ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অবিলম্বে ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি শুরু করবে কঙ্গো


অবিলম্বে ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি শুরু করবে কঙ্গো

বিশ্বকাপে অভিষেকেই নকআউট পর্বে জায়গা করে নিয়ে চমক দেখিয়েছে ডিআর কঙ্গো।

এবার সেই সাফল্য ধরে রাখতে, তারা দ্রুতই পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু করার ঘোষণা দিয়েছেন দলটির কোচ সেবাস্টিয়ান দাসাবরাহ।

আটলান্টায় বাংলাদেশ সময় বুধবার রাত ১০টায় নকআউট পর্বে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে কঙ্গো। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে, কোচ গ্রুপ পর্বের উচ্ছ্বাসে না ভেসে, দ্রুত প্রস্তুতিতে ফেরার কথা জানিয়েছেন।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

দাসাবরাহ বলেন, ‘আমরা অবিলম্বে ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি শুরু করব। আমাদের স্কোয়াডে এমন কয়েকজন খেলোয়াড় আছে যারা ইংলিশ লিগে খেলে। তারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা দিতে পারবে।’

গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স করে নকআউটে উঠেছে কঙ্গো। টুর্নামেন্টের শুরুতে পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আত্মবিশ্বাসী সূচনা করে তারা। δεύτε ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারলেও, শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়ে ‘সেরা তৃতীয় দল’ হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আফ্রিকান দলটি।

নকআউটে এবার তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা গ্রুপ ‘এল’ থেকে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডে উঠেছে। দীর্ঘদিন বিশ্বকাপে শিরোপার খরা কাটাতে না পারা ইংল্যান্ড এবার টমাস টুখেলের অধীনে শক্তিশালী দল হিসেবেই বিবেচিত হচ্ছে।

তবে কঙ্গো শিবিরে ভরসা তাদের আক্রমণভাগে। দলের ফরোয়ার্ড ইয়োয়ান উইসা ইতিমধ্যে তিন গোল করেছেন, যার মধ্যে উজবেকিস্তানের বিপক্ষে এসেছে জোড়া গোল। ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে খেলা এই ফরোয়ার্ড ছাড়াও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা দলে আছেন। তারা ইংলিশ ফুটবলের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন বলে মনে করছেন কোচ।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

দাসাবরাহ আরও বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউজিসির সমঝোতা স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


বাংলাদেশ ও চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউজিসির সমঝোতা স্বাক্ষর

বাংলাদেশ এবং চীনের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতার আওতায় আগামী কয়েক বছরে প্রায় ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ভর্তির সুযোগ দিতে সম্মত হয়েছে তিয়ানজিন বিশ্ববিদ্যালয়।

রোববার চীনের তিয়ানজিনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সফরকালে এ সমঝোতা স্মারক সই হয়। ইউজিসির পক্ষ থেকে প্রতিনিধি দলে পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মিং দং। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন অধ্যাপক লিকিয়াং উপস্থিত ছিলেন।

বৈঠকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার বিস্তার, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের মানবসম্পদ গড়ে তুলতে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কার্যকর অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ সহযোগিতা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নতুন সুযোগ তৈরি করবে।

তিনি ইউজিসি ও তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের যৌথ অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে যৌথ শিক্ষা কার্যক্রম চালুর প্রস্তাব দেন। পাশাপাশি প্রকৌশল, বিজ্ঞান, প্রযুক্তি এবং মানবিকসহ অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলোতে বাংলাদেশের শিক্ষক ও গবেষকদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

চীনা ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট ও কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠার প্রস্তাবও দেন ইউজিসি চেয়ারম্যান। তিনি জানান, ইউজিসি দেশের প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা করছে। এ উদ্যোগ বাস্তবায়নে তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে দক্ষ শিক্ষক, পাঠ্যক্রম উন্নয়ন এবং একাডেমিক সহযোগিতা প্রত্যাশা করছে কমিশন।

এ ছাড়া বাংলাদেশে যৌথ গবেষণাগার স্থাপনের প্রস্তাব দিয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, এতে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি স্থানান্তর ও সক্ষমতা উন্নয়নের সুযোগ বাড়বে।

তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মিং দং বাংলাদেশের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিশ্ববিদ্যালয়ের আগ্রহের কথা জানান। বৈঠকে স্নাতকোত্তর শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক মোবিলিটি এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন অধ্যাপক লিকিয়াং জানান, বর্তমানে প্রায় ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে সেখানে অধ্যয়নের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়টি আগ্রহী।

সমঝোতা স্মারকে স্নাতকোত্তর শিক্ষা, যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণাগার স্থাপন, চীনা ভাষা শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার জন্য একটি বিস্তৃত কাঠামো নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ অংশীদারত্ব বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন, গবেষণার উৎকর্ষ এবং উদ্ভাবনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেফতার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলার পর তা অস্বীকার এবং ভুক্তভোগীকে হুমকি দেওয়ার অভিযোগে মাগুরা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) শম্পা বিশ্বাস নামে এক নারীর দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রিফাতুল ইসলাম রায়হান মাগুরা শহরের ভায়না গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শম্পা বিশ্বাস সন্তানকে নিয়ে শহরের কলেজপাড়া এলাকায় বসবাস করছিলেন। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে রায়হানের সঙ্গে তার পরিচয় হয়। এরপর রায়হান নিয়মিত তার বাসায় যাতায়াত শুরু করেন এবং বিয়ের আশ্বাস দিয়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বিয়ের বিষয়টি সামনে এলে রায়হান তা এড়িয়ে যেতে থাকেন। সর্বশেষ গত ২৫ মে বিয়ের কথা তুললে তিনি অস্বীকৃতি জানান এবং ভুক্তভোগীকে হুমকি দিয়ে বাসা থেকে চলে যান।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান বলেন, এটি ব্যক্তিগত বিষয় হলেও অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রায়হানকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে বিকল্প নৌপথ উত্তেজনা বাড়াবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


হরমুজে বিকল্প নৌপথ উত্তেজনা বাড়াবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মত হওয়া হরমুজ প্রণালীর নৌ-রুট এড়িয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের যেকোনো চেষ্টা মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা সৃষ্টি করবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে দিয়েছেন।

বাগদাদ থেকে এএফপি জানায়, তিনি রোববার ইরাকের রাজধানী বাগদাদ সফরকালে এ সতর্কবার্তা দেন। আরাকচি একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের আহ্বান জানান। এ সময় তেহরান ও ওয়াশিংটন একে অপরের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।

সংবাদ সম্মেলনে আব্বাস আরাকচি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান যে ব্যবস্থা বাস্তবায়ন করছে, তার বাইরে নতুন বা পৃথক কোনো ব্যবস্থা গ্রহণের চেষ্টা পরিস্থিতিকে আরো জটিল করবে, হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি চালু হতে বিলম্ব ঘটাবে এবং গত দুই রাতের মতো উত্তেজনা আরও বাড়িয়ে দেবে।’

যদিও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, শুক্রবারও কৌশলগত এই জলপথে ইরানের অনুমোদনহীন একটি বিকল্প রুট ব্যবহার করে বিভিন্ন জাহাজ চলাচল করেছে।

এর একদিন আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অভিযোগ করে, ওমান ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) তেহরানের সঙ্গে কোনো পরামর্শ না করেই নতুন নৌপথ ঘোষণা করেছে। একই সঙ্গে ওই রুট ব্যবহার না করতে জাহাজগুলোকে সতর্ক করে তারা।

আরাকচির এ মন্তব্যের আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালী অতিক্রমকারী একটি জাহাজে নতুন হামলার জবাবে শনিবার ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে।

এর পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায় তেহরান। সাম্প্রতিক এই সংঘর্ষ গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী সামরিক অভিযানের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে চলমান আলোচনাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

আরাকচি সংশ্লিষ্ট সব পক্ষকে ‘সমঝোতা স্মারক (এমওইউ) মেনে চলা এবং এটিকে তার নির্ধারিত পথ থেকে বিচ্যুত না হতে দেওয়ার’ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের এমন একটি নতুন কাঠামোতে পৌঁছতে হবে, যাতে এই অঞ্চলের সব দেশ থাকে এবং বাইরের কোনো দেশের উপস্থিতি বা হস্তক্ষেপ থাকবে না।’

ইরাকের উদ্যোগে উপসাগরীয় দেশগুলো, ইরান ও ইরাককে নিয়ে একটি বৈঠক আয়োজনের প্রস্তাবকেও স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধের শুরু থেকেই ইরাকও এই সংঘাতে জড়িয়ে পড়ে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় যুদ্ধের প্রথম দিন নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আগামী ৮ জুলাই রাষ্ট্রীয় শোকযাত্রার আয়োজন করবে ইরাক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে মাদরাসা ছাত্রীদের অভিনব উদ্ভাবনের খবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


টাঙ্গাইলে মাদরাসা ছাত্রীদের অভিনব উদ্ভাবনের খবর

অনেকেই মনে করেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থার সাথে আধুনিক শিক্ষা ব্যবস্থার তেমন মিল নেই। এখানে ইসলামিক শিক্ষাকেই বেশি গুরুত্ব দেয়া হয়ে থাকে। শিক্ষার্থীরাও তাদের মেধা বিকাশের খুব একটা সুযোগ পায় না। কিন্তু বাস্তবতা আসলে তা নয়। আর সেটাই প্রমাণ করেছে টাঙ্গাইলের কুরতুবী মাদরাসার আলিম শাখার ছাত্রীরা।

তারা উদ্ভাবন করেছে এমন একটি কলা- যা উৎপাদনের মাধ্যমে স্বাদ অপরিবর্তিত রেখে কলাকে অধিক প্রোটিন সমৃদ্ধ করা যাবে। এটি অপুষ্টি দূরীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ইচ্ছা, চেষ্টা আর সাধনা দিয়ে মাত্র এক মাসের গবেষণায় তারা এ সাফল্যের দেখা পেয়েছে।

কথা হয় এই অভিনব উদ্ভাবন দলের সদস্যদের সাথে। তারা হলেন কুরতুবী আলিম মাদরাসার প্রথম বর্ষের ছাত্রী ফাতেমাতুজ জহুরা, অনামিকা আলফি আমরি, মিফতাহুল জান্নাত মায়া, মেঘলা আক্তার ও ফারজানা আক্তার। দলের সদস্যরা জানান, এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো কলার ডিএনএ নিষ্কাশন করা এবং রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে প্রোটিন সমৃদ্ধ কলার একটি মডেল তৈরি করা। এ প্রজেক্টে মুসুর ডাল থেকে ডিএইচডিপিএস জিন নির্বাচন করা হয়েছে, যা লাইসিন সামৃদ্ধ প্রোটিন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ।

লাইসিন একটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, যা মানবদেহের বৃদ্ধি, টিস্যু গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিভিন্ন জৈবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ কলায় লাইসিনের পরিমাণ কম থাকায় জেনেটিক পরিবর্তনের মাধ্যমে এর পুষ্টিগুণ বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।

ছাত্রীরা জানান, চলতি বছরের মার্চ মাসে তারা জীববিজ্ঞান ল্যাব ক্লাসে ডিএনএ প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই তাদের মাথায় আসে নতুন প্রযুক্তি আবিস্কারের ধারণা। কোন চিন্তা-ভাবনা না করে তারা শুরু করে দেন গবেষণা। তাদের গাইড শিক্ষক আরিফুল ইসলামের তত্ত্বাবধানে চলতে থাকে গবেষণা। প্রবল আগ্রহ, কঠোর সাধনা শুরু হয়। এভাবে তাদের সময়ের বড় অংশ কাটতে থাকে গবেষণার কাজে। মাত্র এক মাসের মাথায়ই তারা সাফল্যের দেখা পান। গবেষণা শেষে তারা উদ্ভাবন করেন- স্বাদ অপরিবর্তিত রেখে কলাকে অধিক প্রোটিন সমৃদ্ধ করা সম্ভব। তারা এ প্রজেক্টের নাম দেয়, ‘প্রোটিন সমৃদ্ধ কলা তৈরির জন্য কলার ডিএনএ নিষ্কাশন ও রিকম্বিন্যান্ট ডিএনএ মডেল’।

এদিকে চলতি বছরের এপ্রিল মাসে টাঙ্গাইল সদর উপজেলা ও জেলা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত উপজেলা ও জেলা পর্যায়ে কুরতুবী আলিম মাদরাসার ছাত্রীদের এই নয়া উদ্ভাবন প্রথম স্থান অর্জন করে। পরে বিভাগীয় পর্যায়ে গিয়ে দ্বিতীয় হয়ে অংশগ্রহণ করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়। জাতীয় পর্যায়ে পুরস্কৃত হতে না পারলেও বিচারকসহ আমন্ত্রিত অতিথিদের ভূয়সী প্রশংসা পেয়েছে।

প্রজেক্টের উদ্দেশ্য সম্পর্কে ছাত্রীরা জানান, কলার ডিএনএ নিষ্কাশন করা, রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি সম্পর্কে ধারণা অর্জন করা, মুসুর ডালের ডিএইচডিপিএস জিন কলার ডিএনএ-তে সংযুক্ত করার মডেল তৈরি করা, লাইসিন সমৃদ্ধ ও প্রোটিনযুক্ত কলা উৎপাদনের ধারণা প্রদান করা, কলার স্বাদ ও গুণগত মান অপরিবর্তিত রাখা, অপুষ্টি দূরীকরণে জৈবপ্রযুক্তির ভূমিকা তুলে ধরা এবং কৃষি ও অর্থনীতিতে জেনেটিক পরিবর্তিত ফসলের গুরুত্ব ব্যাখ্যা করা।

এ প্রযুক্তি আবিস্কারের জন্য তারা কিছু উপকরণ বেছে নিয়েছেন। উল্লেখযোগ্য উপকরণগুলো হল, পাকা কলা, লবণ, গরম পানি, ডিশ ওয়াশিং লিকুইড, ব্লেন্ডার/চামচ, কফি ফিল্টার বা পাতলা কাপড়, টেস্ট টিউব/গ্লাস, ঠান্ডা অ্যালকোহল বা ইথানল এবং কাঠি বা টুথপিক।

আবিস্কৃত প্রযুক্তির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ছাত্রীরা জানান, বাণিজ্যিকভাবে প্রোটিন সমৃদ্ধ কলা উৎপাদন, অন্যান্য ভিটামিন ও খনিজ সমৃদ্ধ ফসল তৈরি, বৃহৎ পরিসরে গবেষণা ও চাষাবাদ এবং আন্তর্জাতিক পর্যায়ে জৈবপ্রযুক্তি গবেষণায় অংশগ্রহণ। তবে এর জন্য তাদের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এজন্য তাদের উন্নত ল্যাব সুবিধা প্রয়োজন। জেনেটিক পরিবর্তিত খাদ্য নিয়ে সামাজিক ও নৈতিক বিতর্ক থাকতে পারে। এছাড়া বাণিজ্যিক ব্যবহারের আগে দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

কুরতুবী আলিম মাদরাসার শিক্ষক আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জানার আগ্রহ অনেক বেশি। তাদের যদি একটু ধারণা দেয়া হয় তবে তারা ভালো কিছু করতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%