১০:২৬ পি.এম
মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি নিরাপদ সড়ক গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত কাজের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব বিষয় আলোচনা করা হয়। ‘নিরাপদ সড়ক সবার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মানিকগঞ্জ সার্কেল যৌথভাবে সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিআরটিএর সহকারী পরিচালক (প্রকৌশল) মাহবুব কামাল, জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন, মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নুর অতএব আহমেদ, গোলড়া হাইওয়ে থানার প্রতিনিধি দেওয়ান কউসিক আহমেদ, বিআরটিসি উথুলী প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপক ইবাদুল ইসলাম, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন এবং শ্রমিক নেতা আবুল বাসার।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাভাবিপ্রবি উপাচার্য
আলোচনা সভায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর পাশাপাশি পথচারীদের সচেতন হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক, চালক এবং পথচারীসহ সকলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।
এর আগে, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে একটি রোডশোর আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন