১০:৩৮ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিলটনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমবেত হন। পরে বিকেল ৫টার দিকে যুবনেতা মতিউর রহমান মিলটনের নেতৃত্বে ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভালুকা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
পরে তারেক উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে এবং রকিবুল হাসান খান রাসেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভালুকার সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল,সাখাওয়াত হোসেন পাঠান,যুবদল নেতা মতিউর রহমান মিলটন ও তাজমুল হক মণ্ডলসহ অন্যান্য নেতারা।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে সামনে রেখে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে ঘিরে ভালুকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন