১০:২৮ পি.এম
রাজশাহীর পবা-মোহনপুর আসনের এমপি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, মাদক কারবারি যতই প্রভাবশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি মাদকের চেয়ে দুর্নীতিকে সমাজের বড় ব্যাধি হিসেবে উল্লেখ করে সততার সঙ্গে কাজ করার মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর আহŸান জানান।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
মাদকের ভয়াবহতা তুলে ধরে এমপি মিলন বলেন, মাদকের কারণে সন্তান কর্তৃক মা-বাবাকে হত্যার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটছে। সম্প্রতি মোহনপুরেও এমন একটি ঘটনা ঘটেছে। তিনি জানান, গত সংসদ অধিবেশনে এ বিষয়ে একটি কঠোর আইন পাস করা হয়েছে। নতুন আইনে অপরাধীরা যেন সহজে জামিন না পায়, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাজার মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানার বিধান রাখা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বর্তমানে অনেকটা অসহায় অবস্থায় রয়েছে এবং ইতোমধ্যে দু'বার তাদের পোশাক পরিবর্তন করা হয়েছে। তবে শুধু পোশাক পরিবর্তন করলেই হবে না, কাজের ও মানসিকতারও পরিবর্তন করতে হবে। পুলিশ ছাড়া রাষ্ট্র চলতে পারে না উল্লেখ করে তিনি পুলিশ সদস্যদের মানসিকভাবে পরিবর্তন এনে দেশসেবায় আত্মনিয়োগ করার আহŸান জানান।
সাম্প্রতিক সময়ে আলোচিত ‘ম্যাগনেট গ্রুপ’ প্রসঙ্গে তিনি বলেন, তারা চোরাই পথে দেশত্যাগ করেনি, বরং সরকারিভাবেই চার্টার্ড বিমানে করে সদিচ্ছায় দেশ ছেড়েছে। এ বিষয়ে ফেসবুকে ছড়ানো অপপ্রচারে কান না দেওয়ার আহŸান জানিয়ে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতেই চলবে।
ফসলি জমিতে পুকুর খননের তীব্র বিরোধিতা করে এমপি বলেন, কৃষিজমি নষ্ট করে কোনোভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। যেসব জমিতে ইতোমধ্যে পুকুর কাটা হয়েছে, আইনের মাধ্যমে সেগুলোর শ্রেণি পরিবর্তনের নির্দেশ দেন তিনি। অবৈধ পুকুর খনন বন্ধ হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে জানিয়ে তিনি বিদ্যমান পুকুরগুলো সংস্কারের ওপর জোর দেন। এ সময় তিনি উল্লেখ করেন, পুকুর খননকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
আইনশৃঙ্খলা সভার পর একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। পরে এমপি মিলন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা
এছাড়াও উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে এমপি বলেন, ফ্যামিলি কার্ড তৈরি একটি গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা আসতে পারে, অনেকেই হয়তো সহযোগিতা করতে চাইবেন না কিংবা অতীতে ফ্যামিলি কার্ড নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করতে পারেন। তাই ভোটার আইডি কার্ড দেখে সব তথ্য নিখুঁতভাবে লিপিবদ্ধ করার জন্য তিনি তথ্যসংগ্রহকারীদের নির্দেশ দেন। এসময় তিনি মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারীদের মাঝে সরকারি ট্যাব বিতরণ করেন।
অনুষ্ঠানে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রায়, অতিরিক্ত কৃষি অফিসার মমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহম্মেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা আরজুমান্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম এবং সমবায় অফিসার আনিছা দেলোয়ারা আঞ্জু উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন