ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জীববৈচিত্র্য রক্ষায় প্রযুক্তি হস্তান্তর চায় বাংলাদেশ


জীববৈচিত্র্য রক্ষায় প্রযুক্তি হস্তান্তর চায় বাংলাদেশ

জীববৈচিত্র্য সংরক্ষণে উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজলভ্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আর্মেনিয়ার ইয়েরেভানে সিবিডি কপ-১৭ এর উচ্চপর্যায়ের অধিবেশনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম এই আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, দেশের স্থলভাগ, অভ্যন্তরীণ জলাশয় এবং উপকূলীয় ও সামুদ্রিক বাস্তুতন্ত্র প্রায় ১৪ হাজার বৈচিত্র্যময় প্রজাতিকে ধারণ করে। তবে জলবায়ু পরিবর্তন, আবাসস্থলের অবক্ষয় এবং প্রাকৃতিক সম্পদের ওপর ক্রমবর্ধমান চাপ জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে।

আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জীববৈচিত্র্যের ক্ষয়, ম্যানগ্রোভ ও জলাভূমির অবক্ষয় সামাজিক ও পরিবেশগত ঝুঁকি বাড়াচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও স্থানীয় জনগোষ্ঠীও এসব সংকটের মুখোমুখি হচ্ছে।

ড. ফাহমিদা খানম জানান, কুনমিং-মন্ট্রিয়েল বৈশ্বিক জীববৈচিত্র্য কাঠামো বাস্তবায়নে সরকারের সব অংশ ও সমাজের সব স্তরের অংশগ্রহণকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ।

এ কাঠামোর আলোকে বাংলাদেশ ২৩টি জাতীয় লক্ষ্যমাত্রা জমা দিয়েছে, যার আওতায় রয়েছে ১০৭টি কার্যক্রম। জীববৈচিত্র্যকে বিবেচনায় রেখে পরিকল্পনা প্রণয়ন, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, সংরক্ষিত এলাকা ও অন্যান্য কার্যকর এলাকাভিত্তিক সংরক্ষণ ব্যবস্থার সম্প্রসারণ এবং আগ্রাসী বিদেশি প্রজাতি শনাক্তকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বাস্তুতন্ত্রভিত্তিক পদ্ধতিতে ২০৩১ সালের মধ্যে ২৫ কোটি নতুন গাছ লাগানো ও পরিচর্যার উদ্যোগ বর্তমান সরকারের একটি উল্লেখযোগ্য কর্মসূচি। এ উদ্যোগ জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জলবায়ু এবং মানুষের কল্যাণে অবদান রাখবে। জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে জলবায়ু সহনশীলতা, ভূমির অবক্ষয় রোধ, খাদ্যনিরাপত্তা ও টেকসই উন্নয়নের নিবিড় সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: বাংলাদেশ ও জাপানের মধ্যে চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই

বিবৃতিতে বলা হয়, ২০২৩ সাল থেকে নাগোয়া প্রটোকল বাস্তবায়নের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো ও সরকারি সমন্বয়ব্যবস্থা পর্যালোচনা ও পুনর্বিন্যাস করছে। জিনগত সম্পদসংক্রান্ত ডিজিটাল সিকোয়েন্স তথ্য (ডিএসআই) ও সিনথেটিক বায়োলজিসংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়ন এবং জাতীয় জীববৈচিত্র্য কৌশল ও কর্মপরিকল্পনার পরিবীক্ষণে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি জরুরি। এ ক্ষেত্রে অভ্যন্তরীণ অর্থায়নের সীমাবদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিপর্যায়ে সক্ষমতার ঘাটতি বড় চ্যালেঞ্জ।

জীববৈচিত্র্য সনদের ২০ ও ২১ অনুচ্ছেদের আলোকে উন্নত দেশগুলোর প্রতি অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ। বিশেষভাবে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিপর্যায়ে সক্ষমতা বৃদ্ধি, বৈজ্ঞানিক তথ্য উৎপাদন, পরিবীক্ষণ কাঠামো বাস্তবায়ন, দেশীয় প্রজাতি সংরক্ষণ এবং উন্নয়ন কর্মকাণ্ডের মূলধারায় জীববৈচিত্র্যকে অন্তর্ভুক্ত করার জন্য সহায়তা চাওয়া হয়। এ অর্থায়ন সহজ প্রক্রিয়ায় প্রাপ্তিযোগ্য এবং সংশ্লিষ্ট দেশের মালিকানা নিশ্চিত করে পরিচালিত হওয়া প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ আঞ্চলিক ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক উদ্যোগ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য অর্থায়নের ওপরও গুরুত্ব দেয়। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, ভূমির অবক্ষয় রোধ ও জলবায়ু কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং বহুপক্ষীয় পরিবেশ চুক্তিগুলোর পরিবীক্ষণ ও প্রতিবেদন ব্যবস্থায় সামঞ্জস্য প্রতিষ্ঠার আহ্বান জানায়।

ড. ফাহমিদা খানম বলেন, ২০৫০ সালের মধ্যে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের অভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ইয়েরেভান সম্মেলন প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে উত্তরণের একটি কার্যকর মাইলফলক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান মানিকগঞ্জের ডিসির

সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবাদপত্রের মালিক পেয়ার মিয়াঁকে ১০ দফা যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


সংবাদপত্রের মালিক পেয়ার মিয়াঁকে ১০ দফা যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের একটি আদালত পাঁচ শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে এক সংবাদপত্রের মালিককে ১০ দফায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। ৭৮ বছর বয়সী পেয়ার মিয়াঁ নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ৭৭ লাখ ৬৪ হাজার রুপি জরিমানা আরোপ করা হয়েছে। তার সহযোগী রাবিয়া বিবিকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার মধ্যপ্রদেশের ভোপালের বিশেষ পকসো আদালতের বিচারক কুমুদিনী সিং এ রায় প্রদান করেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাবালিকাদের যৌন নিপীড়নের সাথে সংশ্লিষ্ট আরও কয়েকটি মামলায় পেয়ার মিয়াঁর সহযোগী ও ব্যবস্থাপক ওবায়েসকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। অন্য সহযোগী সুইটি বিশ্বকর্মার ২০ বছরের কারাদণ্ড হয়েছে। ভুক্তভোগীদের গর্ভপাত করাতে সহায়তার অভিযোগে চিকিৎসক হেমন্ত মিত্তলকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।

পেয়ার মিয়াঁকে ৮টি দণ্ডে মৃত্যুর আগ পর্যন্ত কারাগারে থাকার নির্দেশ দেয়া হয়েছে, বাকি দুটি দণ্ড যাবজ্জীবন। নাবালিকাদের যৌন নিপীড়নের একই ধরনের ঘটনায় এর আগে আরও চারটি মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন। প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে অসহায় অবস্থায় থাকা মেয়েদের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতেন পেয়ার মিয়াঁ। গৃহকর্মীর কাজ ও মাসে ১০ হাজার রুপি বেতনের প্রলোভন দেখিয়ে তাদের কাছে টানা হতো। তার সহযোগী রাবিয়া বিবি শিশুদের পেয়ার মিয়াঁর কাছে নিয়ে যেতেন। পরে বিভিন্ন সময়ে ও স্থানে তাদের যৌন নির্যাতন করা হতো বলে রাষ্ট্রপক্ষের অভিযোগ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পি এন সিং রাজপুত জানান, ভুক্তভোগীদের পরিবারের আস্থা অর্জনের জন্য পেয়ার মিয়াঁকে বাবা বলে ডাকতে বলতেন তিনি। পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে তাদের বাড়িতে যেতেন এবং ধর্মীয় ও পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতেন। জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নেয়া মামলাটির সূত্রপাত ২০২০ সালের ১১ জুলাই। ওই দিন ভোপালের রাতিবাদ এলাকায় কয়েকজন মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় পুলিশ পায়।

পরবর্তীতে কাউন্সেলিংয়ের সময় তারা জানায়, জন্মদিন উদ্‌যাপনের কথা বলে তাদের দুই দিনের জন্য একটি ফ্ল্যাটে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে তাদের মদ পান করানো হয় এবং পরে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করে তারা। পরে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে মদের বোতলসহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের নয় দিন পর শ্রীনগর থেকে পেয়ার মিয়াঁকে গ্রেপ্তার করা হয়।

যৌন অপরাধের মামলার বাইরেও পেয়ার মিয়াঁ ও তার পরিবারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করে পরে স্থানীয় ভাষার একটি দৈনিক পত্রিকার মালিক হন পেয়ার মিয়াঁ। ভোপালের বুঢ়ওয়ারা এলাকার হাতিখানা অঞ্চলে তাকে সরকারি বাসভবন বরাদ্দ দেয়া হয়েছিল। এ ছাড়া অন্য সম্পত্তি অবৈধভাবে দখলে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত তাদের বন্ধুত্ব প্রমাণ করবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত তাদের বন্ধুত্ব প্রমাণ করবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে যে, তারা বাংলাদেশের সরকারের পাশাপাশি ২০ কোটি জনগণেরও বন্ধু। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আজ এ প্রত্যাশার কথা জানিয়েছেন।

তিনি বুধবার (২৮ অক্টোবর) রংপুর নগরীর ডিসির মোড় এলাকায় শ্যামাসুন্দরী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন।

ফরহাদ হোসেন আজাদ উল্লেখ করেন, ‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা শুধু বাংলাদেশের সরকারের নয়, ২০ কোটি জনগণের বন্ধু। গত ১৭ বছর ধরে জনগণের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রতিবেশী দেশের কর্মকাণ্ডে অস্পষ্টতা তৈরি হয়েছে। আমরা আশা করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে যেভাবে ফারাক্কা চুক্তি করেছিলেন, ১২ ডিসেম্বরের পর সেভাবেই চুক্তি নবায়ন হবে।’

তিনি আরও বলেন, ‘ফারাক্কা চুক্তি নিয়ে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে একটি টিম গত জুনে কলকাতায় মিটিং করেছে। আমরা এ বিষয়ে দেশে উচ্চক্ষমতাসম্পন্ন একটি টিম গঠন করেছি। ভারতের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করা হচ্ছে। ভারতীয় রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সময় আমরা বাংলাদেশের পক্ষ থেকে ক্লিয়ার মেসেজ দিয়েছি।’

তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমরা খুব শিগগিরই ডিপিপি তৈরি করবো। এ ছাড়া চীন, নেদারল্যান্ড, মালয়েশিয়া থেকে পরামর্শকদের মতামত নেওয়া হবে। আমরা তিস্তা মহাপরিকল্পনা এমনভাবে বাস্তবায়ন করতে চাই যেন দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা মানুষ শত বছর ধরে এর সুফল পায়।’

রংপুর নগরীর শ্যামাসুন্দরী খালের উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিভাগীয় শহরের খাল, নদী, জলাশয়ের উন্নয়নে নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে আমরা খাল, নদী, জলাশয় খনন ও পুনঃখনন করছি। সেগুলো যেন প্রাণ ফিরে পায় এবং শহরকে দূষণমুক্ত রাখা যায়, সেই চেষ্টা করে যাচ্ছি।’

তিনি জানান, ‘শ্যামাসুন্দরী খালের উন্নয়নে ১৪ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড ও সিটি কর্পোরেশন কাজ করছে। বর্তমানে প্রকল্পটির প্রায় ১৮ ভাগ কাজ শেষ হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে বাকি ৮২ ভাগ কাজ সম্পন্ন হবে। আমি এ খালের উন্নয়ন কার্যক্রম তদারকি করছি।’

খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে পদক্ষেপের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘শ্যামাসুন্দরী খালের পাশে যাদের ঘরবাড়ি রয়েছে তারা রাতে খালে ময়লা-আবর্জনা ফেলেন। এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি করা হবে এবং প্রয়োজনে সিসিটিভি স্থাপন করে মনিটরিং করা হবে। যারা খালে ময়লা-আবর্জনা ফেলবেন তাদের জরিমানার আওতায় আনা হবে। আমরা শ্যামাসুন্দরী খালের উভয় পাশের হাঁটা-চলার রাস্তা নির্মাণের পরিকল্পনা করেছি। আমার ক্লিয়ার মেসেজ হচ্ছে, শ্যামাসুন্দরী খালের উন্নয়নের পথে বাধা আসলে কোনো ব্যক্তি, দল, মত, ধর্মকে দেখা হবে না। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সেই ব্যক্তি যতই শক্তিশালী হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে নগরবাসী সহযোগিতা করবে বলে আমি প্রত্যাশা করছি।’

প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল ইসলাম, যুবদল কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল আলম নাজুসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলটনের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলটনের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিলটনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমবেত হন। পরে বিকেল ৫টার দিকে যুবনেতা মতিউর রহমান মিলটনের নেতৃত্বে ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভালুকা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

পরে তারেক উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে এবং রকিবুল হাসান খান রাসেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভালুকার সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল,সাখাওয়াত হোসেন পাঠান,যুবদল নেতা মতিউর রহমান মিলটন ও তাজমুল হক মণ্ডলসহ অন্যান্য নেতারা।

আলোচনা সভা শেষে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে সামনে রেখে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে ঘিরে ভালুকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের নির্বাচনে স্পষ্ট বার্তা দিল ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


ইসরাইলের নির্বাচনে স্পষ্ট বার্তা দিল ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো আজ বুধবার (২৮ অক্টোবর) স্পষ্টভাবে জানিয়েছেন যে, ইসরাইলের নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন, ফিলিস্তিন ও ইসরাইলকে পাশাপাশি দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখার নীতি থেকে ফ্রান্স সরে আসবে।

তিনি ফরাসি চ্যানেল ‘ফ্রান্স ২’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার ক্ষমতায় ফিরুন কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকট জয়ী হন—ফ্রান্সের পররাষ্ট্রনীতি একই থাকবে। বারো জানান, ফ্রান্সের মূল লক্ষ্য দুটি। প্রথমত, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা। আর দ্বিতীয়ত, পারস্পরিক সম্মান ও শান্তির ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন ও ইসরাইল—এই দুটি আলাদা রাষ্ট্র গড়ে তোলা।

গত বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইসরাইলের সঙ্গে ফ্রান্সের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি, ফ্রান্স অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরাইলি বসতিগুলোর তৈরি পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

ইসরাইলের নির্বাচনে এখন পর্যন্ত মোট ভোটের অর্ধেক গণনা শেষ হয়েছে, তবে কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ ব্যাপারে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, ইসরাইলের জনগণ যে সরকারকেই বেছে নেবে, তাদের মেনে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানাতে হবে।

সূত্র: আল-আরাবিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%