০১:৫৩ পি.এম
কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের টেকসই ব্যবহার এবং পরিবেশবান্ধব টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিটি বুধবার ঢাকার ফ্যান ফ্যাক্টরি ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পর ফ্যান ফ্যাক্টরি ঘাট এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়। পরিচ্ছন্নতা কর্মসূচির শেষে প্রায় ৮৭৫.৬ কেজি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয় এবং এই সংগৃহীত বর্জ্য স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনাকারীদের কাছে হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন 'Integrated Approach Towards Sustainable Plastics Use and Marine Litter Prevention in Bangladesh' প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO)-এর কারিগরি সহায়তা এবং রয়্যাল নরওয়েজিয়ান বাংলাদেশস্থ দূতাবাসের আর্থিক সহায়তা এই প্রকল্পের অংশ।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা
আলোচনা সভায় ইউনিডোর প্রতিনিধি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্জ্য উৎসস্থলেই পৃথক করা এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার প্রয়োজনীয়তা রয়েছে। বক্তারা উল্লেখ করেন, প্লাস্টিক বর্জ্য নালা, খাল, নদী ও অন্যান্য জলাশয়ে প্রবেশ করলে জলজ পরিবেশের ক্ষতি হয় এবং পানি নিষ্কাশনব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এ ধরনের দূষণ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল আচরণ ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে টিচ ফর বাংলাদেশের প্রতিনিধি মেহেদি হাসান রাফি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে কামরাঙ্গীরচরের নূর জাহান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম বক্তব্য দেন। সভাপতিত্ব করেন বিডি ক্লিনের ঢাকা দক্ষিণের জোনাল সমন্বয়ক মাহি ইসলাম পলক। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী ও অংশীজনদের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভার পর ফ্যান ফ্যাক্টরি ঘাট এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। এতে ইউএনআইডিওর প্রতিনিধি, বিডি ক্লিনের সদস্য, স্থানীয় প্রশাসন, শিক্ষার্থী, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতার পাশাপাশি সচেতনতামূলক ক্যাম্পেইনের আওতায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্লাস্টিক বর্জ্য যথাযথভাবে সংগ্রহ, উৎস পর্যায়ে পৃথকীকরণ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন