ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গোপালগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ


গোপালগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

জেলার টুঙ্গিপাড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে ১ হাজার ৩০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে ১ এ সব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

আজ রোববার বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৭০০ জন কৃষকের মাঝে বিএডিসি ও হর্টিকালচার সেন্টার কর্তৃক সরবরাহকৃত উফশী আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

এছাড়া ৬০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, রাসায়নিক সার, জৈব সার (গোবর সার), সবজি চাষের জন্য প্রয়োজনীয় বাঁশের খুঁটি এবং বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২ হাজার ৪০০টি ফলজ ও ওষুধি চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বাসস’কে জানান, ‘সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।’ তিনি কৃষকদের উপকরণগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম বাসস’কে জানান, ‘সরকারের এই কৃষিবান্ধব কর্মসূচির ফলে কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন। মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক কারিগরি সহায়তা দিতে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী, উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তিনটি উদ্যোগ: যে ধাক্কা যে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তিনটি উদ্যোগ: যে ধাক্কা যে সতর্কবার্তা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নাম বগুড়ার রাজনীতিতে তিনটি বিষয়কে ঘিরে ব্যাপকভাবে আলোচনায় এসেছে। প্রথমত, তাঁর পরিবারের নামের সঙ্গে মিল রেখে তিনটি ইউনিয়নের নামকরণ এবং পরে সেই নাম বাতিলের সরকারি নির্দেশ। দ্বিতীয়ত, বগুড়া–সিরাজগঞ্জ রেলপথের রুট পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান। তৃতীয়ত, মোকামতলাকে পৌরসভা করার উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি থেমে যাওয়া।

পর্যবেক্ষকরা প্রশ্ন তুলেছেন, ঘটনা তিনটি ভিন্ন ভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার বিষয় হলেও স্থানীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—এগুলো কি কেবল বিচ্ছিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি একই সময়ের রাজনৈতিক বার্তার অংশ? প্রথমত, নবগঠিত মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নাম নিয়ে বিতর্ক একটি বিষয়। নবগঠিত মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নাম রাখা হয় 'সীমান্ত' ও 'দিগন্ত'। একই সময়ে শিবগঞ্জের একটি ইউনিয়নের নাম রাখা হয় 'মীরবাড়ি'। অভিযোগ ওঠে, 'সীমান্ত' ও 'দিগন্ত' প্রতিমন্ত্রীর দুই ছেলের নাম এবং 'মীরবাড়ি' তাঁর পৈতৃক বাড়ির নামের সঙ্গে মিলে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম, জাতীয় গণমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে।

এই বিতর্কের প্রেক্ষিতে সংসদে তিনি দাবি করেন, নামগুলো স্থানীয় গণশুনানি ও প্রচলিত বিধি অনুসরণ করেই নির্ধারণ করা হয়েছে। তবে বিতর্ক বেড়ে গেলে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় এবং জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ওই তিন বিতর্কিত ইউনিয়নের নাম পরিবর্তনের কার্যক্রম প্রায় সম্পন্ন করেছে বলে তথ্য পাওয়া গেছে।

দ্বিতীয়ত, বহুল প্রতীক্ষিত বগুড়া–সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পে প্রতিমন্ত্রী রুট পরিবর্তনের জন্য রেল মন্ত্রণালয়ে একটি লিখিত প্রস্তাব দেন। তাঁর দেয়া প্রস্তাবনায় ছিল, প্রকল্পের আওতায় রেললাইন বগুড়া শহরে প্রবেশ না করে রানীরহাট থেকে গাবতলীর দিকে নেওয়া যেতে পারে; তাহলে বগুড়া নগরীর যানজট সমস্যার স্থায়ী ও সহজ সমাধান মিলবে। তবে রেল মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করে শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত রুটই বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে প্রতিমন্ত্রীর এই প্রস্তাবও কার্যকর হয়নি। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পের ব্যয়, সময় এবং পূর্ব অনুমোদিত নকশা পরিবর্তনের জটিলতাও এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

তৃতীয়ত, নতুন গঠিত মোকামতলা উপজেলা করার উদ্যোগটির দৃশ্যমান অগ্রগতি থাকলেও একই এলাকার পৌরসভা প্রতিষ্ঠার উদ্যোগে এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা দীর্ঘদিন ধরে পৌরসভা ঘোষণার প্রত্যাশা করলেও চূড়ান্ত গেজেট বা সরকারি ঘোষণা এখনো প্রকাশিত হয়নি। এই তিনটি ঘটনায় বিতর্কের পর সরকারি হস্তক্ষেপে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দুটি ক্ষেত্রে প্রতিমন্ত্রীর প্রত্যাশিত সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।

বিষয়গুলো নিয়ে বগুড়া বিএনপির বিভিন্ন স্তরের সঙ্গে যোগাযোগ করা হলে কেউই মিডিয়ায় স্বনামে কথা বলতে রাজী হননি। তবে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের সাথে ঘনিষ্ঠতার সূত্রে যেভাবে উচ্চাকাঙ্ষি বা উচ্চাভিলাষী হয়ে উঠেছিলেন, সেখানে তিনি এক বড় ধাক্কা খেয়ে নিজেকে সংযত থাকার সতর্কবার্তা পেয়েছেন বলে মনে করেন। তারা আরও মনে করেন, সতর্কবার্তাটি এসেছে খোদ প্রধানমন্ত্রীর তরফ থেকেই। মেসেজটি যদি প্রতিমন্ত্রী মীর শাহে আলম অনুধাবন করেন, তাহলে সেটা হবে তার পরিবার, তার নিজের, নিজের এলাকার এবং বগুড়া বিএনপির প্রতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

লিওনেল মেসি মাঠে নামলেই নতুন নতুন রেকর্ডের পাতায় নাম লেখাচ্ছেন। জর্ডানের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে নেমে তিনি একটি চমৎকার ফ্রি কিকে গোল করেন। এই গোলের মাধ্যমে লিওনেল মেসি বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার প্রথম ফুটবলার হলেন। তিনি দেশের হয়ে বিশ্বকাপ জয়ের জন্য সর্বোচ্চ উজার করে খেলছেন।

অন্যদিকে, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে চলেছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তীব্র সমালোচনার মুখে পড়ার পর তিনি উজবেকিস্তানের বিরুদ্ধে আবারও ঘুরে দাঁড়িয়েছেন।

মেসি ও রোনালদোর মধ্যে সর্বকালের সেরা ফুটবলার কে, এ নিয়ে প্রায়ই আলোচনা-সমালোচনা হয়ে থাকে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এমন প্রশ্নের মুখোমুখি হন। তার দৃষ্টিতে মেসি বা রোনালদো নয়, বরং সর্বকালের সেরা ফুটবলার হলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে।

ফিফা বিশ্বকাপের ফাইনালে ট্রাম্পের উপস্থিত থাকার কথা রয়েছে। তাকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার বিষয়টিও চূড়ান্তভাবে ঠিক হয়েছে।

সর্বকালের সেরা ফুটবলার নিয়ে বিতর্কের সময় সাধারণত মেসি ও রোনালদোর নাম উঠে আসে, কিন্তু ট্রাম্পের উত্তর ছিল ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট এক সাক্ষাৎকারে বলেন, তিনি সরাসরি পেলের খেলা দেখার পরে নিশ্চিত হন যে, পেলে সর্বকালের সেরা ফুটবলার।

বিশ্বের বৃহত্তম ও জনপ্রিয় লাইভ স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম (ডিএজেডএন)-এর সঙ্গে আলাপকালে ট্রাম্প উল্লেখ করেন, বহু বছর আগে, যখন তিনি তরুণ ছিলেন, তখন পেলে নামের একটি ফুটবলারকে খেলতে দেখা যায়। তিনি 'কসমস' দলের হয়ে খেলতেন। তার বন্ধু স্টিভ রস, যিনি ওয়ার্নার কমিউনিকেশনসের সাবেক সিইও ছিলেন, তিনিই এই ব্যাপারে মূল ভূমিকা পালন করেছিলেন।

ট্রাম্প আরও বলেন, ওই জায়গাটি (মেটলাইফ স্টেডিয়াম) কানায় কানায় পূর্ণ ছিল। এটি ওই স্টেডিয়ামের আগের একটি সংস্করণ ছিল। তবে ঠিক এই মেডোল্যান্ডস এলাকায় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে ছিলেন পেলে। তিনি বলেন, "আমি নিজের বয়সের কথা প্রকাশ করতে চাই না, কিন্তু এটি অনেক আগের কথা।"

ট্রাম্প বলেন, তিনি তখন তরুণ ছিলেন এবং পেলের খেলা দেখতে এসেছিলেন, পেলে অসাধারণ খেলেছেন। তিনি বলেন, "হয়তো আমি একটু সেকেলে বা পুরনো ধাঁচের কথাই বলছি—যা বেব রুথের ক্ষেত্রে বলা হয়; তবে আমি বলব পেলে সত্যিই অসাধারণ ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবিলম্বে ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি শুরু করবে কঙ্গো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


অবিলম্বে ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি শুরু করবে কঙ্গো

বিশ্বকাপে অভিষেকেই নকআউট পর্বে জায়গা করে নিয়ে চমক দেখিয়েছে ডিআর কঙ্গো।

এবার সেই সাফল্য ধরে রাখতে, তারা দ্রুতই পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু করার ঘোষণা দিয়েছেন দলটির কোচ সেবাস্টিয়ান দাসাবরাহ।

আটলান্টায় বাংলাদেশ সময় বুধবার রাত ১০টায় নকআউট পর্বে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে কঙ্গো। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে, কোচ গ্রুপ পর্বের উচ্ছ্বাসে না ভেসে, দ্রুত প্রস্তুতিতে ফেরার কথা জানিয়েছেন।

দাসাবরাহ বলেন, ‘আমরা অবিলম্বে ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি শুরু করব। আমাদের স্কোয়াডে এমন কয়েকজন খেলোয়াড় আছে যারা ইংলিশ লিগে খেলে। তারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা দিতে পারবে।’

গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স করে নকআউটে উঠেছে কঙ্গো। টুর্নামেন্টের শুরুতে পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আত্মবিশ্বাসী সূচনা করে তারা। δεύτε ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারলেও, শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়ে ‘সেরা তৃতীয় দল’ হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আফ্রিকান দলটি।

নকআউটে এবার তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা গ্রুপ ‘এল’ থেকে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডে উঠেছে। দীর্ঘদিন বিশ্বকাপে শিরোপার খরা কাটাতে না পারা ইংল্যান্ড এবার টমাস টুখেলের অধীনে শক্তিশালী দল হিসেবেই বিবেচিত হচ্ছে।

তবে কঙ্গো শিবিরে ভরসা তাদের আক্রমণভাগে। দলের ফরোয়ার্ড ইয়োয়ান উইসা ইতিমধ্যে তিন গোল করেছেন, যার মধ্যে উজবেকিস্তানের বিপক্ষে এসেছে জোড়া গোল। ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে খেলা এই ফরোয়ার্ড ছাড়াও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা দলে আছেন। তারা ইংলিশ ফুটবলের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন বলে মনে করছেন কোচ।

দাসাবরাহ আরও বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউজিসির সমঝোতা স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


বাংলাদেশ ও চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউজিসির সমঝোতা স্বাক্ষর

বাংলাদেশ এবং চীনের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতার আওতায় আগামী কয়েক বছরে প্রায় ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ভর্তির সুযোগ দিতে সম্মত হয়েছে তিয়ানজিন বিশ্ববিদ্যালয়।

রোববার চীনের তিয়ানজিনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সফরকালে এ সমঝোতা স্মারক সই হয়। ইউজিসির পক্ষ থেকে প্রতিনিধি দলে পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মিং দং। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন অধ্যাপক লিকিয়াং উপস্থিত ছিলেন।

বৈঠকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার বিস্তার, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের মানবসম্পদ গড়ে তুলতে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কার্যকর অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ সহযোগিতা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নতুন সুযোগ তৈরি করবে।

তিনি ইউজিসি ও তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের যৌথ অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে যৌথ শিক্ষা কার্যক্রম চালুর প্রস্তাব দেন। পাশাপাশি প্রকৌশল, বিজ্ঞান, প্রযুক্তি এবং মানবিকসহ অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলোতে বাংলাদেশের শিক্ষক ও গবেষকদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

চীনা ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট ও কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠার প্রস্তাবও দেন ইউজিসি চেয়ারম্যান। তিনি জানান, ইউজিসি দেশের প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা করছে। এ উদ্যোগ বাস্তবায়নে তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে দক্ষ শিক্ষক, পাঠ্যক্রম উন্নয়ন এবং একাডেমিক সহযোগিতা প্রত্যাশা করছে কমিশন।

এ ছাড়া বাংলাদেশে যৌথ গবেষণাগার স্থাপনের প্রস্তাব দিয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, এতে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি স্থানান্তর ও সক্ষমতা উন্নয়নের সুযোগ বাড়বে।

তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মিং দং বাংলাদেশের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিশ্ববিদ্যালয়ের আগ্রহের কথা জানান। বৈঠকে স্নাতকোত্তর শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক মোবিলিটি এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন অধ্যাপক লিকিয়াং জানান, বর্তমানে প্রায় ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে সেখানে অধ্যয়নের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়টি আগ্রহী।

সমঝোতা স্মারকে স্নাতকোত্তর শিক্ষা, যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণাগার স্থাপন, চীনা ভাষা শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার জন্য একটি বিস্তৃত কাঠামো নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ অংশীদারত্ব বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন, গবেষণার উৎকর্ষ এবং উদ্ভাবনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%