০৯:২০ এম
দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ায় মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়ক বর্তমানে চলাচলের জন্য প্রায় অনুপযোগী হয়ে উঠেছে। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ, বড় বড় গর্ত এবং ক্রোকোডাইল ক্র্যাকের উপস্থিতির কারণে প্রতিদিন যাত্রীরা এবং যানবাহন চালকরা ভোগান্তিতে পড়ছেন। এর ফলে একদিকে যেমন যান চলাচলের গতি কমে গেছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১৪ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। বাস, ট্রাক সহ ভারী যানবাহনগুলো ধীরে এবং হেলেদুলে চলাচল করতে বাধ্য হচ্ছে। ছোট যানবাহনের চালকরা গর্তগুলো এড়িয়ে চলার জন্য আঁকাবাঁকা পথে চলতে বাধ্য হচ্ছেন, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং যানবাহনের যন্ত্রাংশও দ্রুত নষ্ট হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে সড়কটির বড় ধরনের কোনো সংস্কার কার্যক্রম করা হয়নি। এর ফলস্বরূপ অন্তত অর্ধশতাধিক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। পুরো সড়কজুড়ে ক্রোকোডাইল ক্র্যাক ছড়িয়ে পড়েছে, যা সড়কের পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
সড়কে চলাচলকারী সিএনজি চালক রফিকুল ইসলাম জানান, প্রতিদিন এই সড়ক ব্যবহার করতে গিয়ে গাড়ির স্প্রিং, শক অ্যাবজরভার সহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। যাত্রীদেরও অনেক কষ্ট হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কারের প্রয়োজন।
মাহেন্দ্র চালক শহিদুল শেখ জানান, গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। অনেক জায়গায় গাড়ি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়ে আমরা নিজেদের খরচে কিছু গর্তে ইট এবং খোয়া ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি।
শ্রীপুরের বাসিন্দা আব্দুল করিম মোল্যা বলেন, এটি জেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। দ্রুত সংস্কার না করলে মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধি পাবে।
সড়ক ব্যবহারকারী সালমা খাতুন বলেন, সড়কের কারণে যাতায়াতে সময় বেশি লাগছে। বিশেষ করে অসুস্থ রোগী এবং শিক্ষার্থীদের বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
এ বিষয়ে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইলিয়াস ফারুক জানিয়েছেন, মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন