্ষেপ হিসেবে বিবেচনা করে। মহানবী (সা.) বিভিন্ন সময়ে হাত ধোয়ার নির্দেশ দিয়েছেন। সকালে ঘুম থেকে ওঠার পর তিনি বলেন, সকালে হাত না ধুয়ে কোনো কিছু স্পর্শ করা উচিত নয়। (সহিহ বুখারি, হাদিস : ১৬২)

৪. অজু করা : অজু নিজেই একটি স্বাস্থ্যকর অভ্যাস, যা শরীরের গুরুত্বপূর্ণ অংশ পরিষ্কার রাখে এবং রোগের বিস্তার রোধ করে। মহানবী (সা.) সকালে ঘুম থেকে ওঠার পর পানি দিয়ে নাক পরিষ্কার করতেন এবং দুই-তিনবার জোরে ঝাড়া দিয়ে পানি বের করতে বলেছেন। মহানবী (সা.) বলেন, কোন মুসলিম বান্দা অজুর সময় যখন মুখম-ল ধৌত তখন তার চোখ দিয়ে অর্জিত গুনাহ পানির সঙ্গে অথবা (তিনি বলেছেন) পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। যখন সে দুই হাত ধৌত করে তখন তার দুই হাতের স্পর্শের মাধ্যমে সব গুনাহ পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে ঝরে যায়। তারপর যখন সে পা দুই ধৌত করে, তখন তার দুই পা দিয়ে হাঁটার মাধ্যমে অর্জিত সব গুনাহ পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে ঝরে যায়, এভাবে সে যাবতীয় গুনাহ থেকে মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নণ হয়ে যায়। (সহিহ মুসলিম, হাদিস : ২৪৪)

৫. নাক পরিষ্কার রাখা : নাক আমাদের শ্বাসতন্ত্রের প্রথম প্রতিরক্ষা। এটি বাতাস পরিশ্রুত করে ধুলো, পরাগ, ব্যাকটেরিয়া ও ভাইরাসকে ফুসফুসে পৌঁছাতে বাধা দেয়। নিয়মিত নাক পরিষ্কার না করলে সর্দি, সাইনাস সংক্রমণ, অ্যালার্জি ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে। নবী মুহাম্মদ (সা.) সকালে ঘুম থেকে ওঠার পর পানি দিয়ে নাক পরিষ্কার করতেন এবং দুই-তিনবার জোরে ঝাড়া দিয়ে পানি বের করতে বলেছেন। (সহিহ বুখারি, হাদিস: ১৬২)

৬. দাঁতের যত্ন : আধুনিক গবেষণায় দেখা গেছে, মাড়ির রোগ (পিরিয়ডন্টাল ডিজিজ) হৃদ্‌রোগ, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। মুখের ব্যাকটেরিয়া শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে প্রদাহ সৃষ্টি করতে পারে। মুহাম্মদ (সা.) মুখের পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘মিসওয়াক মুখ পরিষ্কার করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৮৮) তিনি আরও বলেন, যদি উম্মতের ওপর বোঝা হওয়ার আশঙ্কা না হতো, তবে প্রতি নামাজের আগে মিসওয়াক ব্যবহারের নির্দেশ দিতেন। (সহিহ মুসলিম, হাদিস: ২৫২)

মিসওয়াক, যা সালভাডোরা পার্সিকা গাছের ডাল থেকে তৈরি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান (সালভাডোরিন ও ট্রাইমেথাইলামিন) ধারণ করে। এটি প্লাক ও মাড়ির প্রদাহ কমায় এবং টুথব্রাশের মতোই কার্যকর। (জার্নাল অব ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন, ২০১৩)

মহানবী (সা.)-এর প্রতিটি সুন্নত আমাদের এমন একটি জীবনধারা শিখিয়েছে। এই সুন্নতগুলো আমাদের রোগ থেকে রক্ষা করে এবং আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। আসুন, আমরা নবীর এই শিক্ষাগুলো আমাদের জীবনে গ্রহণ করি এবং পবিত্রতার পথে এগিয়ে যাই। আল্লাহ আমাদের তাওফিক দান করুক। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংক অব আমেরিকার বিরুদ্ধে ১২১ কোটি ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ এম


ব্যাংক অব আমেরিকার বিরুদ্ধে ১২১ কোটি ডলার জরিমানা

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি (১.২১ বিলিয়ন) ডলার জরিমানা করেছে, যা অর্থপাচারসহ বিভিন্ন অবৈধ লেনদেন শনাক্ত করতে মারাত্মক ব্যর্থতার কারণে হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এটি মার্কিন ট্রেজারি বিভাগের ইতিহাসে তৃতীয় বৃহত্তম জরিমানা হিসেবে চিহ্নিত হয়েছে। ব্যাংকটি প্রায় ৫০০ কোটি (৫ বিলিয়ন) ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য সরকারকে যথাসময়ে জানাতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে অন্তত ১০০ কোটি ডলারের লেনদেন মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে বিবেচিত হয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ব্যাংকটি নিজেদের তদারকি ব্যবস্থা ও সিকিউরিটি জোরদার না করে নিজেদের আয় ও মুনাফাকে বেশি গুরুত্ব দিয়েছে। ব্যাংক অব আমেরিকাকে এখন একজন স্বাধীন নিরপেক্ষ তদন্তকারী নিয়োগ করতে হবে, যিনি অতীতের সব লেনদেন পরীক্ষা করে সন্দেহজনক তথ্যগুলো মার্কিন আর্থিক গোয়েন্দা সংস্থাকে জানাবেন। ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, এই বিশাল অঙ্কের জরিমানার কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা থেকে শেয়ার প্রতি প্রায় ১৭ সেন্ট করে কমে যাবে। খবরটি সামনে আসার পর লেনদেন-পরবর্তী সময়ে ব্যাংক অব আমেরিকার শেয়ারের দাম ২.৭% কমে গেছে।

আর্থিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইউবিএস জানিয়েছে, এই জরিমানা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাংকটির শেয়ার পুনঃক্রয় করার ক্ষমতা এবং ভবিষ্যতের খরচ বৃদ্ধি নিয়ে শঙ্কা তৈরি করতে পারে।

ব্যাংক অব আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আর্থিক অপরাধ দমনে প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে এবং হাজার হাজার কর্মী নিয়োজিত রেখেছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুযায়ী তারা সমস্যাগুলো সমাধানে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লভ্যাংশ বিতরণের অনিয়মে বিএসইসি শাস্তিমূলক ব্যবস্থা নেবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩১ এম


লভ্যাংশ বিতরণের অনিয়মে বিএসইসি শাস্তিমূলক ব্যবস্থা নেবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিদ্ধান্ত নিয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি নগদ লভ্যাংশ বিতরণের জন্য অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা এবং এ-সংক্রান্ত প্রত্যয়নপত্র সংগ্রহের নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বিএসইসির এক হাজার ৩৩তম কমিশন সভায়, যা চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশের প্রস্তাব উপস্থাপনের পূর্বে ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ করে তা এজিএমে উপস্থাপন করতে হবে। এসব শর্ত পূরণ না হলে লভ্যাংশের প্রস্তাব এজিএমে উপস্থাপন করা যাবে না। এ বিষয়ে বিদ্যমান নির্দেশনা সংশোধন করা হবে।

বিএসইসি জানায়, বর্তমানে বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত বার্ষিক বা চূড়ান্ত নগদ লভ্যাংশের সম্পূর্ণ অর্থ এজিএমের অন্তত এক দিন আগে পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হয়। এ বিষয়ে ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ করে ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবের সত্যায়নসহ তা এজিএমে উপস্থাপন এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে জমা দিতে হয়। সম্প্রতি কিছু কোম্পানির ক্ষেত্রে এ নির্দেশনা পালনে ব্যত্যয় দেখা গেছে।

এদিকে, কমিশন তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুযায়ী, বিদ্যমান স্বতন্ত্র পরিচালকের পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ পরিচ্ছন্ন ঋণতথ্য প্রতিবেদন (ক্লিন সিআইবি রিপোর্ট) পাওয়ার শর্তে কমিশনের সম্মতি দেওয়া হবে।

এছাড়া যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তে আগে অব্যাহতি পাওয়া কোনো স্বতন্ত্র পরিচালক অন্য তালিকাভুক্ত কোম্পানিতে নিয়োগ কিংবা একই কোম্পানিতে পুনর্নিয়োগের ক্ষেত্রে আগের অব্যাহতির সুবিধা পাবেন। এ জন্য নতুন করে অব্যাহতি নিতে হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%