০১:০৩ এম
আরও একবার রিয়াল মাদ্রিদ ডাগআউটে ফিরলেন 'দ্য স্পেশাল ওয়ান'খ্যাত হোসে মরিনহো।
গুঞ্জনটি আগে থেকেই শোনা যাচ্ছিল এবং এখন তা বাস্তব হলো। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। পুরো ফুটবল বিশ্ব যখন বিশ্বকাপের মধ্যে বুঁদ হয়ে রয়েছে, ঠিক তখনই আনুষ্ঠানিক ঘোষণা দিল রিয়াল মাদ্রিদ।
আজ (১১ জুন) এক বিবৃতিতে মরিনহোকে ৩ বছরের জন্য কোচ হিসেবে ঘোষণা করেছে রিয়াল। চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের ডাগআউট সামলাবেন এই পর্তুগিজ মাস্টারমাইন্ড।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে
ক্লাবের পক্ষ থেকে জানা গেছে, আগামী ১৩ জুলাই থেকে রিয়াল মাদ্রিদের নতুন মৌসুমের প্রাক-প্রস্তুতি কিংবা প্রি-সিজন ক্যাম্প শুরু হতে যাচ্ছে। আর সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে ক্লাবের দায়িত্ব গ্রহণ করে মাঠে নামবেন মরিনহো।
গত জানুয়ারি মাসে জাবি আলোনসোর আকস্মিক বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়া আলভারো আরবেলোয়ার অধীনে রিয়াল ছন্দ খুঁজে পায়নি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে ২-০ ব্যবধানে হেরে লা লিগার শিরোপা হাতছাড়া করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে সামগ্রিকভাবে ৬-৪ ব্যবধানে বিদায় নিয়েছে রিয়াল।
ক্লাবের এই সংকট দূর করতেই সাবেক রিয়াল কোচ মরিনহোকে ফিরিয়ে এনেছে রিয়াল। গত সেপ্টেম্বরে বেনফিকার দায়িত্ব নিয়ে দলটিকে পর্তুগিজ লিগে তৃতীয় স্থানে রেখে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন তিনি।
এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত ৩ বছর রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মরিনহো।
আরও পড়ুন: কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণহানি, শোক জানালেন মোদি ও মমতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন