০১:৫২ পি.এম
‘পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদ্যাপিত হয়েছে।
এই দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার ৩৩ নম্বর দক্ষিণ মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি, বেলুন ও ফেস্টুন উড্ডয়ন, হাত ধোয়ার সঠিক পদ্ধতির প্রদর্শনী এবং আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, নিয়ম মেনে সাবান দিয়ে হাত ধোয়া কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতার অংশ নয়, বরং ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানোর একটি কার্যকর উপায়। যদি দৈনন্দিন জীবনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা যায়, তবে রোগবালাই প্রতিরোধের পাশাপাশি সুস্থ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করা সম্ভব।
বক্তারা আরও বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার শিক্ষা প্রদান করা প্রয়োজন। খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা বা জীবাণুর সংস্পর্শে আসার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা সৃষ্টি ও নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শিত হয়। এর মাধ্যমে শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
আরও পড়ুন: জীববৈচিত্র্য রক্ষায় প্রযুক্তি হস্তান্তর চায় বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন