০৯:৩০ এম
মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি (১.২১ বিলিয়ন) ডলার জরিমানা করেছে, যা অর্থপাচারসহ বিভিন্ন অবৈধ লেনদেন শনাক্ত করতে মারাত্মক ব্যর্থতার কারণে হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এটি মার্কিন ট্রেজারি বিভাগের ইতিহাসে তৃতীয় বৃহত্তম জরিমানা হিসেবে চিহ্নিত হয়েছে। ব্যাংকটি প্রায় ৫০০ কোটি (৫ বিলিয়ন) ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য সরকারকে যথাসময়ে জানাতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে অন্তত ১০০ কোটি ডলারের লেনদেন মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে বিবেচিত হয়েছে।
মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ব্যাংকটি নিজেদের তদারকি ব্যবস্থা ও সিকিউরিটি জোরদার না করে নিজেদের আয় ও মুনাফাকে বেশি গুরুত্ব দিয়েছে। ব্যাংক অব আমেরিকাকে এখন একজন স্বাধীন নিরপেক্ষ তদন্তকারী নিয়োগ করতে হবে, যিনি অতীতের সব লেনদেন পরীক্ষা করে সন্দেহজনক তথ্যগুলো মার্কিন আর্থিক গোয়েন্দা সংস্থাকে জানাবেন। ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, এই বিশাল অঙ্কের জরিমানার কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা থেকে শেয়ার প্রতি প্রায় ১৭ সেন্ট করে কমে যাবে। খবরটি সামনে আসার পর লেনদেন-পরবর্তী সময়ে ব্যাংক অব আমেরিকার শেয়ারের দাম ২.৭% কমে গেছে।
আর্থিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইউবিএস জানিয়েছে, এই জরিমানা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাংকটির শেয়ার পুনঃক্রয় করার ক্ষমতা এবং ভবিষ্যতের খরচ বৃদ্ধি নিয়ে শঙ্কা তৈরি করতে পারে।
আরও পড়ুন: পাকিস্তান-আফগান সীমান্তে তালেবানের হামলায় ১ নিহত, ৫ আহত
ব্যাংক অব আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আর্থিক অপরাধ দমনে প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে এবং হাজার হাজার কর্মী নিয়োজিত রেখেছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুযায়ী তারা সমস্যাগুলো সমাধানে কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন